নয়াদিল্লি হাইকমিশনের প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান
আরিফ মাহমুদ: ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক সাইদুর রহমান। তিনি দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অন্যান্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সাইদুর রহমানের জন্ম সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামে। বাবা মোসলেম সরদার ও মা সালেহা খাতুনের তিন সন্তানের মধ্যে তিনি সবার বড়। স্থানীয় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কাজীরহাট কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবন থেকেই সাংবাদিকতায় যুক্ত সাইদুর রহমান দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে সুনামের সঙ্গে কাজ করছেন। দীর্ঘ পেশাগত জীবনে নির্বাচনী সংবাদ পরিবেশন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি বেশ কয়েকটি সম্মানজনক পদক লাভ করেছেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক সাইদুর রহমান। তাঁর এই নিয়োগে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের নেতারা।
সাইদুর রহমানের জন্ম সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী সাংবাদিকতার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এক যৌথ বিবৃতিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন অভিনন্দন জানান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলামসহ নির্বাহী কমিটির সদস্যরা এই কৃতি সাংবাদিকের নতুন দায়িত্বপ্রাপ্তিতে শুভকামনা প্রকাশ করেন।










