সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে ইংল্যান্ড দলের বল-জুতা চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
বিশ্বকাপে ইংল্যান্ড দলের বল-জুতা চুরি

বিশ্বকাপ অভিযান শুরুর আগেই অপ্রত্যাশিত ঘটনায় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। চুরি হয়েছে তাদের বল ও বুটসহ বেশ কিছু সামগ্রী!

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দলের প্রশিক্ষণ কেন্দ্র সোয়োপ সকার ভিলেজে সরঞ্জাম পরিবহনের সময় ব্যবহৃত যানবাহন থেকে সেগুলো চুরি করা হয়।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঘটনাটি নিশ্চিত করেছে। তবে বিষয়টি পুলিশের তদন্তাধীন থাকায় তারা বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হয়নি।

কানসাস সিটি, মিসৌরি পুলিশ বিভাগ ডেইলি মেইলকে জানিয়েছে, ‘দলের একটি যানবাহন কানসাস সিটিতে পৌঁছানোর পর কিছু সরঞ্জাম খোয়া যাওয়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। সম্ভাব্য চুরির ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং তদন্ত এখনও চলমান রয়েছে।’

বিবিসি জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগামী বুধবার ইংল্যান্ড বিশ্বকাপ অভিযান শুরু করবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। গ্রুপ ‘এল’-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা।

Ads small one

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:১৩ অপরাহ্ণ
তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক ময়নুল ইসলাম।

 

শিক্ষক নেতা হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা, কোষাধ্যক্ষ পদে অজয় কুমার দাস, প্রধান শিক্ষক মানিক চন্দ্র নাথ, আব্দুস সামাদ, মোবারক হোসেন, সাইদুল ইসলাম বাবলু, গাজী জাহিদুর রহমান, মোঃ সাকির হোসেন, মোঃ আবু তালেব, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক নাজনীন আক্তার কেয়া প্রমুখ।

 

এ সময় আহবায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করন।

 

সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
সাতক্ষীরার তরুণেরা পেল ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল মাধ্যমে তরুণদের নিরাপদ ও দায়িত্বশীল মতপ্রকাশ নিশ্চিত করতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ শীর্ষক অর্ধদিবস কর্মশালা। সোমবার (১৫ জুন) শহরের ম্যানগ্রোভ সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের নেতৃত্বে বাস্তবায়িত ‘স্বাধীনতা’ প্রকল্পের আওতায় খুলনা বিভাগজুড়ে এ কর্মশালার আয়োজন করছে বেসরকারি সংগঠন ‘বাদাবন সংঘ’। এর ধারাবাহিকতায় সাতক্ষীরায় অনুষ্ঠিত কর্মশালায় জেলার তরুণ সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও সমাজকর্মীরা অংশ নেন।

কর্মশালায় মানবাধিকার, ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা, অনলাইন নিরাপত্তা, ফ্যাক্ট চেকিং, প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ বিষয়ে অংশগ্রহণকারীদের মৌলিক ধারণা দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশ সাংবাদিক ও তরুণ সংগঠক মো. হোসেন আলী, টাইমস টুডের সাতক্ষীরা প্রতিনিধি মিলন বিশ্বাস রুদ্র, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক যুব প্রধান মো. ইলিয়াস হোসেন, প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিল্লাহ, বিডিক্লিন সাতক্ষীরার সমন্বয়ক অর্পণ বসু, সাতক্ষীরা যুব পানি কমিটির করিমন নেছা শান্তা, সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পরিচালক উম্মে ফোয়ারা রানী এবং শাপলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিহাব সিদ্দিকীসহ বিভিন্ন তরুণ সংগঠক।

প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন স্বাধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ এবং প্রকল্পের সাতক্ষীরা কোয়ালিশন সদস্য এস এম সাজেদুল ইসলাম। তারা অংশগ্রহণকারীদের ডিজিটাল নিরাপত্তা, তথ্য যাচাইয়ের কৌশল এবং অনলাইনে দায়িত্বশীল আচরণ বিষয়ে ব্যবহারিক দিকনির্দেশনা দেন।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য প্রচারের ক্ষেত্রে সচেতনতা ও যাচাই-বাছাইয়ের গুরুত্ব দিন দিন বাড়ছে। তরুণদের মধ্যে এ বিষয়ে দক্ষতা তৈরি করা সময়ের দাবি।

খোলপেটুয়ার জেলের জালে ১৫ কেজির ভেটকি, দেখতে ভিড় স্থানীয়দের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ
খোলপেটুয়ার জেলের জালে ১৫ কেজির ভেটকি, দেখতে ভিড় স্থানীয়দের

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে ধরা পড়েছে প্রায় ১৫ কেজি ওজনের একটি বড় আকৃতির কুরাল (ভেটকি) মাছ।

রবিবার সকালে কাপষন্ডা গ্রামের জেলে মোঃ রবিউল ইসলাম গাজীর জালে মাছটি ধরা পড়ে। এর আগেও তার জালে ৮কেজি ও ১২ কেজি ওজনের ২টি মাছ ধরা পড়েছিল। বড় আকারের মাছটি ঘাটে তোলা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে।

জেলে রবিউল ইসলাম গাজী জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি খোলপেটুয়া নদীতে মাছ ধরতে যান।
কিছু সময় পর জাল তুলতে গিয়ে অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে কয়েকজনের সহায়তায় জাল ওপরে তুললে বড় আকৃতির কুরাল মাছটি দেখতে পান। মাছটি তীরে এনে ওজন করলে প্রায় ১৫ কেজি পাওয়া যায়।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, খোলপেটুয়া নদীতে কুরাল বা ভেটকি মাছ পাওয়া গেলেও এত বড় আকারের মাছ খুব ঘন ঘন ধরা পড়ে না। নদীতে বড় মাছের সংখ্যা আগের তুলনায় কমে যাওয়ায় এমন ঘটনা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

মাছটি দেখতে স্থানীয় বাসিন্দারা নদীর ঘাটে ভিড় করেন। অনেকে ছবি তোলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা যায়।

স্থানীয়দের মতে,নদীর প্রাকৃতিক পরিবেশ ও উপযুক্ত মৌসুমে এখনো মাঝেমধ্যে বড় আকারের দেশীয় মাছ ধরা পড়ছে,যা জেলেদের জন্য আশার বার্তা হিসেবে দেখা হচ্ছে।