মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
জেলা প্রশাসকের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন

সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসক মিস কাউসার আজিজ-এর একটি বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, আংশিক এবং নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলন (জিএসএ)।
সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক প্রভাষক মামুনুর রহমান এবং সদস্য সচিব রুবেল গাইন স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ব্যবহৃত ‘ধর্ম’ শব্দটি কোনো ব্যক্তি, সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীকে হেয়, অবমাননা বা আঘাত করার উদ্দেশ্যে ব্যবহার করেননি। বরং রাষ্ট্রের নীতি, মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে যুবসমাজকে খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরার প্রেক্ষাপটেই তিনি উক্ত মন্তব্য করেছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, জেলা প্রশাসকের বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে এর প্রকৃত অর্থ ও প্রেক্ষাপটকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। এর ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং অপ্রয়োজনীয় বিতর্ক উসকে দেওয়া হচ্ছে। কোনো বক্তব্যকে তার সামগ্রিক প্রেক্ষাপট ও উদ্দেশ্য থেকে বিচ্ছিন্ন করে প্রচার করা দায়িত্বশীল সাংবাদিকতা ও গণমাধ্যম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
গণসংহতি আন্দোলন মনে করে, মতপ্রকাশের স্বাধীনতার পাশাপাশি তথ্য উপস্থাপনের ক্ষেত্রেও সত্যতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা জরুরি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা গণতান্ত্রিক মূল্যবোধ ও সুস্থ সামাজিক পরিবেশের পরিপন্থী।
বিবৃতিতে সংশ্লিষ্ট সকল গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কোনো বিষয়ে মতামত প্রদান বা প্রচার করার আগে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করা এবং বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি বজায় রাখা প্রয়োজন।
পরিশেষে, সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলন জেলা প্রশাসকের বক্তব্যকে ঘিরে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সকলকে বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানায়। প্রেসবিজ্ঞপ্তি

Ads small one

কলারোয়ায় সাংবাদিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
কলারোয়ায় সাংবাদিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ

পত্রদূত ডেস্ক: কলারোয়ায় এক সাংবাদিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও তাঁকে লাঞ্ছিত করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রদীপ দে ওরফে গপা ডাক্তার নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে দৈনিক পত্রদূত ও সংবাদ পত্রিকার কলারোয়া প্রতিনিধি আব্দুর রহমান জয়নগর ইউনিয়নের সরসকাটি বাজারের ‘দিশা ফার্মেসী’তে যান। সেখানে তিনি ফার্মেসির মালিক ও জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঙ্গে ব্যক্তিগত বিষয়ে কথা বলছিলেন। এ সময় ক্ষেত্রপাড়া গ্রামের প্রদীপ দে ফার্মেসিতে প্রবেশ করে সাংবাদিক আব্দুর রহমানকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করতে থাকেন।
একপর্যায়ে প্রদীপ দে দাবি করেন, পুলিশে তাঁর আটকের ঘটনায় বিপুল টাকা খরচ হয়েছে এবং বাজারে আসতে হলে সাংবাদিক আব্দুর রহমানকে ৫০ হাজার টাকা দিতে হবে। এ সময় তিনি ওই সাংবাদিককে লাঞ্ছিত করার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, প্রদীপ দে ওরফে গপা ডাক্তারের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে প্রদীপ দের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ হাফিজুল গাজী (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আশাশুনি থানা পুলিশ জানায়, ফকরাবাদ গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে হাফিজুল গাজীর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি কৌটার ভেতর থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আশাশুনি, তালা ও সাতক্ষীরা সদর থানায় আগে থেকেই পাঁচটি মামলা রয়েছে। বুধবার সকালে তাঁকে বিচারকের মাধ্যমে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলে জানান তিনি।

দেবহাটায় সামাজিক অপরাধ রোধে শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
দেবহাটায় সামাজিক অপরাধ রোধে শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধ ও আত্মহত্যা প্রতিরোধে দেবহাটার শিক্ষার্থীদের সচেতন করতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়সহ কুলিয়া ইউনিয়নের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওসি এইচ এম শাহীন বলেন, কোনো প্রকার অনিয়ম, হয়রানি বা ইভটিজিংয়ের শিকার হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে ওসি বলেন, যেকোনো সমস্যায় হতাশ না হয়ে পরিবার ও শিক্ষকদের পরামর্শ নেওয়া উচিত। শিক্ষার্থীরা যেন কোনো সামাজিক অপরাধের ফাঁদে না পড়ে, সে জন্য শিক্ষকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।