মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
ফকিরহাটে ১১ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা

সৈয়দ অনুজ, ফকিরহাট (বাগেরহাট): বাগেরহাটের ফকিরহাটে ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। উপজেলার ছোটবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই শিশুর বাবা নিজ বাদী হয়ে শুক্রবার (২২ মে) রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করেন। যার নং-১৫, তারিখ-২২/০৫/২০২৬ খ্রী.।

পুলিশ মামলার বরাত দিয়ে জানান, ভিকটিম শিশুর বাবা একজন দরিদ্র ভ্যান চালক। সেই সুবাদে প্রতিদিন সকালে তিনি ভ্যানটি বাড়ি থেকে বের করে সামনে রাস্তার উপর রাখেন। গত ১৮ মে সকাল ১০টার দিকে ওই শিশু ভ্যানটি পরিস্কার করছিল। এসময় অভিযুক্ত আসামী ওই শিশুকে পিছন দিক থেকে জাপটে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। ঘটনার সময় ওই শিশুর ডাক চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এসময় অভিযুক্ত আসামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ওই শিশুর বাবা ২২ মে রাতে ফকিরহাট উপজেলার ছোটবাহিরদিয়া এলাকার মৃত জালাল শেখের ছেলে শওকত শেখ (৪১) কে অভিযুক্ত করে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। তিনি আরও বলেন, ওই আসামী সম্প্রতি একটি মাদক মামলায় ছাড়া পেয়ে এ ঘটনা ঘটায়। আসামী বিভিন্ন সময়ে স্কুলগামী ছাত্রীদের নানাভাবে উত্যাক্ত করে আসছিল বলে তিনি জানান।

Ads small one

কালিগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্য করে জমি দখলের অভিযোগ

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে জমির গাছপালা কর্তন ও ঘেরা-বেড়া ভাঙচুরের অভিযোগ উঠেছে আব্দুল হাই মোড়ল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ২০ আগস্ট গভীর রাতে কালিগঞ্জের মুকুন্দ-মধুসূদনপুর গ্রামের মৃত শাকের আলী সানার ছেলে আব্দুস সালামের জমিতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ১০ আগস্ট আব্দুস সালাম বাদী হয়ে আছের আলী মোড়লের ছেলে আব্দুল হাই মোড়ল, তাঁর স্ত্রী মোছা. রুমিয়া খাতুনসহ অচেনা ৪-৫ জনকে বিবাদী করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় একটি মামলা (নং-১০৭২/২৬) দায়ের করেন। শুনানি শেষে আদালত আগামী ১০ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন।
ভুক্তভোগী আব্দুস সালাম জানান, ক্রয়সূত্রে জমির মালিক হয়ে তিনি ভোগদখলে ছিলেন। আদালতের ১৪৫ ধারার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তিরা পুনরায় ঘেরা-বেড়া ভাঙচুর করেছেন। তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সীমান্তে বাড়ছে পাচার: মাদকে ভাসছে সাতক্ষীরা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
সীমান্তে বাড়ছে পাচার: মাদকে ভাসছে সাতক্ষীরা

সংবাদদাতা: সাতক্ষীরা জেলার সঙ্গে ভারতের ২৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে স্থল, নদী এবং সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা অন্তর্ভুক্ত। অভিযোগ রয়েছে, এসব সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত মাদক পাচার হয়ে আসছে। বিজিবি, পুলিশ ও র‌্যাবের নিয়মিত অভিযান সত্ত্বেও মাদকের কারবার নিয়ন্ত্রণে আসছে না।
জানা গেছে, সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ও নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে জব্দ করা প্রায় ১০৪ কোটি টাকার মাদক সম্প্রতি ধ্বংস করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ অন্যান্য মাদক জব্দ করলেও কারবার বন্ধ হচ্ছে না। গ্রাম থেকে শহর—সর্বত্রই বাড়ছে এর প্রভাব।
সীমান্তবর্তী বাসিন্দাদের সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় সক্রিয় চোরাচালান সিন্ডিকেটগুলোর মাধ্যমেই মূলত এসব উপাদান আনা হয়। বিভিন্ন সীমান্ত পয়েন্টে নির্দিষ্ট কিছু ব্যক্তি এসব সিন্ডিকেট পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে।
সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর সাগর জানান, স্থানীয় পর্যায়ে মাদক প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে এবং সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে।
সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম জানান, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৭৪ জনকে আটক করা হয়েছে এবং ৫১টি মামলা হয়েছে। মাদকের বিষয়ে কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতি অবলম্বন করা হয়েছে।
খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িয়ে পড়লে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা হওয়ায় ঝুঁকি বেশি, তবে মূল ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে। তবে মাদকের স্থানীয় চাহিদা বৃদ্ধি পাওয়ায় সরবরাহ রোখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সংবাদদাতা: শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নীতি-নৈতিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর উত্তর থানা শাখার উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় সদর উত্তর থানা শাখার সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে ও সম্পাদক আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সম্পাদক মো. নুরুন্নবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব শর্মা, ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার কলেজ ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা এবং সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম। প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতি শ্রেণি থেকে সেরা ৩ জন করে মোট ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে মেধা পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন।