নওয়াপাড়ায় সন্ত্রাসী হামলায় কলারোয়ার ব্যবসায়ীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় সন্ত্রাসীদের হামলায় আনিছুর রহমান (৫৫) নামের এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। নিহত আনিছুর রহমান সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের মৃত মুজিদ বক্স সরদারের ছেলে।
আনিছুর রহমান নওয়াপাড়ার ‘জয়েন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেড’-এর স্বত্বাধিকারী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে নওয়াপাড়ায় সার, মিল ও ফ্যাক্টরি ব্যবসার পাশাপাশি সপরিবার সেখানে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে নওয়াপাড়ায় নিজের নবনির্মিত মার্কেটের সামনে বসে ছিলেন আনিছুর রহমান। এ সময় একদল দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে আজ ভোরে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের প্রতিবেশী মাজহারুল ইসলাম জানান, নওয়াপাড়ায় নিজের কেনা জমিতে একটি মার্কেট নির্মাণ করেছিলেন আনিছুর। ধারণা করা হচ্ছে, ওই জমি বা মার্কেট নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে।
অভয়নগর থানা-পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে রাত ১০টায় গ্রামের বাড়ি কলারোয়ার কুশোডাঙ্গায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
ব্যবসায়ী আনিছুর রহমানের এই বর্বরোচিত হত্যাকা-ের ঘটনায় নওয়াপাড়া ও তাঁর গ্রামের বাড়ি কলারোয়ায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।












