পাইকগাছায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পেশাগত মর্যাদা রক্ষা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে খুলনার পাইকগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) সকালে উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কে ‘পাইকগাছা ফার্মাসিউটিক্যালস ম্যানেজার্স ফোরাম’-এর উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আক্ষেপ করে বলেন, দেশের স্বাস্থ্যখাতে ঔষধের সঠিক সরবরাহ নিশ্চিত করতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এমনকি করোনা মহামারির সময়ও তারা সম্মুখসারিতে কাজ করেছেন। অথচ বিভিন্ন সময় তাদের ‘দালাল’ বলে অবমাননাকর মন্তব্য করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। তারা মনে করিয়ে দেন, এই পেশার সঙ্গে জড়িতরা দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ।
পাইকগাছা ফারিয়ার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে পেশাজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সভায় বক্তারা বলেন, “আমরা কোনো অনুগ্রহ চাই না, আমরা আমাদের কাজের স্বীকৃতি ও সম্মানজনক পরিবেশ চাই। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেনÑমো. ইকরামুল কবির, মোহাম্মদ আনোয়ার হোসেন, মো. রইছ খান, মো. শাহ জালাল, মো. সায়েম সিদ্দিকী, মো. আরিফুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশাগত নিরাপত্তা ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিতের জোর দাবি জানিয়ে একটি সংক্ষিপ্ত মিছিল করা হয়।












