শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনও পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনও পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। পুলিশসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের যেকোনও ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে সম্পূর্ণ বদ্ধপরিকর।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের শয্যাপাশে যান, তাদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি আহতদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। মন্ত্রী আহত সদস্যদের সাহস জোগান, তাদের দায়িত্ববোধের প্রশংসা করেন এবং ঘোষণা দেন যে, তাদের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।

সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক নাশকতায় পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত ও গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় আঘাত (হেড ইনজুরি) রয়েছে, আবার কারও হাড় ভেঙে গেছে (ফ্র্যাকচার)। ইতোমধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে বেশকিছু সদস্যকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারত্ব ও ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, চাকরিতে নিয়োগের সময় সদস্যরা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা গুরুতর আহত হওয়া সত্ত্বেও অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনও শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনও ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে সর্বত্র প্রশংসিত হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনও পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে। শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিক ভাই-বোনেরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং অত্যন্ত সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করার অপচেষ্টাকারীরা দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল বা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে, যা কখনোই সফল হবে না।

সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের কতিপয় ব্যক্তির বাংলাদেশ সংক্রান্ত মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে তা দেখার বিষয় নয়, তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনও ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। এছাড়া, ভিনদেশি কোনও ব্যক্তির অপ্রাসঙ্গিক, অপাঙ্ক্তেয় ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি উল্লেখ করেন।

হাসপাতাল পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ অফিসারদের যথাযথ ক্যারিয়ার প্ল্যানিংয়ের নির্দেশ দেন। তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও সেবার মান বৃদ্ধিতে গৃহীত প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। যেহেতু পুলিশ সদস্যদের চিকিৎসার মূল অংশ আঘাতজনিত, তাই হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি এবং এ সংক্রান্ত বিশেষায়িত সেবার (স্পেশালাইজেশন) ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিক্সের পাশাপাশি নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরলে মন্ত্রী বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেন এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে একটি ক্যানসার ইউনিট বা শাখা খোলার বিষয়েও ইতিবাচক মতামত ব্যক্ত করেন। এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতায় আহত যে আট জন পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন (যাদের মধ্যে ছয় জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত), তারা হলেন, দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল, মো. আবু আলম (ইন্সপেক্টর) ও মো. রাকিবুল ইসলাম।

Ads small one

হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার আগে ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। এই সময়ে নতুন করে ৯৬১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫৪ জনের দেহে রোগটি নিশ্চিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যসূত্রে সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলোতে নতুন করে ৯০৯ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৭৪ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সামগ্রিক পরিসংখ্যানে দেখা গেছে, দেশে এ পর্যন্ত মোট ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০৮ জন। এ সময়ের মধ্যে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ২৮০ জন মৃত্যুবরণ করেছেন; আর নিশ্চিত হামে মৃতের সংখ্যা ১০৬ জন।

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে জুয়েলারি থেকে ‘১৮০০ ভরি স্বর্ণ’ লুট

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে জুয়েলারি থেকে ‘১৮০০ ভরি স্বর্ণ’ লুট

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে একটি জুয়েলার্স দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। ধানমন্ডি ৬/এ সড়কের আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে প্রায় ১ হাজার ৮০০ ভরি স্বর্ণ লুট হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক অমিত ঘোষ। এ ছাড়া রুপা ও হীরার গয়না মিলিয়ে মোট লুট হওয়া অলংকারের পরিমাণ প্রায় ২ হাজার ভরি। দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েলার্সের মালিক অমিত ঘোষ ধানমন্ডি থানায় মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানির কর্মী। তবে ঘটনার মূল অভিযুক্ত এখনও পলাতক। তাকে গ্রেফতারে ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে।

পুলিশের ভাষ্য, ঘটনার পাঁচ দিন আগে জুয়েলার্স কর্তৃপক্ষ একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছিল। তবে তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়নি। ওই নিরাপত্তাকর্মীই চুরির ঘটনায় মূল ভূমিকা রেখেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার পর চুরির ঘটনা ঘটানো হয়েছে। দোকান কর্তৃপক্ষের অভিযোগ, চুরির আগে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাওয়ানো হয়েছিল। এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করছে তারা।

পূরবী জুয়েলার্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সনজিৎ শীল জানান, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকে তিন নিরাপত্তাকর্মীর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের একজন মার্শাল সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিয়োজিত জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী। অন্য দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহযোগিতা করেন। ভেতরে ঢুকেই দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর মূল পরিচয়পত্রও উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, স্বর্ণ লুটের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। ইতোমধ্যে চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানির একজন কর্মী রয়েছেন। জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান চলছে।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ঘটনার পর থেকে পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সেখান থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, বড় রড কাটার স্ক্রু ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি ও থানা পুলিশ।

খাবার খেয়ে অচেতন হয়ে পড়া প্রোপারটি সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তাকর্মী আব্দুর রহিমকে ভবনের পার্কিংয়ে পায় পুলিশ। তিনি সেখানে একটি বেঞ্চে অর্ধচেতন অবস্থায় শুয়ে ছিলেন। পুলিশকে তিনি জানান, নিরাপত্তাকর্মী সালাম ও সুপারভাইজার রিপন তাকে কলা খেতে দেন।

আব্দুর রহিম আরও জানান, ঘটনার সময় তারা পার্কিংয়ে দায়িত্ব পালন করছিলেন। নিরাপত্তাকর্মী সালাম তাকে জোড়া কলা খেতে দেন। সুপারভাইজার রিপনও কলা খান। কলা খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়েন। এরপর কী ঘটেছে, তা আর মনে নেই।

মার্শাল সিকিউরিটি কোম্পানির আব্দুর রব সাংবাদিকদের জানান, তিনি শিফট অনুযায়ী রাতে ও দিনে দায়িত্ব পালন করেন। সকালে এসে স্বর্ণ লুটের বিষয়টি জানতে পারেন। মার্শাল সিকিউরিটি কোম্পানির সারোয়ার ও সুপারভাইজার আমিনুলকে পুলিশ নিয়ে গেছে। এ কোম্পানির নিজাম সরদার পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, প্রায় ২ হাজার ভরি গয়না খোয়া গেছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ বলেন, কয়েক বছর আগেও একই কৌশলে চুরির চেষ্টা করা হয়েছিল। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়। একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি মালিকের নজরে আসায় সেবার চুরি করতে পারেনি দুর্বৃত্তরা। ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

জোবায়ের বলেন, এবার স্বর্ণের দোকান একেবারে খালি করে ফেলেছে দুর্বৃত্তরা। কোথাও কোনও স্বর্ণ রেখে যায়নি।

আশাশুনির ১১ ইউনিয়নে জামায়াতের দায়িত্বশীলদের নাম ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
আশাশুনির ১১ ইউনিয়নে জামায়াতের দায়িত্বশীলদের নাম ঘোষণা

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের আমীর ও সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর এবং মাওলানা আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান।

ঘোষিত নাম অনুযায়ী, শোভনালী ইউনিয়নে মো. গোলাম কিবরিয়া, বুধহাটায় মাওলানা আব্দুল ওয়াদুদ, কুল্যায় মাওলানা ইউসুফ আলী, দরগাহপুরে অধ্যাপক আব্দুল গনি, বড়দলে মাওলানা আব্দুল ওয়াজেদ, আশাশুনি সদরে হাফেজ আব্দুল্লাহ, শ্রীউলায় মাওলানা লুৎফর রহমান, খাজরায় মাওলানা আব্দুর রশিদ, আনুলিয়ায় মাওলানা হারুন অর রশিদ এবং প্রতাপনগরে উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান ইউনিয়ন আমীর হয়েছেন। কাদাকাটি ইউনিয়নের সভাপতি হয়েছেন মাওলানা আবু বকর সিদ্দিক।