পরিবেশ সুরক্ষাসহ ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে প্রকৃতি-পরিবেশ সুরক্ষাসহ ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষক- শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনা পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও পরিবশ সংরক্ষণ কমিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ব পরিবেশ দিবসে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা আগামীদিনের ভবিষ্যৎ। তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেট একটি আশীর্বাদ, তবে ডিজিটাল ডিভাইসের সঠিক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে। ডিজিটাল ডিভাইসের ভালোর পাশাপাশি খারাপ দিকও আছে। শিক্ষার্থীরা যেন ডিজিটাল আসক্তিতে না পড়ে, সেদিকে সতর্ক থাকতে হবে। এসময় অতিথিরা আরও বলেন প্রতিনিয়ত আমাদের জলবায়ু ও পরিবেশ পরিবর্তন হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকের বছরে একটি করে হলেও গাছ লাগানো উচিত।
খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি’র খুলনা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান মিজি। প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন শেখ মনিরুল ইসলাম ট্রাষ্টের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোছা. মাহমুদা খাতুন ও মাসাসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম। অনুষ্ঠানে কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। তথ্যবিবরণী







