রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু আর নেই

বিজ্ঞানী, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক ড. পূরবী বসু আর নেই। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১টায় ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসি শহরে নিজ বাসভবনে ঘুমের মধ্যে তিনি মারা যান। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

ড. পূরবী বসুর ছেলে দীপেন দত্ত মায়ের প্রয়াণের খবর জানিয়ে ফেসবুক পোস্টে এক আবেগঘন বার্তায় তার দীর্ঘ ও সংগ্রামী জীবনের কথা তুলে ধরেছেন। এছাড়াও তার স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন পারকিনসন্স রোগে ভুগছিলেন পূরবী। আগে স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। একটি সড়ক দুর্ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু হয়।

দীপেন দত্ত জানান, গত দুই বছর আগে বড় ধরনের স্ট্রোক করেন পূরবী বসু। পাঁচ বছর আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এর ১২ বছর আগে ক্যানসার জয় করেছিলেন তিনি। প্রায় ২০ বছর আগে পারকিনসন্স রোগ ধরা পড়ার পরও অদম্য মনোবল নিয়ে বেঁচে ছিলেন পূরবী বসু।

মায়ের স্মৃতিচারণ করে দীপেন দত্ত বলেন, ‘আমার মা আমার দেখা সবচেয়ে শক্তিশালী মানুষ ছিলেন। প্রকৃতির এক সত্যিকারের অপ্রতিরোধ্য শক্তি, যিনি তার সংস্পর্শে আসা প্রতিটি মানুষের মনে গভীর রেখাপাত করে গেছেন এবং অসংখ্য মানুষের জীবনকে উন্নত করেছেন।’

জীবনভর বিজ্ঞান ও মানবকল্যাণে ব্রতী থাকা এই মানুষটির আজীবনের ইচ্ছা অনুযায়ী, তার মরদেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষণার জন্য ইউনিভার্সিটি অব মায়ামিতে দান করার প্রক্রিয়া চলছে।

বাংলা সাহিত্য, বিজ্ঞান এবং নারী আন্দোলনের অঙ্গনে ড. পূরবী বসু এক দীপ্তময় ও বরেণ্য নাম। বহুমুখী প্রতিভার অধিকারী এই মহীয়সী নারী একাধারে একজন কৃতি বিজ্ঞানী, প্রাবন্ধিক, ছোটগল্পকার, কবি এবং ঔপন্যাসিক। তার লেখনিতে ফুটে উঠেছে বিজ্ঞানের শাণিত যুক্তি ও সূক্ষ্ম বিশ্লেষণ, বাংলার সমাজজীবনের গভীরে প্রোথিত অবহেলিত মানুষের বেদনাবোধ, নারীর আত্মোপলব্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বার্তা।

ড. পূরবী বসু ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। চতুর্থ শ্রেণিতে পড়াকালীন তার লেখা একটি গোয়েন্দা গল্প স্থানীয় দেয়াল পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং মুন্সিগঞ্জের একটি স্থানীয় দৈনিক পত্রিকার ছোটদের পাতা- যেমন ‘কচিকাঁচার আসর’, ‘সাত ভাই চম্পা’ এবং ‘খেলাঘর’-এ নিয়মিত লেখালেখি শুরু করেন।

১৯৫৯ সালে প্রখ্যাত সাহিত্যিক আহসান হাবীব সম্পাদিত তৎকালীন দৈনিক পাকিস্তান (বর্তমান দৈনিক বাংলা) পত্রিকার সাহিত্য পাতায় তার একটি গল্প প্রকাশিত হয়, যা তার সাহিত্যিক জীবনে একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। সাহিত্যচর্চার পাশাপাশি শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি বিষয়ে স্নাতক (অনার্স) ডিগ্রি অর্জন করেন। ফার্মেসিতে পড়াশোনা শেষ করার পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা মেডিক্যাল কলেজ অব পেনসিলভেনিয়া থেকে প্রাণ-রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরে ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ডক্টরেট ডিগ্রি অর্জনের পর তিনি পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন এবং তার গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গবেষণা বৃত্তি লাভ করেন। তার বহু গবেষণা-প্রবন্ধ বিশ্বের নানা খ্যাতনামা বিজ্ঞান ও চিকিৎসা বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে।

ড. পূরবী বসুর পেশাগত জীবন অত্যন্ত বৈচিত্র্যময় ও সমৃদ্ধ। বিজ্ঞানচর্চা ও গবেষণা ছিল তার পেশাগত জীবনের মূল ভিত্তি। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশ্ববিখ্যাত মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারে গবেষণা কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মজীবন শুরু করেন। পরে তিনি কর্নেল ইউনিভার্সিটিতে অধ্যাপনার সঙ্গ যুক্ত হন।

দীর্ঘকাল প্রবাসে বিজ্ঞান সাধনা ও অধ্যাপনা শেষে তিনি স্বদেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে উচ্চ পদে যোগদান করেন। এছাড়া তিনি বাংলাদেশের সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিগত জীবনে তিনি ১৯৬৭ সালের ২৪ সেপ্টেম্বর একুশে পদক বিজয়ী প্রখ্যাত সাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদেরে এক মেয়ে ও এক ছেলে রয়েছেন।

ছোটবেলায় লেখালেখি শুরু করলেও পেশাগত জীবনের ব্যস্ততা পেরিয়ে ১৯৮৯ সালে সমবায় প্রকাশনী থেকে তার প্রথম মৌলিক গল্পের বই ‘পূরবী বসুর গল্প’ প্রকাশিত হয়।

তার গল্পে, উপন্যাসে বিশেষভাবে ফুটে উঠেছে সমাজের অবহেলিত, নিপীড়িত, প্রান্তিক মানুষ এবং ধর্মীয় সংখ্যালঘু ও দরিদ্র জনগণের জীবনসংগ্রামের বাস্তব চিত্র।

তার রচনায় নারীর অধিকার, নারীবাদী ধ্যান-ধারণা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বাণী অত্যন্ত জোরালোভাবে উঠে এসেছে। তার প্রবন্ধগ্রন্থের মধ্যে ২০১৩ সালে প্রকাশিত ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ অত্যন্ত প্রশংসিত হয়। এই বইটিতে ১৩টি প্রবন্ধে ১৮টি পুরাণ ও উপপুরাণসহ প্রাচ্যের রূপকথা ও উপকথার নারী চরিত্র এবং তাদের ঘটনাবলির সুগভীর মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

এছাড়া বেঙ্গল পাবলিকেশন্স থেকে প্রকাশিত তার ‘আমার এ দেহখানি’ গ্রন্থে পুরুষ ও পুরুষতন্ত্র, মাতৃত্ব এবং নারী-পুরুষের সৃষ্টির আদি রহস্য নিয়ে গভীর দার্শনিক ভাবনা প্রকাশ পেয়েছে।

২০১৪ সালে অন্য প্রকাশ থেকে প্রকাশিত তার প্রথম উপন্যাস ‘অবিনাশী যাত্রা’ প্রবাসজীবনে একজন নারীর একা বেঁচে থাকার দীর্ঘ সংগ্রাম ও আত্মিক উপলব্ধির এক মর্মস্পর্শী দলিল।

বাংলা কথাসাহিত্যে ও মননশীল লেখায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. পূরবী বসু দেশের বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- অনন্যা সাহিত্য পুরস্কার (২০০৫) এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (২০১৫)।

Ads small one

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পূর্বাহ্ণ
বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার, সাতক্ষীরায় যৌথ বাহিনীর রাতভর টহল

পত্রদূত ডেস্ক: দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনাসহ বিভিন্ন কৌশলগত স্থানে রাতভর টহল ও বিশেষ নজরদারি কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী।

রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়। দেশের সার্বিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনার আওতায় রয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, ডিপিডিসি, ডেসকো, নেসকো, ওজোপাডিকো, আরপিসিএল ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিসহ বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকারী প্রতিষ্ঠান।

এদিকে, একই রাতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও যৌথ বাহিনীর সমন্বয়ে সাতক্ষীরা ১৩২/৩৩ কিলোভোল্ট গ্রিড সাবস্টেশন (পিজিসিবি), নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়সহ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে টহল ও বিশেষ নজরদারি চালানো হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুশান্ত চন্দ্র সেন, তুরাব আহসান ও সুবর্ণ মোহন ভাওয়াল। এ সময় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে মাঠপর্যায়ের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সাতক্ষীরার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।