পাটকেলঘাটায় বীজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটায় উৎকোচ না দেওয়াকে কেন্দ্র করে এক বীজ ব্যবসায়ীকে হয়রানি এবং তাঁর প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে জরিমানা করানোর অভিযোগ উঠেছে জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মেহেদী হাসানের নেতৃত্বে পাটকেলঘাটার কপোতাক্ষ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে মানঘোষিত ২৮ জাতের ধানবীজের প্যাকেটে ‘ভিত্তিবীজ’ লেখা অবস্থায় প্যাকেটজাত করে রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারা অনুযায়ী মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাসাধারণকে প্রতারিত করার অপরাধে কপোতাক্ষ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাধু অভিযোগ করে বলেন, জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের কর্মকর্তা এস এম নিজাম মাহমুদের কাছে তিনি ভিত্তিবীজ ২৮ জাতের ধানবীজ প্যাকেটজাত করার জন্য আবেদন করেছিলেন। কিন্তু ওই কর্মকর্তার যাতায়াত ও দাপ্তরিক খরচ বহন করতে না পারায় প্রয়োজনীয় ছাড়পত্র পাননি বলে দাবি করেন তিনি।
বিশ্বজিৎ সাধুর দাবি, ধানবীজ পরীক্ষার জন্য ওই কর্মকর্তার অনুমতি নিয়েই দুই কেজি করে মোট ২২টি প্যাকেট প্রস্তুত করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তার চাহিদা অনুযায়ী খরচ বহন না করায় তিনি প্যাকেটজাত ধানবীজ পরীক্ষা করতে অনীহা প্রকাশ করেন। প্রয়োজনীয় টাকা বা খরচ না দেওয়ায় ওই কর্মকর্তা তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে ব্যক্তিগতভাবে ব্যবসায়িক সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এস এম নিজাম মাহমুদ বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মোবাইল কোর্ট পরিচালনা করতে গেলে তাঁর বিরুদ্ধে এ ধরনের আর্থিক সহযোগিতা চাওয়ার মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
বিশ্বজিৎ সাধু বলেন, তিনি একজন উৎপাদক এবং ১৯৭৭ সাল থেকে এ পেশার সঙ্গে জড়িত। নিজ জমিতে ধান চাষ করে দীর্ঘদিন ধরে কৃষকদের বীজ সরবরাহের মাধ্যমে সেবা দিয়ে আসছেন। অথচ এখন তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করছে। এ ঘটনায় প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।









