শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহে বিনামূল্যে চিকিৎসা ও টিকাদান কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
শ্যামনগরে প্রাণিসম্পদ সপ্তাহে বিনামূল্যে চিকিৎসা ও টিকাদান কর্মসূচি

সংবাদদাতা: জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে প্রান্তিক খামারিদের গবাদিপশু ও হাঁস-মুরগির জন্য বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসা, টিকাদান ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটখোলা বাজার প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত ক্যাম্পেইনে খামারিদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

সেবা প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সুব্রত কুমার বিশ্বাস। এ সময় উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, অবসরপ্রাপ্ত উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মঈনুদ্দিন আহম্মেদ, ভুরুলিয়া ইউনিয়নের ভ্যাকসিনেটর মনিরুল ইসলাম এবং কৃত্রিম প্রজননকর্মী নূরউদ্দিন ও রায়হান উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার খামারিরা অংশ নেন। তাঁরা নিজেদের গবাদিপশু ও হাঁস-মুরগির জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও টিকা গ্রহণ করেন।

Ads small one

হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার আগে ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। এই সময়ে নতুন করে ৯৬১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৫৪ জনের দেহে রোগটি নিশ্চিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যসূত্রে সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় সারা দেশের হাসপাতালগুলোতে নতুন করে ৯০৯ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৭৪ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সামগ্রিক পরিসংখ্যানে দেখা গেছে, দেশে এ পর্যন্ত মোট ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৬০৮ জন। এ সময়ের মধ্যে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মোট ১ হাজার ২৮০ জন মৃত্যুবরণ করেছেন; আর নিশ্চিত হামে মৃতের সংখ্যা ১০৬ জন।

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে জুয়েলারি থেকে ‘১৮০০ ভরি স্বর্ণ’ লুট

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে জুয়েলারি থেকে ‘১৮০০ ভরি স্বর্ণ’ লুট

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে একটি জুয়েলার্স দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। ধানমন্ডি ৬/এ সড়কের আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে প্রায় ১ হাজার ৮০০ ভরি স্বর্ণ লুট হয়েছে বলে দাবি করেছেন দোকানটির মালিক অমিত ঘোষ। এ ছাড়া রুপা ও হীরার গয়না মিলিয়ে মোট লুট হওয়া অলংকারের পরিমাণ প্রায় ২ হাজার ভরি। দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েলার্সের মালিক অমিত ঘোষ ধানমন্ডি থানায় মামলা করেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানির কর্মী। তবে ঘটনার মূল অভিযুক্ত এখনও পলাতক। তাকে গ্রেফতারে ঢাকাসহ বিভিন্ন স্থানে পুলিশের দুটি দল অভিযান চালাচ্ছে।

পুলিশের ভাষ্য, ঘটনার পাঁচ দিন আগে জুয়েলার্স কর্তৃপক্ষ একজন নিরাপত্তাকর্মী নিয়োগ দিয়েছিল। তবে তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়নি। ওই নিরাপত্তাকর্মীই চুরির ঘটনায় মূল ভূমিকা রেখেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করার পর চুরির ঘটনা ঘটানো হয়েছে। দোকান কর্তৃপক্ষের অভিযোগ, চুরির আগে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাওয়ানো হয়েছিল। এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করছে তারা।

পূরবী জুয়েলার্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সনজিৎ শীল জানান, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকে তিন নিরাপত্তাকর্মীর কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের একজন মার্শাল সিকিউরিটি কোম্পানির মাধ্যমে নিয়োজিত জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী। অন্য দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে দেখা যায়, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহযোগিতা করেন। ভেতরে ঢুকেই দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর মূল পরিচয়পত্রও উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, স্বর্ণ লুটের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। ইতোমধ্যে চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সংশ্লিষ্ট নিরাপত্তা কোম্পানির একজন কর্মী রয়েছেন। জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান চলছে।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ঘটনার পর থেকে পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। সেখান থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, বড় রড কাটার স্ক্রু ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি ও থানা পুলিশ।

খাবার খেয়ে অচেতন হয়ে পড়া প্রোপারটি সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তাকর্মী আব্দুর রহিমকে ভবনের পার্কিংয়ে পায় পুলিশ। তিনি সেখানে একটি বেঞ্চে অর্ধচেতন অবস্থায় শুয়ে ছিলেন। পুলিশকে তিনি জানান, নিরাপত্তাকর্মী সালাম ও সুপারভাইজার রিপন তাকে কলা খেতে দেন।

আব্দুর রহিম আরও জানান, ঘটনার সময় তারা পার্কিংয়ে দায়িত্ব পালন করছিলেন। নিরাপত্তাকর্মী সালাম তাকে জোড়া কলা খেতে দেন। সুপারভাইজার রিপনও কলা খান। কলা খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়েন। এরপর কী ঘটেছে, তা আর মনে নেই।

মার্শাল সিকিউরিটি কোম্পানির আব্দুর রব সাংবাদিকদের জানান, তিনি শিফট অনুযায়ী রাতে ও দিনে দায়িত্ব পালন করেন। সকালে এসে স্বর্ণ লুটের বিষয়টি জানতে পারেন। মার্শাল সিকিউরিটি কোম্পানির সারোয়ার ও সুপারভাইজার আমিনুলকে পুলিশ নিয়ে গেছে। এ কোম্পানির নিজাম সরদার পলাতক রয়েছেন বলেও জানান তিনি।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, প্রায় ২ হাজার ভরি গয়না খোয়া গেছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার অলংকার রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

জুয়েলার্সের আরেক বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ বলেন, কয়েক বছর আগেও একই কৌশলে চুরির চেষ্টা করা হয়েছিল। তখন নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়। একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি মালিকের নজরে আসায় সেবার চুরি করতে পারেনি দুর্বৃত্তরা। ওই ঘটনায় ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

জোবায়ের বলেন, এবার স্বর্ণের দোকান একেবারে খালি করে ফেলেছে দুর্বৃত্তরা। কোথাও কোনও স্বর্ণ রেখে যায়নি।

আশাশুনির ১১ ইউনিয়নে জামায়াতের দায়িত্বশীলদের নাম ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
আশাশুনির ১১ ইউনিয়নে জামায়াতের দায়িত্বশীলদের নাম ঘোষণা

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নে জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের আমীর ও সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপাধ্যক্ষ আব্দুস সবুর এবং মাওলানা আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান।

ঘোষিত নাম অনুযায়ী, শোভনালী ইউনিয়নে মো. গোলাম কিবরিয়া, বুধহাটায় মাওলানা আব্দুল ওয়াদুদ, কুল্যায় মাওলানা ইউসুফ আলী, দরগাহপুরে অধ্যাপক আব্দুল গনি, বড়দলে মাওলানা আব্দুল ওয়াজেদ, আশাশুনি সদরে হাফেজ আব্দুল্লাহ, শ্রীউলায় মাওলানা লুৎফর রহমান, খাজরায় মাওলানা আব্দুর রশিদ, আনুলিয়ায় মাওলানা হারুন অর রশিদ এবং প্রতাপনগরে উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান ইউনিয়ন আমীর হয়েছেন। কাদাকাটি ইউনিয়নের সভাপতি হয়েছেন মাওলানা আবু বকর সিদ্দিক।