বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। আর এই অর্জনের মাধ্যমে ‘মিস ইউনিভার্স ২০২৬’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। এবার মিস ইউনিভার্সের ৭৫তম আসর। বিশেষ এই আসরটি ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসছে।

জেনে নিন মাহি সম্পর্কে এই ৫ তথ্য…

 

মাহির প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। ‘সামিরা’ ও ডাকনাম ‘মাহি’ মিলিয়ে তার শোবিজের নাম হয়েছে সামিরা খান মাহি।

 

২০১৪ সালে ‘রঙ আরটিভি ২০-২০ কালারস মডেল সার্চ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি।

 

তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তৃতীয় মাহি। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, মা গৃহিণী। সিলেট শহরের আম্বরখানায় বেড়ে ওঠা তার।

 

২০২১ সালের শেষ দিকে নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন মাহি।‘গার্লস স্কোয়াড’ দিয়ে পরিচিতি পান তিনি।

মাহি

২০২৫ সাল পর্যন্ত তার অভিনীত নাটকের সংখ্যা ১২০টির বেশি। বিনোদন অঙ্গনে সব মিলিয়ে এক যুগের পথচলা। সেই যাত্রায় এবার যুক্ত হলো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চ।

 

Ads small one

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তির ৪৬ বছর বয়সে প্রত্যাবর্তন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:১৭ পূর্বাহ্ণ
ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তির ৪৬ বছর বয়সে প্রত্যাবর্তন

গোটা বিশ্বকে ফুটবল মাঠে তার পায়ের জাদু একসময় মুগ্ধ করেছে। ড্রিবলিং, নিখুঁত পাস আর চোখ ধাঁধানো স্কিল দিয়ে ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সে রোনালদিনহোই আবার ফিরতে চলেছেন প্রতিযোগিতামূলক ফুটবলে। বয়স ৪৬।
অবসরের পর কেটে গেছে ১১ বছরেরও বেশি সময়। এবার ইতালির তৃতীয় ডিভিশনের ক্লাব রাভেন্না এফসির জার্সিতে দেখা যাবে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকাকে।
আগামী ১৫ নভেম্বর ইতালির সিরি সি-তে ফরলির বিপক্ষে ডার্বি ম্যাচে রোনালদিনহোর মাঠে ফেরার কথা। গত অক্টোবরেই তার প্রত্যাবর্তনের দিনক্ষণ ঘোষণা করেছিল ক্লাব। চলতি বছরের জুনে রাভেন্নার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, সত্যিই কি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে দেখা যাবে বার্সেলোনা ও এসি মিলানের সাবেক তারকাকে? সে জল্পনাই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। তবে রাভেন্নার সঙ্গে রোনালদিনহোর সম্পর্ক শুধুই ফুটবলার হিসেবে নয়। ক্লাবের শেয়ারহোল্ডারও তিনি। বন্ধুর মালিকানাধীন এই ক্লাবে অংশীদারত্ব কিনেছেন ‘ও ব্রুকসো’ (রোনালদিনহোর ডাকনাম)। ২০১৫ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে চলেছেন তিনি। সেবার ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়ে খেলেছিলেন তিনি। যদিও ২০১৮ সালে অবসর ঘোষণা করেন।
প্রত্যাবর্তনের ম্যাচেই একটি ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার হাতছানি রয়েছে রোনালদিনহোর সামনে। পেশাদার ফুটবলে তার গোলসংখ্যা ২৯৯। অর্থাৎ, রাভেন্নার হয়ে একটি গোল করতে পারলেই ৩০০ গোলের ক্লাবে ঢুকে পড়বেন তিনি। ফরলির বিপক্ষে ম্যাচটি হবে রাভেন্নার ঘরের মাঠ স্তাদিও ব্রুনো বেনেল্লিতে। বিশেষ এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের ইঙ্গিত দিয়েছে ক্লাব। ইতালির ক্লাবে যোগ দেওয়ার পর নিজের উচ্ছ্বাস গোপন করেননি কিংবদন্তি ফুটবলার। ফের বল পায়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন। ফুটবল তার কাছে বরাবরই আনন্দের উৎস। সেই আনন্দই আবার সমর্থকদের মধ্যে ছড়িয়ে দিতে চান ব্রাজিলীয় তারকা।

অনিরুদ্ধ টাকা নাকি ভালোবাসা, কীসের লোভে বিয়ে করলেন!

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ
অনিরুদ্ধ টাকা নাকি ভালোবাসা, কীসের লোভে বিয়ে করলেন!

দক্ষিণ ভারতীয় বিনোদন ও ক্রীড়া ভুবনে সিনেমার কাহিনি যেন উঠে এলো। ধনী পরিবারের মেয়ের প্রেমে হাবুডুবু ‘গরিব’ ছেলে- পরে নানা ঘটনঅঘটনের পর বিয়ে। তবে ভারতীয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন মোটেও গরিব নন। বিয়ে করলেন সান গ্রুপের উত্তরসূরি কাব্য মারানকে। উত্তরসূরি হিসেবে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের এই কর্ণধারের সম্পত্তি প্রায় ২৬ হাজার কোটি রুপি। প্রেমের এই রূপকথায় ভালোবাসার চেয়েও বড় হয়ে উঠেছে দুজনের সম্পত্তির আকাশ-পাতাল ফারাক।
সুরের জাদুতে কোটি ভক্তের হৃদয় জয় করলেও, জীবনের নতুন ইনিংসে পা রেখে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। বুধবার অত্যন্ত গোপনীয়তার গ্রিসের নীল জলরাশির পাড়ে সান গ্রুপের উত্তরসূরি কাব্য মারানের সঙ্গে গাঁটছড়া বাঁধতেই শুরু হয়েছে তুমুল চর্চা।
দুদিনব্যাপী এই রাজকীয় আয়োজনে উপস্থিত ছিলেন অনিরুদ্ধের মামা সুপারস্টার রজনীকান্ত এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনিরুদ্ধকে ‘গোল্ড ডিগার’ বা অর্থলোভী বলে আক্রমণ করছেন সমালোচকরা।
কাব্যর বিশাল সাম্রাজ্যের তুলনায় অনিরুদ্ধকে ‘চুনোপুঁটি’ মনে হলেও, ব্যক্তিগতভাবে তিনি মোটেও পিছিয়ে নেই। ‘হোয়াই দিস কোলাভেরি ডি’ গান দিয়ে রাতারাতি তারকা বনে যাওয়া অনিরুদ্ধ বর্তমানে ভারতের অন্যতম দামি সংগীত পরিচালক। ‘জওয়ান’, ‘জেলার’, ‘মাস্টার’ ও ‘কুলি’র মতো ব্লকবাস্টার সিনেমায় সুর দিয়ে তিনি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন।
অনিরুদ্ধকে গোল্ড ডিগার বলার পেছনে রয়েছে কাব্যের চোখ কপালে তোলার মতো পারিবারিক সম্পত্তি। কাব্যর বাবা কালানিথি মারানের ব্যক্তিগত সম্পত্তি প্রায় ৩৪ হাজার কোটি রুপি এবং সান গ্রুপের বাজারমূল্য ২৬ হাজার কোটি রুপির বেশি।
প্রতিটি সিনেমার জন্য অনিরুদ্ধ ৮ থেকে ১২ কোটি রুপি পারিশ্রমিক নেন। এমনকি আল্লু অর্জুনের আগামী সিনেমার জন্য তিনি ২৫ কোটি রুপি নিচ্ছেন বলে গুঞ্জন রয়েছে। অনিরুদ্ধের বর্তমান সম্পত্তির পরিমাণ ৫০ থেকে ৬০ কোটি রুপি, যার মধ্যে বিএমডব্লিউ ও ফোর্ডের মতো বিলাসবহুল গাড়িও রয়েছে।

৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১:১০ পূর্বাহ্ণ
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা

দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিক ও মালিক—দুই পক্ষই এখন কঠোর অবস্থানে। একদিকে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি, কারখানায় উৎপাদন বন্ধ রাখা এবং সড়ক অবরোধ চলছে। অন্যদিকে উৎপাদন ব্যাহত হওয়া, ভাঙচুর ও নিরাপত্তাঝুঁকির কথা তুলে কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা। কোথাও শ্রমিকরা কাজে যোগ দিয়েও উৎপাদনে অংশ নিচ্ছেন না, আবার কোথাও মালিকপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করছে। কয়েকটি কারখানায় দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ।

এমন পরিস্থিতিতে দেশের প্রধান এই রফতানি খাতটির স্বাভাবিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। শ্রমিকদের দাবি পূরণে সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও মাঠপর্যায়ে অসন্তোষ কমছে না। অন্যদিকে শ্রমিকদের আন্দোলন চলতে থাকলে শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধ রাখার চিন্তা করছেন মালিকরা। আশুলিয়া ও সাভারের শ্রমিক অসন্তোষপ্রবণ এলাকার ২১০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তের কথাও জানিয়েছেন মালিকপক্ষের নেতারা।

এতে একদিকে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান ও আয় অনিশ্চয়তায় পড়ছে, অন্যদিকে ঝুঁকিতে পড়ছে বিদেশি ক্রয়াদেশ, রফতানি আয় এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি। প্রশ্ন উঠেছে, মালিক ও শ্রমিকের এমন মুখোমুখি অবস্থানে দেশের সবচেয়ে বড় রফতানি খাতের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে?

২১০ কারখানা বন্ধের চিন্তা, ইতোমধ্যে বন্ধ সাতটি

শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার চিন্তা করছেন মালিকরা। গত বুধবার (১১ নভেম্বর) এক জরুরি বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার (১৪ নভেম্বর) সব সদস্যের অংশগ্রহণে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানিয়েছেন, বৈঠকে উপস্থিত নেতাদের পরামর্শ অনুযায়ী ২১০টি কারখানা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শনিবারের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শিল্পমালিকদের সূত্রে জানা গেছে, বুধবার আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ১৪৩টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে। অনেক কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়েও কাজে অংশ নেননি। কেউ কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছেন, আবার কেউ কর্মবিরতি পালন করেছেন। কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে টানা ১১ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে।

এরই মধ্যে সাভার ও আশুলিয়ার সাতটি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অরুণিমা গ্রুপের তিনটি, নিউএজ গ্রুপের তিনটি এবং জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের একটি কারখানা রয়েছে।

বিকেএমইএ’র শীর্ষ এক নেতা বলেন, একদিকে শ্রমিকরা কাজে অংশ নিচ্ছেন না, অন্যদিকে কোথাও কোথাও ভাঙচুরের ঘটনাও ঘটছে। একই সময়ে মজুরি নিয়ে আলোচনা চলছে। এভাবে কারখানা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। কোনো কোনো কারখানায় ১১ দিন ধরে উৎপাদন সম্ভব হয়নি। এ অবস্থায় শ্রমিকদের বেতন কীভাবে দেওয়া হবে, তা নিয়েও মালিকরা উদ্বিগ্ন।

শ্রমিকদেরও কঠোর অবস্থান, সড়কে বিক্ষোভ

অন্যদিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনও থেমে নেই। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। এ পরিস্থিতিতে মৌচাক ও আশপাশের ৮ থেকে ৯টি কারখানা ছুটি ঘোষণা করেন মালিকরা।

একই দিনে আশুলিয়ার জামগড়া ও নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন। পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। তবে আশুলিয়ার অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক ছিল বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) আশুলিয়ার বেশিরভাগ কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে বেরিয়ে গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল ও নজরদারি অব্যাহত রেখেছে।

অর্থাৎ একদিকে কিছু কারখানায় উৎপাদন চলছে, অন্যদিকে কয়েকটি এলাকায় কর্মবিরতি, বিক্ষোভ ও কারখানা বন্ধের ঘটনা অব্যাহত রয়েছে। ফলে শিল্পাঞ্চলজুড়ে স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরছে না।

মজুরি বোর্ডের আলোচনার মাঝেই বাড়ছে দূরত্ব

শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। মালিকপক্ষের প্রতিনিধি পরবর্তী সভায় নিজেদের প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন।

বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় মালিকপক্ষের লিখিত মজুরি প্রস্তাব উপস্থাপন এবং বিভিন্ন শ্রেণির শ্রমিক-কর্মচারীর ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

তবে মজুরি নির্ধারণের আনুষ্ঠানিক প্রক্রিয়া চললেও শ্রমিকদের একাংশ দ্রুত সিদ্ধান্ত ও বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে মালিকদের বক্তব্য— আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণের সুযোগ থাকা অবস্থায় কারখানায় বিশৃঙ্খলা ও উৎপাদন বন্ধের ঘটনা গ্রহণযোগ্য নয়।

বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরি নিয়ে আলোচনা চলবে, একইসঙ্গে বিশৃঙ্খলাও চলবে— এটা হতে পারে না। পরিস্থিতির উন্নতি না হলে শিল্পের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হবে। মালিকপক্ষ আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী হলেও কারখানার স্বাভাবিক উৎপাদন ও শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।

খেসারত দিচ্ছে পুরো শিল্প

শ্রমিক ও মালিকদের এমন মুখোমুখি অবস্থানের প্রভাব পড়ছে পুরো পোশাকশিল্পে। উৎপাদন বন্ধ থাকলে শ্রমিকরা কর্মদিবস ও আয় হারাচ্ছেন। অন্যদিকে মালিকদের কারখানা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, ব্যাংকঋণের কিস্তি, নিরাপত্তা ও অন্যান্য পরিচালন ব্যয় বহন করতে হচ্ছে। উৎপাদন না হলেও এসব ব্যয় বন্ধ থাকে না।

এর পাশাপাশি সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ নিয়ে। নির্ধারিত সময়ে পণ্য উৎপাদন ও সরবরাহ করতে না পারলে ক্রেতারা মূল্যছাড় চাইতে পারেন, ক্রয়াদেশ বাতিল করতে পারেন, কিংবা ভবিষ্যতের অর্ডার অন্য দেশে সরিয়ে নিতে পারেন।

আশুলিয়া ও সাভার এলাকায় হা-মীম, নিউএজ, অনন্ত গার্মেন্টস, স্টার্লিং, এনভয়, ইসলাম ও ডেকোর মতো বড় পোশাকশিল্প প্রতিষ্ঠান রয়েছে। বিজিএমইএ’র তথ্য অনুযায়ী, এসব এলাকায় প্রায় তিন লাখ শ্রমিক কাজ করেন। ফলে ২১০টি কারখানা বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলে বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান ও আয় ঝুঁকিতে পড়তে পারে।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম বলেন, ‘‘অন্য কারখানায় সাবকন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন স্থানান্তর করলেই সমস্যার সমাধান হবে না। বিদেশি ক্রেতাদের নির্ধারিত কারখানা, উৎপাদনপ্রক্রিয়া ও মান নিয়ন্ত্রণের শর্ত থাকে। ফলে বিকল্প কারখানায় কাজ করানো কঠিন। সময়মতো পণ্য পাঠাতে না পারলে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানোর প্রয়োজন হতে পারে। এমনকি ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিও রয়েছে।’’

‘আলোচনার টেবিলেই সমাধান খুঁজতে হবে’

বিজিএমইএ’র সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল মনে করেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়মতান্ত্রিকভাবেই এগোচ্ছে। মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রতিনিধিরা বোর্ডে নিজেদের প্রস্তাব ও বক্তব্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

তিনি বলেন, ‘‘মজুরি বোর্ড আন্তরিকতা ও যথাযথ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ প্রক্রিয়ায় এখন পর্যন্ত কোনও অচলাবস্থা তৈরি হয়নি। বরং আলোচনার পথ পুরো সময়ই খোলা রয়েছে। এমন পরিস্থিতিতে আলোচনার প্রক্রিয়া চলার মধ্যেই কারখানায় বাধা সৃষ্টি হওয়াটা অপ্রত্যাশিত। তাই এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেই প্রশ্ন উঠছে।’’

তিনি বলেন, ‘‘এ ধরনের বিশৃঙ্খলায় সবাই ক্ষতিগ্রস্ত হন। ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন, শ্রমিকরা কর্মদিবস হারান এবং সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। একইসঙ্গে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশকে পোশাকের সোর্সিং গন্তব্য হিসেবে বিবেচনার ক্ষেত্রেও নেতিবাচক ধারণা তৈরি হয়। এ ধরনের ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন।’’

মহিউদ্দিন রুবেল আরও বলেন, ‘‘মালিকপক্ষ বরাবরই মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিয়েছে। এবারও এমন একটি মজুরি নির্ধারণ করা হবে— যা শ্রমিক, ব্যবসায়ী ও দেশের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে বলে আশা করি। যারা নতুন মজুরি দিতে সক্ষম, তারা ব্যবসা চালিয়ে যাবেন। আর যারা সক্ষম নন, তাদের জন্য সরকারের সহায়তা ও সক্ষমতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।’’

তার মতে, কোনও পক্ষের দাবি বা অভিযোগ থাকলে সংগঠন ও প্রতিনিধিদের মাধ্যমে আলোচনায় আসা উচিত। বিশৃঙ্খলা কখনোই সমাধানের পথ হতে পারে না। আলোচনার টেবিলে বসেই সমস্যার সমাধান করতে হবে।

সমাধান কোথায়?

শিল্প-সংশ্লিষ্টদের মতে, এই সংকটের সমাধান শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন কিংবা কারখানা বন্ধের হুমকির মধ্যে নেই। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, ন্যায্য মজুরি, বকেয়া বেতন-ভাতা ও কর্মপরিবেশের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একইসঙ্গে উদ্যোক্তাদের উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা ও ব্যবসা টিকিয়ে রাখার সক্ষমতার বিষয়টিও আলোচনায় রাখতে হবে।

যেসব কারখানায় বেতন-ভাতা নিয়ে সমস্যা রয়েছে, সেগুলোর সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি। শ্রমিকদের অভিযোগ ও ভাঙচুরের ঘটনাও নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে মালিকদের নিয়মিত আলোচনা ও যোগাযোগ বাড়াতে হবে।

কারণ, শ্রমিক ছাড়া পোশাক কারখানা চলে না, আবার উদ্যোক্তা ও বিনিয়োগ ছাড়া শ্রমিকদের কর্মসংস্থানও সম্ভব নয়। মালিকদের ব্যবসা টিকিয়ে রাখা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা—দুটিই পরস্পরের সঙ্গে জড়িত।

দেশের রফতানি আয়ের বড় অংশ আসে তৈরি পোশাকশিল্প থেকে। এ খাতের সংকট তাই শুধু মালিক বা শ্রমিকের সমস্যা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে লাখ লাখ মানুষের জীবিকা, বৈদেশিক মুদ্রা আয় এবং সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা। দুই পক্ষের অনড় অবস্থান দীর্ঘায়িত হলে ক্ষতি হবে সবার। তাই মুখোমুখি অবস্থান ছেড়ে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান বের করাই এখন সবচেয়ে জরুরি।

এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, ‘‘বাংলাদেশের তৈরি পোশাক খাতের টেকসই ভবিষ্যৎ নির্ভর করছে মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক আস্থা, সমঝোতা ও সহযোগিতার ওপর। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনযাত্রার মান নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি উদ্যোক্তাদের উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং ব্যবসা পরিচালনার নানা চ্যালেঞ্জও বিবেচনায় নিতে হবে। মালিক ও শ্রমিকের স্বার্থ একে অপরের পরিপন্থী নয়; বরং উভয় পক্ষই পরস্পরের ওপর নির্ভরশীল। শ্রমিক অসন্তোষ কিংবা উৎপাদন ব্যাহত হলে শেষ পর্যন্ত মালিক ও শ্রমিক— দুই পক্ষকেই ক্ষতির মুখে পড়তে হয়।’’

তিনি বলেন, ‘‘এ পরিস্থিতি থেকে উত্তরণে মালিক ও শ্রমিকের মধ্যে নিয়মিত সংলাপ, স্বচ্ছ প্রক্রিয়ায় মজুরি নির্ধারণ এবং শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রেতাদেরও পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। সরকারকে ব্যবসা পরিচালনার ব্যয় কমানো, শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং শ্রমিক-মালিক বিরোধ নিষ্পত্তিতে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তাঁর মতে, সংঘাত নয়, পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতেই তৈরি পোশাক খাতের স্থিতিশীলতা ও ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।’’