সম্পাদকীয়/ বিপন্ন গাবুরার দৃষ্টিনন্দন স্থাপনা ও সুপেয় পানির সংকট
উপকূলীয় অঞ্চল শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরায় খোলপেটুয়া নদীর চরে অবস্থিত সরকারি ‘দৃষ্টিনন্দন’ স্থাপনাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চরম ঝুঁকির মুখে পড়েছে। ২০০৩ সালে খাবার পানির সংকট নিরসন ও সবুজ বনায়ন সৃষ্টির লক্ষ্যে ইকোপার্কের আদলে নির্মিত এই প্রকল্প সময়ের ব্যবধানে একটি পরিচিত দর্শনীয় স্থান এবং দুর্যোগকালীন ভরসাস্থলে পরিণত হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠার পর দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও প্রয়োজনীয় তদারকি ও সংস্কার না হওয়ায় আজ এর পুকুর, চারপাশের সরকারি খাল, প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও সবুজ গাছপালা নদীভাঙন এবং লবণাক্ত পানির আগ্রাসনে বিলীন হওয়ার পথে।
উপকূলীয় জনপদ গাবুরায় সুপেয় পানির সংকট এক ভয়াবহ বাস্তবতার নাম। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালের আইলার মতো প্রাকৃতিক দুর্যোগের পর সমগ্র এলাকার খাবার পানির প্রধান উৎস হয়ে উঠেছিল দৃষ্টিনন্দন স্থাপনার এই পুকুরটি। জলবায়ু পরিবর্তনজনিত কারণে যখন পুরো অঞ্চল জুড়েই লবণাক্ততার তীব্রতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তখন কয়েক হাজার মানুষের নিরাপদ পানির অন্যতম প্রধান উৎস রক্ষায় এমন অবহেলা মেনে নেওয়া যায় না। বর্তমানে চারপাশের মাটির বাঁধ ক্ষয় হয়ে যাওয়া এবং পুকুরের পাড় ভেঙে বর্ষা মৌসুমে জোয়ারের লবণাক্ত পানি প্রবেশের ঝুঁকিতে এই শেষ সম্বলটুকুও নষ্ট হতে বসেছে।
গাবুরার বিভিন্ন এলাকায় মেগা প্রকল্পের আওতায় যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন হলেও এই গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল চরাঞ্চলীয় স্থাপনাটি কেন এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। মাটির বাঁধ ও পুকুরের পাড় উঁচুকরণ, লবণাক্ত পানি প্রতিরোধে স্লুইসগেট বা শক্ত সুরক্ষা বাঁধ নির্মাণ, সরকারি খাল পুনঃখনন এবং স্থাপনাসংলগ্ন পরিবেশ রক্ষায় অবহেলা অব্যাহত থাকলে জলবায়ু উদ্বাস্তু ও বিশুদ্ধ পানির সংকটে থাকা মানুষের জীবনযাত্রা আরও দুঃসহ হয়ে উঠবে।
উপকূলীয় মানুষের সুপেয় পানি নিরাপত্তা নিশ্চিত করা নিছক কোনো স্থানীয় দাবি নয়, এটি জীবন ও জীবিকা রক্ষার মৌলিক শর্ত। তাই অবিলম্বে জরুরি ভিত্তিতে দৃষ্টিনন্দন স্থাপনাটির চারপাশের ক্ষতিগ্রস্ত বাঁধ ও পুকুরের পাড় টেকসইভাবে সংস্কার করতে হবে। পাশাপাশি এই স্থাপনা ও সংলগ্ন সুপেয় পানির আধারটিকে স্থায়ী দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।









