শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিসের পর গ্র্যামির জন্য লড়বে ‘ধুরন্ধর ২’, ব্যাপক ক্যাম্পেইনের আয়োজন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
বক্স অফিসের পর গ্র্যামির জন্য লড়বে ‘ধুরন্ধর ২’,  ব্যাপক ক্যাম্পেইনের আয়োজন

বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙার পর এবার গ্র্যামি আওয়ার্ডস হাতছাড়া করতে চান না রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবির নির্মাতারা। তাদের লক্ষ্য এখন এই পুরস্কার। আদিত্য ধর পরিচালিত এই ছবির গান জমা পড়েছে ২০২৭ সালের ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের একাধিক বিভাগে।

টি-সিরিজ এবং বি৬২ স্টুডিওজের তরফে এই খবর জানানো হয়েছে। ছবির পুরো অ্যালবাম যেমন জমা দেওয়া হয়েছে, তেমনই আলাদা করে পাঠানো হয়েছে মোট ৯টি গান। শুধু তাই নয়, গ্র্যামি জয়ের জন্য ব্যাপক হারে ক্যাম্পেইন করবে ছবির নির্মাতারা।

কোন গান কোন বিভাগে?

সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেবের তৈরি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পুরো অ্যালবাম জমা পড়েছে ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে।

অরিজিৎ সিংয়ের গাওয়া ‘ফির সে’ জমা পড়েছে ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে। বম্বে রকার্স, খান সাব, জ্যাসমিন স্যান্ডলাস, রেবল, টোকেন এবং সুধীর যাদুবংশীদের গাওয়া ‘আরি আরি’ পাঠানো হয়েছে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগে।

এ ছাড়াও ‘জান সে গুজরাতে হ্যায়’ এবং ‘কানহাইয়া’ জমা পড়েছে ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে। জ্যাসমিন স্যান্ডলাস ও সতিন্দর সরতাজের গাওয়া ‘যাইয়ে সাজনা’ রয়েছে ‘বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স’ বিভাগের তালিকায়।

অন্য গানগুলির মধ্যে ‘ডেস্টিনি- মন আটকিয়া’ জমা পড়েছে ‘বেস্ট র‌্যাপ পারফরম্যান্স’-এর জন্য, ‘ভারি জাভান’ পাঠানো হয়েছে ‘বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং’ বিভাগে এবং ‘হাম প্যায়ার করনে ওয়ালে’ রয়েছে ‘বেস্ট রিমিক্সড রেকর্ডিং’ বিভাগের জন্য জমা দেওয়া গানগুলির তালিকায়।

গ্র্যামির দৌড়ে নাম লেখানোর আগে থেকেই বাণিজ্যিক সাফল্যের নিরিখে আলোচনায় ‘ধুরন্ধর’ সিরিজ। ২০২৫ সালে মুক্তি পেয়েছিল প্রথম ছবি ‘ধুরন্ধর’। তারপর ২০২৬ সালের মার্চে মুক্তি পায় দ্বিতীয় ভাগ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। বাণিজ্য বিশ্লেষক ওয়েবসাইট স্যাকনিকের রিপোর্ট অনুযায়ী, দুটি ছবি মিলিয়ে বিশ্বজুড়ে আয় হয়েছে প্রায় ৩ হাজার কোটি টাকা। এই আয় ‘বাহুবলী’ এবং ‘পুষ্পা’ সিরিজের সম্মিলিত আয়ের চেয়েও বেশি বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

মুক্তির দিনেই ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভারতে ১০২ দশমিক ৫৫ কোটি টাকার ব্যবসা করেছিল। চলতি বছরের মার্চে দেশজুড়ে ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পেয়েছিল ছবিটি।

Ads small one

সাংবাদিক বাপ্পার বাবা-মায়ের মাগফিরাত কামনায় দেবহাটা মসজিদে দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
সাংবাদিক বাপ্পার বাবা-মায়ের মাগফিরাত কামনায় দেবহাটা মসজিদে দোয়া

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাংবাদিক সৈয়দ রেজাউল করিম বাপ্পার প্রয়াত বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুমা দেবহাটা মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে মুসল্লিরা মরহুমের বাবা-মায়ের আত্মার মাগফিরাত, কবরের শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় সৈয়দ রেজাউল করিম বাপ্পা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাতের মধ্য দিয়ে দোয়া অনুষ্ঠান শেষ হয়।

দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
দেবহাটায় চুরি মামলায় দুই আসামি গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত আড়াইটার দিকে দেবহাটা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হাদিপুর গ্রামের শেখ সালাউদ্দিনের ছেলে মো. শাওন শেখ (২৩), বর্তমানে চাঁদপুর এলাকায় বসবাস করেন এবং মাঝ সখিপুর গ্রামের মো. সেলিম গাজীর ছেলে মো. নয়ন হোসেন (২৫)।

পুলিশ জানায়, দেবহাটা থানার মামলা নম্বর ১০, তারিখ ২৭ নভেম্বর ২০২৬-এর এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরে শুক্রবার তাঁদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

ধুলিহরে ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
ধুলিহরে ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলায় মুগ্ধ দর্শক

জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি ও সার্কাস খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজিত এ খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. তাকদীর আহসান রুবেল। সভাপতিত্ব করেন ইউপি সদস্য আলহাজ মো. আনিছুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান, ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. কবির হোসেন, বর্তমান সভাপতি মো. ফারুক হোসেন (মিঠু), সাবেক সভাপতি মো. কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আনারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা (বাবু), সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজান সিরাজ, মেম্বর পদপ্রার্থী মো. আহেদুজ্জামান শামীম সানা ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইউছুপ মোড়ল।

প্রধান অতিথির বক্তব্যে তাকদীর আহসান রুবেল বলেন, লাঠি ও সার্কাস খেলা গ্রামবাংলার শত বছরের ঐতিহ্য। খেলাধুলা বিনোদনের পাশাপাশি যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম গড়ে তোলার ঘোষণা দেন তিনি। একই সঙ্গে আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন মো. আব্দুল্লাহ সানা, মো. সাইফুল্লাহ, সহিদুল ইসলাম ও আসাদুল ইসলাম। দিদারুল ইসলাম খোকার উদ্যোগে ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ আয়োজন করেন।