শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় ১০ বছরের শিশুর বাল্যবিবাহ সম্পন্ন করানোর অভিযোগ থানায়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ১০ বছরের শিশুর বাল্যবিবাহ সম্পন্ন করানোর অভিযোগ থানায়

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ১০ বছর ৯ মাস বয়সী এক কন্যাশিশুর সঙ্গে ১৭ বছর ১১ মাস বয়সী এক কিশোরের বাল্যবিবাহ সম্পন্ন করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত নিকাহ রেজিস্টারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য সচিব ফাতেমা জোহরা বাদী হয়ে এ লিখিত আবেদন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা এলাকায় ওই অপ্রাপ্তবয়স্ক শিশু ও কিশোরের বাল্যবিবাহ সম্পন্ন হয়। এ সময় বর-কনে এবং উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন। ইউনিয়নের বিবাহ ও নিকাহ রেজিস্টার মাও. আলাউল করিম নিজে উপস্থিত থেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া নিকাহ রেজিস্টার বিবাহ রেজিস্ট্রেশন ফি বাবদ নগদ দুই হাজার টাকা গ্রহণ করেন। তবে বর ও কনে উভয়ের আইনানুগ বিবাহের বয়স পূর্ণ হলে রেজিস্ট্রেশনের বিষয়টি সম্পন্ন করা হবে বলে জানানো হয়। এ সময় সংশ্লিষ্ট নকল রেজিস্ট্রেশন বহিতে বর-কনের স্বাক্ষর নেওয়া হয়। ঘটনার বিষয়ে দুই শিশুর অভিভাবকসহ সংশ্লিষ্টদের স্বীকারোক্তি পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

বাল্যবিবাহের শিকার কন্যাশিশুটি স্থানীয় বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে, অপ্রাপ্তবয়স্ক কিশোরটি পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা এবং সে সাতক্ষীরা শহরের একটি মোটর গ্যারেজে কাজ করে। এত অল্প বয়সে বিয়ে সম্পন্ন হওয়ার ঘটনায় শিশুটির শিক্ষা, নিরাপত্তা এবং শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা ও স্বীকারোক্তি গ্রহণ করা হয়। একই সঙ্গে উক্ত বাল্যবিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী সময়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সভায় বিষয়টি আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে আইনানুগ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমানের দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে দুই শিশুর অভিভাবকদের স্বীকারোক্তি এবং ঘটনার সত্যতা যাচাইয়ের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তের নির্দেশক্রমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে নিকাহ রেজিস্টার মাও. আলাউল করিমের ভূমিকা, দায়িত্ব ও আইনগত এখতিয়ার, টাকা গ্রহণ এবং নকল রেজিস্ট্রেশন বহিতে স্বাক্ষর নেওয়ার বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও যাচাই করে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কন্যাশিশুটির শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা কার্যকর রাখার অনুরোধ করা হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা জানান, বিষয়টি জানার পর অফিস থেকে সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বোঝানোর পর মুচলেকা নিয়ে তাদের আলাদা করে দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে এবং বাল্যবিবাহ নিরোধ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Ads small one

হাসি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
হাসি

মোমিন রহমান
আগে যখন তুমি মৃদু হাসতে
চোখকে ছুঁতো তোমার সেই হাসি

এখন তুমি ভেঙে পড়ো
উচ্ছ্বসিত হাসিতে
কিন্ত চোখকে স্পর্শ
করে না এই হাসি

তখন তুমি বালিকা ছিলে
এখন রমণী!

নবান্ন ও চন্দ্রাহত একজন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
নবান্ন ও চন্দ্রাহত একজন

বাবুল চৌধুরী
খোলা চুলে বাইরে এসো না এই ঘোর পূর্ণিমা-রাতে
সনাতন চাঁদ আকাশে সওয়ার চাঁদের জোয়ার, তাই
জোছনায় আহত হতে পারো আমিও চন্দ্রগ্রস্থ বলে
এক শ’ বছর পেছনে তাকাই অথবা তারও বেশি –

সময়ের উল্টো স্রোতে, তোমার মুখে দেখি দীঘল
ফসলের মাঠ, চুলে খরতর নদী, ও শাড়ির জমিনে
জড়ানো স্থির অথবা অনেক উড়ন্ত ফিঙের ডানা,
আঁচলে আদরে আগলে রেখেছ নাকি ধান স্বর্ণালী!

আরেক মানবীর মতো তখন তুমি, যে মুখ বহু বছর
আগে দেখেছি – সে ছন্দে নাচে, উঠোনে হেসে যায়

এখনি ঢেঁকির শব্দ উঠবে, ঢেঁকিতে পড়ছে তার পা
স্বপ্নের ভেতর তার ছন্দিত পা দেখি, ধান ভাঙা হলে
এখনই দেবে সে নবান্নের ডাক, এখন চাঁদের মতো
সব থালা ভরবে নতুন খাদ্য-কণায়, নিরন্ন লোকালয়

নবান্নের সাড়া পেয়ে যায়, আকাশে চাঁদের জোয়ার –
এ নবান্নে নিমগ্ন আমি – খোলাচুলে বাইরে এসো না

আমার ক্লান্ত চোখ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
আমার ক্লান্ত চোখ

জাকিয়া রহমান
আমার ক্লান্ত চোখ যখন–
সবুজের সমারোহে খানিকটা বিশ্রাম নিতে চায়
জীবনানন্দ, তোমার কবিতার শব্দ লহরী তখন মনে এলে
মনের দুগাঙ্গে শীতল স্বচ্ছ জলের ছোঁয়ায়
‘পৃথিবীকে মায়াবীর নদীর পারের দেশ ব’লে মনে হয়’।
দুচোখের সব ক্লান্তি আমার তখন,
নীলাম্বরী মেঘ গাংচিলের সাথে উড়ে উড়ে
ভেসে চলে আর নীলাম্বরীর ছাউনির ঊণ দেখে বিমূঢ়
‘মস্ত বড় ময়দানÑ দেবদারু পামের নিবিড় মাথাÑ মাইলের পর মাইল;
দুপুরবেলার জনবিরল গভীর বাতাস
দূর শূন্যে চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হ’য়ে হারিয়ে যায়’।
সহসা সম্বিৎ পেয়ে আমার ক্লান্ত চোখ চেয়ে দেখে-
‘শুয়েছে ভোরের রোদ’
‘অলস গেঁয়োর মতো এইখানে’- এরিনের সবুজ মেখলায়।
আর ‘মাঠের ঘাসের গন্ধ বুকে তারÑচোখে তার শিশিরের ঘ্রাণ’।
সে সৌরভ নিঃশ্বাসের পাপড়ির গায়ে ছুঁয়ে দিয়ে যায়,
এক আকণ্ঠ প্রাণময়তার আবেগ
আর চোখের ক্লান্তি জীবনের জানালায় উঁকি দিয়ে অনুভব করে
‘বাতাসের বুকে স্পৃহা, উৎসাহ, জীবনের ফেনা’।