রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পতাকা, তোষামোদ আর হুঁশিয়ারি, চীনে ট্রাম্পের প্রথম দিন কেমন ছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
পতাকা, তোষামোদ আর হুঁশিয়ারি, চীনে ট্রাম্পের প্রথম দিন কেমন ছিল

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৃহস্পতিবার বিশ্বের দুই প্রভাবশালী শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকটি মূলত রুদ্ধদ্বার কক্ষেই অনুষ্ঠিত হয়েছে। তবুও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এই শীর্ষ সম্মেলনের প্রথম দিনটি দুই নেতার ব্যক্তিগত নেতৃত্বদানের পদ্ধতি, তাদের লক্ষ্য এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সামলানোর ধরন সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য সামনে এনেছে।

গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত এই সফরের শুরুর দিনটিতে বিশেষ কিছু মুহূর্ত পর্যবেক্ষকদের নজর কেড়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এমন কয়েকটি বিষয় তুলে ধরেছে।

রাজকীয় অভ্যর্থনা

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে এক বিশাল কুচকাওয়াজের মাধ্যমে স্বাগত জানান। সেখানে চীনা সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি ছিল একদল উল্লাসিত শিশু-কিশোর। তাদের কারও হাতে ছিল ফুলের তোড়া, কারও হাতে আমেরিকার পতাকা। এক পর্যায়ে ট্রাম্প দাঁড়িয়ে শিশুদের উদ্দেশে তালি দেন।

এই অভ্যর্থনায় অভিভূত ট্রাম্প বলেন, ‘এমন সম্মান আমি খুব কমই দেখেছি। বিশেষ করে এই শিশুরা আমাকে মুগ্ধ করেছে। তারা খুবই হাসিখুশি ও সুন্দর ছিল। সামরিক কুচকাওয়াজ তো অবশ্যই চমৎকার ছিল, এর চেয়ে ভালো আর হতে পারত না। তবে এই শিশুরা ছিল সত্যিই অসাধারণ।’

ব্যক্তিত্ব ও বাচনভঙ্গির সংঘাত

দুই নেতার উদ্বোধনী বক্তব্যেই তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ভিন্নতা ফুটে ওঠে। শি জিনপিং যেখানে বৈশ্বিক মঞ্চে শক্তিশালী রাষ্ট্রগুলোর ভূমিকা নিয়ে প্রায় দার্শনিক স্বরে কথা বলেছেন, সেখানে ট্রাম্প তার স্বভাবসুলভ তোষামোদ ও অতিরঞ্জিত বাচনভঙ্গি ব্যবহার করেছেন।

চীনা ভাষায় দেওয়া বক্তব্যে শি জিনপিং ‘থুসিডাইডিস ট্র্যাপ’ সম্পর্কে সতর্ক করে দেন। প্রাচীন গ্রিসের এথেন্স ও স্পার্টার মধ্যকার চরম প্রতিদ্বন্দ্বিতা থেকে এই ধারণার উৎপত্তি, যেখানে একটি প্রতিষ্ঠিত বিশ্বশক্তি ক্রমবর্ধমান শক্তির উত্থানে ভীত হয়ে সংঘাতের পথে হাঁটে। শি জিনপিং ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে সেই প্রাচীন গ্রিসের যুদ্ধংদেহী মানসিকতা এড়িয়ে চলার আহ্বান জানান।

শি জিনপিং বলেন, ‘আন্তর্জাতিক প্রেক্ষাপটে যখন শতাব্দীর সবচেয়ে বড় রূপান্তর ত্বরান্বিত হচ্ছে, তখন বিশ্ব আজ এক নতুন সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র কি থুসিডাইডিস ট্র্যাপ কাটিয়ে উঠে বড় শক্তিগুলোর সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে?’

অন্যদিকে ট্রাম্প তার বক্তব্যে শি জিনপিংয়ের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা ফলাও করে প্রচার করেন এবং বড় বড় ব্যবসায়ী নেতাদের এই সফরে আনতে পারার কৃতিত্ব দাবি করেন। ট্রাম্প বলেন, ‘অনেকেই বলছেন এটি সম্ভবত সর্বকালের সেরা শীর্ষ সম্মেলন। এমন কিছু আগে কেউ কখনও দেখেনি।’

তাইওয়ান নিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি

পর্যবেক্ষকদের নজর ছিল তাইওয়ান ইস্যুতে দুই নেতার অবস্থানের দিকে। শি জিনপিং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র যদি তাইওয়ানের পক্ষ নেয়, তবে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে পড়বে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এই বৈঠকের একটি বিবরণ প্রকাশ করেছে। সেখানে শি জিনপিংকে সতর্ক করে বলতে শোনা যায়, ‘যদি বিষয়টি ভালোভাবে সামলানো যায়, তবে দুই দেশ স্থিতিশীলতা বজায় রাখতে পারবে। আর যদি ভুলভাবে সামলানো হয়, তবে দুই দেশের মধ্যে সংঘর্ষ বা বড় কোনও সংঘাত বেঁধে যাবে, যা পুরো মার্কিন-চীন সম্পর্ককে এক অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দেবে।’

তবে তাইওয়ান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প তখন কোনও মন্তব্য করেননি।

বড় চুক্তির সন্ধানে

ট্রাম্পের এই সফরে তার সঙ্গী হয়েছেন আমেরিকার শীর্ষ ধনী ব্যবসায়ীরা। তাদের মধ্যে অ্যাপলের টিম কুক, টেসলার ইলন মাস্ক এবং এনভিডিয়ার জেনসেন হুয়াং অন্যতম। ট্রাম্প দাবি করেন যে ৩০ জন ব্যবসায়ী নেতা এই সফরে অংশ নিচ্ছেন, যদিও গ্রেট হলে তার সঙ্গে মাত্র ১৪ জনকে দেখা গেছে।

চীনা নেতার উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্বের শীর্ষ ৩০ জনকে আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রত্যেকেই রাজি হয়েছেন। আমি কোনও কোম্পানির দ্বিতীয় বা তৃতীয় প্রধানকে চাইনি, শুধু শীর্ষ ব্যক্তিদের চেয়েছি। তারা আজ এখানে এসেছেন আপনাকে এবং চীনকে সম্মান জানাতে। তারা চমৎকার বাণিজ্যের অপেক্ষায় আছেন।’

বিতর্কে ট্রাম্প অর্গানাইজেশন

ব্যবসায়ী নেতাদের মধ্যে একজনকে গ্রেট হলে শি জিনপিংয়ের সঙ্গে করমর্দন করতে দেখা গেছে, যিনি প্রেসিডেন্টের পুত্র এরিক ট্রাম্প। বর্তমানে ট্রাম্প হোয়াইট হাউসে থাকায় এরিকই পারিবারিক ব্যবসা সামলাচ্ছেন।

প্রেসিডেন্টের দাফতরিক কাজে পরিবারের ব্যবসায়ী স্বার্থের কোনও সংশ্লিষ্টতা আছে কি না, এরিকের উপস্থিতি সেই প্রশ্ন তুলে দিয়েছে। তবে ট্রাম্প অর্গানাইজেশন এক বিবৃতিতে জানিয়েছে, এরিক কেবল তার পিতাকে সমর্থন দিতে ব্যক্তিগতভাবে এই সফরে এসেছেন এবং চীনে তার ব্যবসার কোনও পরিকল্পনা নেই। বিবৃতিতে বলা হয়, ‘এরিক একজন সমর্থনকারী পুত্র হিসেবে ব্যক্তিগত ক্ষমতায় এখানে এসেছেন। চীনে তার কোনও ব্যবসা নেই এবং করার পরিকল্পনাও নেই।’

Ads small one

সাতক্ষীরায় ৪৯ দিনে শিশু রোগে আক্রান্ত ১,০৯০, হাসপাতালে শয্যা সংকট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৪৯ দিনে শিশু রোগে আক্রান্ত ১,০৯০, হাসপাতালে শয্যা সংকট

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

গোলাম সরোয়ার: হঠাৎ শীতের প্রকোপ বাড়তে শুরু করায় সাতক্ষীরায় শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার সংক্রমণ বাড়ছে। গত ৪৯ দিনে জেলার তিনটি হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৯০ শিশু। রোগীর চাপ বাড়লেও বিশেষ করে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা ও চিকিৎসক সংকট। জায়গার অভাবে অনেক শিশুকে হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ৬৪৩ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ২৪৭ এবং ডায়রিয়ায় ৪৯৬ শিশু আক্রান্ত। একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৩ শিশু। এর মধ্যে নিউমোনিয়ায় ১০৮ এবং ডায়রিয়ায় ৭৫ শিশু। এ ছাড়া সাতক্ষীরার একমাত্র বেসরকারি শিশু হাসপাতালে একই সময়ে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ১৬৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ১১৫ এবং ডায়রিয়ায় ৪৯ শিশু আক্রান্ত।

শিশু হাসপাতালের পরিচালক চিকিৎসক আবুল বাসার জানান, ওই সময়ে বহির্বিভাগে এসব রোগে আক্রান্ত আরও ৫ হাজার ৩২০ শিশু চিকিৎসা নিয়েছে। তবে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়া শিশুদের কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, শীতের আকস্মিক পরিবর্তনের সঙ্গে বাড়ছে শিশু রোগীর চাপ। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

সাতক্ষীরা সদর হাসপাতালে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। শয্যা সংকটের কারণে অনেক শিশুকে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

সদর উপজেলার বেতলা গ্রামের রোজিনা খাতুন জানান, তাঁর ৪০ দিন বয়সী ছেলে আবিদ হোসেনের শ্বাসকষ্ট দেখা দিলে ২০ নভেম্বর তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরীক্ষায় শিশুটির নিউমোনিয়া শনাক্ত হয়। কিন্তু শয্যা না থাকায় তাকে হাসপাতালের বারান্দায় রাখতে হয়েছে। শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি।

একইভাবে তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের আফরোজা খাতুন তাঁর দেড় মাস বয়সী মেয়ে আইরিয়াকে শ্বাসকষ্ট নিয়ে ২০ নভেম্বর সদর হাসপাতালে ভর্তি করেন। ওয়ার্ডে শয্যা না পেয়ে বারান্দায় রেখেই শিশুটিকে নেবুলাইজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ও বারান্দায় প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ শিশু চিকিৎসা নিচ্ছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক আব্দুর রহমান জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা মাত্র ১৫টি। অথচ প্রতিদিন গড়ে ৯০ থেকে ১২০ শিশু ভর্তি থাকে। শিশুদের ডায়রিয়া ওয়ার্ডে অনুমোদিত শয্যা পাঁচটি হলেও সেখানে প্রতিদিন ২০ থেকে ৩০ শিশু ভর্তি থাকে। সীমিত শয্যার মধ্যে অতিরিক্ত রোগীর চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক চিকিৎসক মো. সামছুর রহমান বলেন, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন, তাপমাত্রার ওঠানামা ও শীতের প্রকোপ শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দ্রুত জটিল আকার ধারণ করতে পারে। অন্যদিকে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই এসব রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সাতক্ষীরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল বারী বলেন, শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানো, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স পদায়ন এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

সাতক্ষীরার সিভিল সার্জন চিকিৎসক আব্দুস সালাম জানান, ১৯৮০ সালের দিকে ৫০ শয্যা নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। পরে এটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও জেলা সদরে রোগীর চাপ অনেক বেশি। এ কারণে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সভায় প্রস্তাবটি উত্থাপন করা হলেও সাতক্ষীরা মেডিকেল কলেজের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তখন অনুমোদন পাওয়া যায়নি। বিষয়টি বাস্তবায়নে আবারও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

শীতের মৌসুমে শিশু রোগীর চাপ আরও বাড়ার আশঙ্কা থাকায় সাতক্ষীরা সদর হাসপাতালের শয্যা ও চিকিৎসক সংকট নিরসন এখন জরুরি হয়ে উঠেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে উপকূলীয় এ জেলার শিশুদের চিকিৎসাসেবা আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে দুই নারী উপজেলার কাটাখালীর দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এসআই আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নুরজাহানকে আটক করে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি করা হলে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার হয়। পরে তাঁর সহযোগী আসমাকেও আটক করা হয়।

পুলিশ আরও জানায়, আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বান্দিকাটি এলাকায় তাঁদের ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবির। এ উপলক্ষে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. আমির হামজা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন ও মো. বাবুল হোসাইন হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার শ্রেষ্ঠ ওসি, মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই, ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই এবং সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্টকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।