সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভায় সুন্দরবন সুরক্ষা প্রকল্পের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার সাকী রেজওয়ানা।

 

বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক চন্দ্র ঘোষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, প্রধান শিক্ষক অঞ্জলি রাণী শীল, প্রভাষক হাফিজুর রহমান, সুন্দরবন সাংবাদিক ফোরামের যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ফোরামের সদস্য ও সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক এইচএম শফিউল ইসলাম, বিএনপি নেতা কাইয়ুম হোসেন।

 

ইয়ুথ ফর সুন্দরবন এর উপজেলা সভাপতি রাকিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইয়ুথ ফর সুন্দরবনের সহ সভাপতি ছন্দা সুলতানা, সাধারণ সম্পাদক কৃষ্ণা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান নয়ন, রেশমা সুলতানা, নাজমুন নাহার ইতি, অলিফা খাতুন, রুমানা আক্তার প্রমুখ। সভায় সুন্দরবনের পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

Ads small one

বাগআঁচড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ক্লিনিককে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
বাগআঁচড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ক্লিনিককে জরিমানা

oppo_0

বাগআঁচড়া (শার্শা) সংবাদদাতা: যশোরের শার্শায় অভিযান চালিয়ে ৪ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল ) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।

অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে জোহরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, আল-মদিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, বাগআঁচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, ও জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে শার্শার বাগআঁচড়ায় অবস্থিত ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ ৫২ ধারা আইনে ৪টি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসময় তার সাথে ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা শুভেন্দু বিশ্বাস ও শার্শা থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

পোষা কুকুরের ডাকে প্রাণ বাঁচল ইউপি সদস্যের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
পোষা কুকুরের ডাকে প্রাণ বাঁচল ইউপি সদস্যের

পাটকেলঘাটা প্রতিনিধি: ‘রাখে আল্লাহ মারে কে’-প্রচলিত এই প্রবাদটিই যেন বাস্তবে রূপ নিল সাতক্ষীরার পাটকেলঘাটায়। জনমানবহীন স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর মুখে পড়া সাবেক এক ইউপি সদস্যের প্রাণ বাঁচিয়ে দিয়েছে তাঁরই পোষা কুকুরের আর্তনাদ।

সোমবার দুপুরে পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের গোপালডাঙ্গা গ্রামে এই অলৌকিক ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম পঙ্কজ কুমার ম-ল। তিনি ওই গ্রামের ভীম ম-লের পুত্র এবং খলিশখালী ইউনিয়নের সাবেক সদস্য।
পারিবারিক সূত্রে জানা গেছে, পঙ্কজ কুমার দুপুরে নিজ বাড়ির আঙিনায় পানির মোটরের বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন। মেইন সুইচ বন্ধ করেই কাজ শুরু করেছিলেন তিনি। কাজ শেষে সব ঠিক আছে কি না দেখতে ভেজা হাতে সুইচবোর্ডে স্পর্শ করতেই তিনি প্রচ-ভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের ঝটকায় তিনি পাশের একটি খাদের মধ্যে ছিটকে পড়েন।
দুর্ঘটনার সময় ঘটনাস্থলে আশেপাশে কোনো মানুষ ছিল না। তবে পঙ্কজের সঙ্গেই ছিল তাঁর দীর্ঘদিনের বিশ্বস্ত পোষা কুকুরটি। মালিককে খাদের মধ্যে নিথর হয়ে পড়ে থাকতে দেখে কুকুরটি অস্বাভাবিক স্বরে চিৎকার ও ডাকাডাকি শুরু করে। দীর্ঘক্ষণ ধরে কুকুরের এমন আর্তনাদ শুনে পঙ্কজের মা, স্ত্রী এবং পাশের ঘেরের মালিকেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
তাঁরা দেখতে পান, পঙ্কজ কুমার অচেতন অবস্থায় খাদের মধ্যে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে তাঁর হাতের চারটি আঙুলে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পঙ্কজের পরিবারের সদস্যরা জানান, কুকুরটি যদি সময়মতো চিৎকার করে লোক জড়ো না করত, তবে হয়তো তাঁকে বাঁচানো সম্ভব হতো না। পোষা প্রাণীর এমন রাজভক্তিতে অভিভূত এলাকাবাসী। বর্তমানে পঙ্কজ কুমারের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

 

 

কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষোভ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষোভ, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

গ্রাচুইটি থেকে ‘লাঞ্চ ভাতা’ বা আহার ভর্তুকির অর্থ কেটে রাখার প্রতিবাদে এবং সেই টাকা ফেরতের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘদিনেও এই অর্থ ফেরত না পাওয়ায় একে ‘অমানবিক’ আখ্যা দিয়ে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
সোমবার সকালে খুলনার সোনাডাঙ্গা এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সাধারণ সভায় এসব দাবি ও অভিযোগ তুলে ধরা হয়। সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ব্যাংকের সাবেক কর্মকর্তারা অংশ নেন।

সভায় বক্তারা অভিযোগ করেন, ২০১৩ সালের সার্কুলার অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের জন্য দৈনিক ২০০ টাকা হারে আহার ভর্তুকি অনুমোদিত ছিল। কিন্তু ২০১৫ সালে বাণিজ্যিক নিরীক্ষা দলের (অডিট) আপত্তির মুখে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অজুহাতে অবসরে যাওয়া ব্যক্তিদের গ্রাচুইটি থেকে বড় অঙ্কের অর্থ কেটে রাখা হয়।
বক্তারা বলেন, একই সময়ে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীরা মুচলেকা (আন্ডারটেকিং) দিয়ে এই অর্থ উত্তোলনের সুযোগ পেলেও কৃষি ব্যাংকের ক্ষেত্রে তা করা হয়নি। বিশেষ করে খুলনা বিভাগে নিরীক্ষা কার্যক্রম চলায় এই অঞ্চলের অবসরপ্রাপ্তরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছেন।

সভায় অভিযোগ করা হয়, অসুস্থ ও আর্থিক সংকটে থাকা অনেক সাবেক কর্মকর্তার কাছ থেকে ১৫ হাজার থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত কেটে রাখা হয়েছে। অধিকাংশের ক্ষেত্রেই এই অঙ্ক এক লাখ টাকার ওপরে। বর্তমানে আহার ভর্তুকি ৪০০ টাকায় উন্নীত করা হলেও আগের কেটে রাখা টাকা ফেরতে ব্যাংক কর্তৃপক্ষ গড়িমসি করছে।
সাবেক উপমহাব্যবস্থাপক কাজী আশকার হোসেনের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমহাব্যবস্থাপক মঈনউদ্দীন আহমেদ ও সহকারী মহাব্যবস্থাপক তরফদার শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ সিদ্দিকুর রহমান।

সমস্যা সমাধানে সভায় সর্বসম্মতিক্রমে সাত সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। দাবি আদায়ে তাঁদের পরবর্তী পদক্ষেপগুলো হবেÑকোনো সংসদ সদস্যের মাধ্যমে জাতীয় সংসদে ‘দৃষ্টি আকর্ষণীয় নোটিশ’ উত্থাপন করা হবে। তাতে কাজ না হলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর আইনি নোটিশ পাঠানো হবে। দ্রুত সমাধান না মিললে পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

নবগঠিত কমিটিতে কাজী আশকার হোসেনকে আহ্বায়ক এবং শাহিদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। সভায় আরও বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান, আলিম আল রাজী, রনজিত কুমার সরকার, আশুতোষ শিকদারসহ অন্যান্য সাবেক কর্মকর্তারা। প্রেসবিজ্ঞপ্তি