বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

বাড়তে পারে যেসব পণ্যের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
বাড়তে পারে যেসব পণ্যের দাম

তামাকপণ্য থেকে আমদানি করা গাড়ি, কাজুবাদাম, মধু ও নির্মাণসামগ্রীতে নতুন অর্থবছরের বাজেটে শুল্ক ও কর বৃদ্ধির প্রভাবে বাড়তে পারে। কারণ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি পণ্য ও সেবার ওপর শুল্ক ও কর বৃদ্ধি করেছে সরকার। এর ফলে বাজারে কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সিগারেট, আমদানি করা জ্বালানিচালিত গাড়ি, বিদেশি কাজুবাদাম, মধু, সুপারি, রড এবং বিভিন্ন আমদানিনির্ভর ভোগ্যপণ্যের দাম বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব শুল্ক ও কর সংশোধনের প্রস্তাব দেন। বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই এসব পরিবর্তন কার্যকর হয়েছে।

সিগারেটে বাড়ছে করের চাপ

জনস্বাস্থ্য সুরক্ষার যুক্তিতে সিগারেটের সব স্তরের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের মূল্য ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরের ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে নিকোটিন গ্র্যানুলস ও নিকোটিন পাউচের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে এসব পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বাড়বে।

তেলচালিত গাড়ি কেনা হবে আরও ব্যয়বহুল

পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাকে উৎসাহ দিতে অভ্যন্তরীণ দহন ইঞ্জিন (আইসিই) চালিত গাড়ির ওপর করভার বাড়িয়েছে সরকার। বিশেষ করে ১,২০০ থেকে ১,৬০০ সিসি ক্ষমতাসম্পন্ন আমদানি করা পেট্রল, অকটেন বা ডিজেলচালিত গাড়ির করভার ১৩২ শতাংশের বেশি থেকে প্রায় ১৫৬ শতাংশে উন্নীত করা হয়েছে।

এতে মধ্যম আয়ের ক্রেতাদের মধ্যে জনপ্রিয় গাড়িগুলোর দাম আরও বেড়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিদেশি কাজুবাদাম, মধু ও সুপারিতে বাড়তি শুল্ক

দেশীয় উৎপাদনকে সুরক্ষা দিতে অপ্রক্রিয়াজাত ও প্রক্রিয়াজাত কাজুবাদামের আমদানি শুল্ক যথাক্রমে ১ ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। ফলে বিদেশি কাজুবাদামের দাম বাড়বে।

এছাড়া আমদানি করা প্রাকৃতিক মধুর ন্যূনতম শুল্কায়ন মূল্য প্রতি ইউনিটে ২ ডলার বাড়ানো হয়েছে। একইভাবে সুপারি আমদানির ক্ষেত্রেও শুল্কায়ন মূল্য বৃদ্ধি করা হয়েছে। ফলে এসব পণ্য আমদানিতে করের পরিমাণ বাড়বে এবং বাজার দরেও তার প্রভাব পড়তে পারে।

বিদেশি খাদ্যপণ্যের দামও বাড়ার আশঙ্কা

সুগার কনফেকশনারি, কফি, প্রস্তুতকৃত খাবারসহ বিভিন্ন আমদানিনির্ভর খাদ্যপণ্যের শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। ফলে আমদানিকারকদের কর ব্যয় বৃদ্ধি পাবে, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ে পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, বিলাসী ও প্রক্রিয়াজাত বিদেশি খাদ্যপণ্যের বাজারে মূল্যবৃদ্ধির চাপ তৈরি হবে।

এলপিজি সিলিন্ডার ও প্রসাধনীতে বাড়তি খরচ

কম্পোজিট এলপিজি সিলিন্ডার আমদানির ওপর ভ্যাট আরোপ করায় এসব সিলিন্ডারের দাম বাড়তে পারে। একই সঙ্গে লিপলাইনার, লিপজেলসহ কিছু প্রসাধনী পণ্যের শুল্কায়ন মূল্যও বাড়ানো হয়েছে।

ফলে বিদেশি ব্র্যান্ডের প্রসাধনী ব্যবহারকারীদের অতিরিক্ত খরচ গুনতে হতে পারে।

দেশি মাছ ও কৃষিপণ্যেও প্রভাব

দেশীয় মৎস্য প্রক্রিয়াকরণ শিল্পকে সুরক্ষা দিতে আমদানি করা পাঙাশ মাছের ফিলের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এতে বিদেশি পাঙাশের ফিলের বাজার আরও ব্যয়বহুল হতে পারে।

নির্মাণ খাতে বাড়তে পারে ব্যয়

বাজেটে রড উৎপাদনের বিভিন্ন কাঁচামালের ওপর ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। ফলে নির্মাণ খাতের অন্যতম প্রধান উপকরণ রডের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

রডের মূল্যবৃদ্ধি হলে আবাসন ও অবকাঠামো খাতের নির্মাণ ব্যয়ও বাড়তে পারে। এতে ফ্ল্যাট, বাড়ি ও বিভিন্ন নির্মাণ প্রকল্পের খরচে নতুন চাপ সৃষ্টি হতে পারে।

টাইলস, স্যানিটারিওয়্যার ও গৃহস্থালি পণ্যেও মূল্যবৃদ্ধির সম্ভাবনা

শুল্ক ও শুল্কায়ন মূল্য বৃদ্ধির কারণে বিদেশি টাইলস, স্যানিটারিওয়্যার, বেসিন, ফোম, মাইক্রোওয়েভ ওভেন, সাইকেল, খেলনা এবং বিভিন্ন গৃহস্থালি পণ্যের দামও বাড়তে পারে।

ব্যবসায়ীরা বলছেন, আমদানিনির্ভর এসব পণ্যের ক্ষেত্রে কর বৃদ্ধির পুরো চাপ শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই পড়ার সম্ভাবনা বেশি।

কী বলছেন বিশ্লেষকরা

অর্থনীতিবিদদের মতে, নতুন বাজেটে একদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমিয়ে সাধারণ মানুষের স্বস্তি বাড়ানোর চেষ্টা করা হয়েছে, অন্যদিকে বিলাসী ও আমদানিনির্ভর পণ্যের ওপর কর বাড়িয়ে রাজস্ব আহরণ এবং দেশীয় শিল্পকে সুরক্ষার কৌশল নেওয়া হয়েছে।

তবে কর বৃদ্ধির কারণে কিছু পণ্যের বাজারে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। বিশেষ করে নির্মাণসামগ্রী, ব্যক্তিগত পরিবহন এবং বিদেশি ভোগ্যপণ্যের ক্ষেত্রে এর প্রভাব দ্রুত দৃশ্যমান হওয়ার আশঙ্কা রয়েছে।

যেসব পণ্যের দাম বাড়তে পারে

সিগারেট ও নিকোটিন পাউচ
১২০০-১৬০০ সিসি তেলচালিত গাড়ি
বিদেশি কাজুবাদাম
বিদেশি মধু
বিদেশি সুপারি
আমদানি করা কফি ও প্রক্রিয়াজাত খাদ্য
বিদেশি পাঙাশ মাছের ফিলে
এলপিজি সিলিন্ডার
লিপলাইনার ও লিপজেল
রড
বিদেশি টাইলস ও স্যানিটারিওয়্যার
মাইক্রোওয়েভ ওভেন
সাইকেল ও খেলনা।

Ads small one

পাটকেলঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে পাটকেলঘাটা বাবলু মার্কেটের সামনে মহাসড়কের পাশে আমগাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে মহৎ উদ্যোগ নিয়েছেন, তা বাস্তবায়নে মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে কাজ করা হবে। এখন থেকে জেলার বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি অব্যাহত থাকবে।
বাবলু মার্কেটের স্বত্বাধিকারী ও ব্যবসায়ী আলহাজ বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহসভাপতি গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ ও যুবদল-ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা।

দেশ উন্নয়নে প্রধানমন্ত্রী পিতার মতো দায়িত্ব নিয়ে কাজ করছেন: হাবিবুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
দেশ উন্নয়নে প্রধানমন্ত্রী পিতার মতো দায়িত্ব নিয়ে কাজ করছেন: হাবিবুল ইসলাম

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দেশের মানুষের ভাগ্য ও জীবনমান পরিবর্তনের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সফল প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জনগণের উন্নয়নে পিতার মতো দায়িত্ব নিয়ে কাজ করে চলেছেন।
বুধবার বিকেল ৫টায় পাটকেলঘাটায় একটি মোটরসাইকেল শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব ও কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করেছিলেন, তাঁদেরই উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য কাজ করছেন। সাধারণ মানুষের সুবিধার্থে সরকার দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে। এ সময় তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, দেশের সার্বিক উন্নয়নে তাদের কোনো ইতিবাচক ভূমিকা নেই, তারা সব সময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পছন্দ করে।

শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয়ে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনক।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, শ্যামনগর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলুসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির আগে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী প্রাথমিক শিক্ষা পদক বিতরণ ও প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির মূল উদ্বোধনী অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।