মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

তালায় ২৩ বিঘা সরকারি জমি ব্যক্তিমালিকানায় রেকর্ড করার অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
তালায় ২৩ বিঘা সরকারি জমি ব্যক্তিমালিকানায় রেকর্ড করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে অর্থের বিনিময়ে ৭.৫৬ একর (প্রায় ২৩ বিঘা) সরকারি খাস সম্পত্তি খন্দকার রেজোয়ান হোসেন নামের এক ব্যক্তির নামে রেকর্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। তালা উপজেলা সেটেলমেন্ট অফিসার মো. আব্দুর রশিদ ও খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসের কিছু কর্মচারীর যোগসাজশে এই জালিয়াতি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, নগরঘাটা মৌজার ১৫ নম্বর জেএল-এর ৩৩৪২ (বিআরএস) খতিয়ানের ১০টি দাগে মোট ৭.৫৬ একর সরকারি খাস জমি রয়েছে। লস্করপাড়ার মৃত খন্দকার ইয়াকুব আলীর ছেলে খন্দকার রেজোয়ান হোসেন ভুয়া কাগজপত্র তৈরি করে চলতি বিআরএস জরিপে এই বিশাল সম্পত্তি নিজ নামে করিয়ে নিয়েছেন। আগামী ১৭ জুন এই খতিয়ানের চূড়ান্ত প্রিন্ট পর্চা প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসের রেজিস্টার-২ ও ভলিউম বই পর্যালোচনা করে দেখা যায়, বিআরএস ১৩০৪১, ১২৫১৪ ও ১৩১৩৫ দাগসহ সংশ্লিষ্ট অন্য দাগগুলোর মূল এসএ রেকর্ড স্পষ্টত সরকারি খাস খতিয়ানভুক্ত। দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই এই জমি ভোগদখল করে আসছিলেন।
জালিয়াতির বিষয়ে তথ্য সংগ্রহ শুরু হলে অভিযুক্ত খন্দকার রেজোয়ান হোসেন স্থানীয় এক নেতার মাধ্যমে এই প্রতিবেদককে সংবাদ প্রকাশ না করার জন্য অর্থের প্রস্তাব দেন।

এদিকে তালা উপজেলা সেটেলমেন্ট অফিসার মো. আব্দুর রশিদ জালিয়াতির অভিযোগ এড়িয়ে গিয়ে দাবি করেন, তাঁর আগের কর্মকর্তা এই কাজ করে গেছেন। তবে আগের কর্মকর্তার কাজ হওয়া সত্ত্বেও তিনি কেন পুনরায় নোটিশ দিয়ে রেজোয়ান হোসেনকে ডেকেছিলেন এবং কোন নথির ভিত্তিতে সরকারি জমি ব্যক্তিনামে বহাল রাখলেন—এসব প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এ ছাড়া সপ্তাহে একদিন তালায় অফিস করার নিয়ম থাকলেও গত ছয় মাস ধরে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে নিজেই স্বীকার করেছেন।

নগরঘাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুরাইয়া পারভীন জানান, এক ব্যক্তি বিআরএস খতিয়ানের একটি কপি তদন্তের জন্য তাঁর কাছে দিয়ে গেছেন। জমিটি যেহেতু সরকারের, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান জানান, জমির প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ হাতে পেলে এবং সরকারি সম্পত্তি ব্যক্তিনামে রেকর্ড হওয়ার বিষয়টি নিশ্চিত হলে মামলা করে জমি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হবে।
খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার (সিনিয়র সহকারী সচিব) শুভ্রা দাস জানান, চূড়ান্ত প্রকাশনা বের হওয়ার প্রক্রিয়া চলছে। তবে বিষয়টি খতিয়ে দেখে সরকারি সম্পত্তি রক্ষায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

Ads small one

কলারোয়ার দুই সাংবাদিক সংগঠনকে এমপি ইজ্জত উল্লাহর আর্থিক অনুদান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
কলারোয়ার দুই সাংবাদিক সংগঠনকে এমপি ইজ্জত উল্লাহর আর্থিক অনুদান

সংবাদদাতা: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ার দুই সাংবাদিক সংগঠন-কলারোয়া প্রেসক্লাব ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে দুই সংগঠনের নেতৃবৃন্দের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষে অনুদান প্রদান করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান।

এ সময় তিনি বলেন, সমাজে সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা ও উৎসাহ প্রদান সমাজের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। তিনি সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে সাংবাদিকদের প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার বার্তা পৌঁছে দেন।

কলারোয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের আহ্বায়ক তৌফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এম. এ. সাজেদ, প্রাক্তন সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু এবং প্রধান শিক্ষক রাশিদুল হাসান কামরুলসহ অন্যান্য সদস্যরা।

অন্যদিকে কলারোয়া রিপোর্টার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি এস. এম. জাকির হোসেন, সাধারণ সম্পাদক এম. এ. আজিজ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী, দপ্তর সম্পাদক তাজউদ্দিন আহমেদ রিপন, প্রচার সম্পাদক ফারুক হোসেন রাজ এবং নির্বাহী সদস্য মোর্তুজা হাসানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা এ সহযোগিতার জন্য সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সংবাদদাতা: উচ্চ আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে আলমগীর হোসেন ও শরিফুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রওশন আরা রুবি। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন সুলতানপুর গ্রামের মৃত ফজলুর কাদেরের স্ত্রী রওশন আরা রুবি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেবহাটা উপজেলার বালিথা ও বিল শিমুলবাড়িয়া মৌজার ‘ধাপার ঘের’-এ তাঁদের এসএ ও বিএস খতিয়ানভুক্ত মোট ৮ দশমিক ৩৩ একর পৈত্রিক সম্পত্তি রয়েছে। তাঁর স্বামী ২০০২ সালে মৃত্যুবরণ করার পর অসহায় অবস্থার সুযোগ নিয়ে চাচা শ্বশুর আবুল কাশেমের উত্তরাধিকারীরা, যার মধ্যে ভূমিদস্যু হিসেবে পরিচিত শরিফুল ইসলাম ও মামলাবাজ আলমগীর হোসেন রয়েছেন, জোরপূর্বক ওই সম্পত্তি দখল করে ভোগদখল শুরু করেন। দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াইয়ের পর ২০১৮ সালে তাঁরা নিজস্ব সম্পত্তিতে পুনরায় দখল নেন এবং বর্তমানে বৈধভাবে ভোগদখলে রয়েছেন। এরপর প্রতিপক্ষ একাধিক মামলা দায়ের করলেও পর্যায়ক্রমে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। তিনি দাবি করেন, উচ্চ আদালতের দেওয়া স্থগিতাদেশ এখনো বহাল রয়েছে এবং এ অবস্থায় নিম্ন আদালতও মামলার কার্যক্রম স্থগিত রেখেছেন।

তিনি অভিযোগ করে বলেন, আদালতে সুবিধা করতে না পেরে প্রতিপক্ষ বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ দাখিল করছে এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাঁদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। গত ৩ আগস্ট অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে তাঁদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে তিনি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রতিপক্ষের কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকিসহ বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে। এদের মধ্যে তাঁদের সহযোগী মো: আলমগীর হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলার চার্জশিট রয়েছে (মামলা নং- ৭, তারিখ: ৬ নভেম্বর ২০২৫)। মামলার দিন আগামী ১২/৮/২০২৬। এছাড়া দেবহাটা থানায় শরিফুলদের অন্যতম সহযোগী আলমগীর, রনিসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যার হুমকির সুনির্দিষ্ট মামলা রয়েছে (মামলা নং-১৬/২৫)। মামলার দিন আগামী ০২/৯/২০২৬। এসব তথ্য গোপন রেখে একটি দলীয় পরিচয় ব্যভহার করে বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে।

এ ঘটনায় মাননীয় পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন রওশন আরা রুবি।

 

 

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

সংবাদদাতা: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১ টায় “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামী দিনের নিরাপত্তা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সভাপতি জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সহ সভাপতি আজিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক ডঃ আবুল কালাম বাবলা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবার আবুল হাসান হাদিস, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, ফরিদা আক্তার বিউটি, মনিরুজ্জামান প্রমূখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। এ ছাড়া রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিট ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখবে।