সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার বিয়ে, থানায় জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই নিয়ে বিধবার বিয়ে, থানায় জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্র ও টিপসই নিয়ে বিধবার জাল কাবিননামা তৈরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে দুই জনের নাম উল্লেখ করে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে ফুলবাড়িয়া থানায় নিজেই এ অভিযোগ জমা দেন ওই নারী। এরপর গতকাল শুক্রবার দুপুরে ঘটনাটি তদন্তে ভুক্তভোগীর বাড়িতে যায় পুলিশ।

অভিযুক্ত দুই জন হলেন- স্থানীয় কসমেটিক ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য আবদুস ছাত্তার এবং ভুক্তভোগী নারীর ছেলের উকিলশ্বশুর আবদুল কদ্দুস।

ভুক্তভোগী নারী জানান, প্রায় ১৩ বছর আগে তার স্বামী মারা যান। এরপর মানুষের জমিতে কাজ করে পাঁচ ছেলেকে বড় করেন। সম্প্রতি এক ছেলের উকিলশ্বশুর আবদুল কদ্দুস তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে তিনি রাজি না হচ্ছিলেন না। পরে কদ্দুসের পক্ষ নিয়ে স্থানীয় আবদুস ছাত্তার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তার কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেন। একটি কাগজে নেওয়া হয় টিপসই। এরপর এলাকায় ছড়িয়ে পড়ে তার বিয়ে হয়ে গেছে এবং একটি কাবিননামাও এলাকার লোকজনকে দেখানো হয়। তবে বিয়ের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন ওই নারী।

বৃহস্পতিবার রাতেই ভাইয়ের সঙ্গে গিয়ে ফুলবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দেন ওই নারী। গতকাল শুক্রবার দুপুরে ফুলবাড়িয়া থানার একজন এসআই তদন্তের জন্য ভুক্তভোগীর বাড়িতে যান।

এদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে বিয়ে হয়ে গেছে— এমন ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার প্রথম বুধবার দ্বিতীয় সালিশে বসেন এলাকাবাসী; কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা সালিশে না আসায় শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এর মধ্যে জামায়াত নেতা আবদুল ছাত্তারকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছিল; কিন্তু এতে তিনি সাড়া দেননি।

সালিশে থাকা স্থানীয় প্রাণী চিকিৎসক মোস্তফা কামাল বলেন, ‘শুক্রবার কোনও সালিস হয়নি। ওই নারী থানায় অভিযোগ দেওয়ায় এটি এখন আইনিভাবেই শেষ হবে। সে কারণে গ্রামের মানুষ সালিশ থেকে সরে এসেছেন। ছাত্তার জামায়াতের নেতা হওয়ায় এলাকায় টুকটাক মাতবরি করতেন। ওই নারীকে বিয়ে করতে আগ্রহী কদ্দুসেরও যোগাযোগ ছিল ছাত্তারের সঙ্গে। নিজের বিয়ের বাসনা পূরণ করতে ছাত্তারকে দিয়ে সব কাজ করিয়েছেন কদ্দুস, আমরা এমনটি ধারণা করছি।’

ঘটনার পর থেকে কদ্দুসকে এলাকায় পাওয়া যাচ্ছে না। তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। অন্যদিকে শুরু থেকে অভিযোগ অস্বীকার করে যাচ্ছেন জামায়াতের ইউনিয়ন কমিটির সহযোগী সদস্য আবদুস ছাত্তার। শুক্রবার বিকালে তার মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

ঘটনার শিকার ওই নারী বলেন, ‘এলাকার সালিশে ওরা (আবদুল কুদ্দুস ও আবদুস সাত্তার) না আসায় আমি থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ গতকাল এসে তদন্ত করে গেছে। দেখি, পুলিশ কী ব্যবস্থা নেয়। কদ্দুসের হয়ে ছাত্তার কেন স্বাক্ষর নিলো তা জানি না।’

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানান, ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বিয়ের প্রলোভন, অসদুপায়ে এনআইডি ও টিপসই নিয়ে কাবিননামা তৈরির অভিযোগ করা হয়েছে।

ওসি বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কাবিননামাসহ মূল কাগজপত্রগুলো খোঁজা হচ্ছে। কোন কাজি এটি করেছেন, তা বের করতে পুলিশ কাজ করছে। কাগজপত্র পাওয়ার পর যাচাই–বাছাই করে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’

Ads small one

শিক্ষার মানোন্নয়নে ডি.বি. ইউনাইটেড হাইস্কুল পরিদর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
শিক্ষার মানোন্নয়নে ডি.বি. ইউনাইটেড হাইস্কুল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ডি.বি. ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. এনামুল হক। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পাঠদানের মান, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পরিদর্শনকালে বিদ্যালয়ের দাপ্তরিক নথিপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন বিদ্যালয় পরিদর্শক। নথিপত্রের যথাযথ সংরক্ষণ, প্রশাসনিক কার্যক্রম, শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলকে সঙ্গে নিয়ে বিভিন্ন শ্রেণিকক্ষ, পরীক্ষা কক্ষ ও ক্যাম্পাস ঘুরে দেখেন অধ্যাপক এনামুল হক। এ সময় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠে মনোযোগী করা এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

পরীক্ষার কক্ষ পরিদর্শনকালে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশ্নপত্র সম্পর্কে জানতে চাইলে শিক্ষার্থীরা জানায়, সারা বছর শ্রেণিকক্ষে শিক্ষকদের পাঠদান করা বিষয় থেকেই প্রশ্ন করা হয়েছে। ফলে তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশ নিতে পারছে। শিক্ষার্থীদের এমন প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন বিদ্যালয় পরিদর্শক।

বিদ্যালয়ের শৌচাগার ও পরিচ্ছন্নতা ব্যবস্থা ঘুরে দেখেও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখায় শিক্ষার্থী ও পরিচ্ছন্নতাকর্মীদের প্রশংসা করেন। আগামী শিক্ষাবর্ষগুলোতেও পাঠদান কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের প্রস্তুত করা প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুলের নেতৃত্বে শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা, নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখার কার্যক্রম পরিদর্শকের নজর কাড়ে। বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক পরিবেশের ধারাবাহিক উন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষা বোর্ডের এ ধরনের আকস্মিক পরিদর্শন বিদ্যালয়ে জবাবদিহি, দায়িত্বশীলতা ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার

Oplus_131072

এসএম বিপ্লব হোসেন: সাতক্ষীরা জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্রের সামনে থেকে টেনিস বল আকৃতির একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বস্তুটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন।

ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টেনিস বল আকৃতির একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখে তা উদ্ধার করে। তবে বিশেষজ্ঞদের মতামত ছাড়া বস্তুটি প্রকৃতপক্ষে কী, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বস্তুটি কে বা কারা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সভা

সংবাদদাতা: সাতক্ষীরায় এসিড আক্রান্তদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের (এসবিজিএন) বার্ষিক সাধারণ সভা, র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের উদ্যোগে উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশনএইডের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে জেলার এসিড আক্রান্ত নারী-পুরুষ, উন্নয়নকর্মী, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুধীজন অংশ নেন।

স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম। সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান, শিক্ষাবিদ আবদুল হামিদ, মুফতি আখতারুজ্জামান, এসিড সারভাইভর আসমা খাতুন ও গঙ্গা দাসী। এ ছাড়া সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, শরিফুল্লাহ কায়সার সুমন, গোলাম সরোয়ার, বেলাল হোসেন ও উন্নয়নকর্মী সাকিবুর রহমান বাবলাসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় নেটওয়ার্কের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন এসবিজিএনের প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, এসিড আক্রান্ত ব্যক্তিরা অত্যন্ত সাহসী। তাঁরা প্রতিকূলতাকে জয় করে জীবন এগিয়ে নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি এসিড আক্রান্তদের তালিকা প্রস্তুত করে উপজেলা প্রশাসনের কাছে দেওয়ার জন্য স্বদেশের নির্বাহী পরিচালককে অনুরোধ করেন এবং তাঁদের সরকারি সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।

তিনি বলেন, এসিড আক্রান্ত ব্যক্তিরা সমাজেরই অংশ। তাঁদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাঁদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সমাজে নতুন করে এসিড সন্ত্রাসের ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং বিত্তবানদের সহযোগিতায় আক্রান্তদের বহুমুখী সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

সাতক্ষীরায় এসিড নিক্ষেপের ঘটনা শূন্যে নামিয়ে আনতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বদেশ ও একশনএইডের ভূমিকার প্রশংসা করেন তিনি। সমাবেশে অর্থনৈতিকভাবে সফল এসিড সারভাইভররা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য নিয়ে স্টলও দেন।