দেবহাটা সদর ক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল: সভাপতি মন্টু, সম্পাদক রওশন আলী
কে এম রেজাউল করিম, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা সদর ক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে আব্দুল হাবিব মন্টুকে সভাপতি এবং অধ্যাপক রওশন আলীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে দেবহাটা সরকারি হাইস্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ অপু। অধিবেশন উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু।
দেবহাটা সদর ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান (মিঠু), দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন, সুজনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টার, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সরকারি কেবিএ কলেজের প্রভাষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অধিবেশনে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। বক্তারা ক্লাবের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
পরে কাউন্সিলের মাধ্যমে ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। অধিবেশনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।












