বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গায় উড়বে ও নামবে এই উড়োজাহাজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ণ
রানওয়ে ছাড়াই মাত্র ১৫০ ফুট জায়গায় উড়বে ও নামবে এই উড়োজাহাজ

গাড়িতে যাওয়ার জন্য পথটা বেশ দীর্ঘ, আবার উড়োজাহাজে যাওয়ার জন্য খুবই কাছে; আধুনিক ভ্রমণের এমন বিড়ম্বনা দূর করতে নতুন এক হাইব্রিড-ইলেকট্রিক উড়োজাহাজ তৈরি করছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইলেকট্রা। উড্ডয়ন ও অবতরণের জন্য ইএল৯ আল্ট্রা শর্ট নামের এই উড়োজাহাজটির প্রচলিত কোনও রানওয়ের প্রয়োজন নেই; মাত্র ১৫০ ফুট সমতল জায়গাই এর জন্য যথেষ্ট।

ইলেকট্রার প্রধান নির্বাহী মার্ক অ্যালেন বলেন, এয়ারলাইন ব্যবসা যত বড়ই হোক না কেন, এটি আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে কঠিন সমস্যার সমাধান করতে পারে না। মহাদেশ পাড়ি দেওয়ার জন্য এটি দারুণ, কিন্তু আঞ্চলিক যাতায়াতের জন্য ভালো নয়।

টার্বোজেনারেটর ও আটটি ইলেকট্রিক মোটরযুক্ত এই উড়োজাহাজ ৯ জন যাত্রী বা ৩ হাজার পাউন্ড মালামাল নিয়ে ৩৮০ মাইল পর্যন্ত উড়তে সক্ষম। সাধারণ জেট ফুয়েলে চলা গ্যাস টারবাইন ইঞ্জিনের মাধ্যমে মাঝ-আকাশেই এর ব্যাটারি চার্জ হয়, যা তুলনামূলক উড়োজাহাজের চেয়ে ৪০ শতাংশ কম জ্বালানি পোড়ায় এবং হেলিকপ্টারের চেয়ে এর পরিচালনা খরচ ৭০ শতাংশ কম। উড্ডয়নের সময় এটি ভ্যাকুয়াম ক্লিনারের মতো মাত্র ৭৫ ডেসিবেল শব্দ তৈরি করে।

ঘণ্টায় মাত্র ৩০ মাইল গতিতে উড্ডয়নে সক্ষম এই উড়োজাহাজের অভিজ্ঞতাকে ‘লিফটের মতো’ উল্লেখ করে মার্ক অ্যালেন বলেন, এটি খুব মসৃণভাবে সোজা ওপরে উঠে যায়। তিন থেকে চার সেকেন্ডের মধ্যেই আপনি আকাশে থাকবেন এবং আশপাশে তাকিয়ে মনে হবে, ওহ, আমি তো পাঁচ-ছয় তলা ওপরে উঠে গেছি।

পার্কিং লট, হেলিপোর্ট বা খোলা মাঠে নামতে পারায় এটি যানজট ও বিমানবন্দরের দীর্ঘ অপেক্ষা এড়িয়ে ‘ডিরেক্ট অ্যাভিয়েশন’-এর যুগ সূচনা করবে। তবে প্রাইসওয়াটারহাউসকুপারসের (পিডব্লিউসি) পরিচালক আলেকজান্ডার বুচকোস্কি জানান, এই খাতের জন্য নীতিমালা ও সনদ অর্জন এবং খরচ ও ব্যবহারের ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার মতে, দুটো একসঙ্গে না মিললে সেবাটি যাত্রীদের নাগালের বাইরে চলে যাবে অথবা লোকসানে চলবে।

ইতোমধ্যে বিশ্বের ৬০টির বেশি এয়ারলাইন অপারেটর থেকে ২ হাজার ২০০টির বেশি প্রি-অর্ডার পেয়েছে ইলেকট্রা, যার মূল্য ১৫ বিলিয়ন ডলার। ২০২৭ সালের শেষে নরওয়েতে পরীক্ষা চালানোর পর ২০৩০ সালে এর বাণিজ্যিক সেবা শুরুর লক্ষ্য রয়েছে। মার্কিন বিমান, সেনা ও নৌবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ এই উড়োজাহাজ ভবিষ্যতে ব্ল্যাক হক হেলিকপ্টারের বিকল্প হতে পারে। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পর্কে অ্যালেন বলেন, মাটিতে থাকা অবস্থায় এটি একটি জেনারেটর। এই উড়োজাহাজ থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ১৫টি বাড়ি চালানো সম্ভব।

তবে ১ কোটি ডলার দাম হওয়ায় ব্যক্তিগত ব্যবহারের জন্য সাধারণ মানুষকে আরও একটি প্রজন্ম অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

সূত্র: সিএনএন

Ads small one

২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ওড়ানোর হুমকি

আবারও বোমা হামলার হুমকি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাড়িতে! ২৭ নভেম্বরের মধ্যে মুম্বাইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’-র নাম উল্লেখ করে হুমকির ইমেল পাঠানো হয়েছে। শুধু তার বাড়ি নয়, মুম্বাইয়ের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ওই ইমেলে।

এর মধ্যে রয়েছে মেয়রের দফতর, একটি ব্যাংক, আদালত, মহালক্ষ্মী রেসকোর্স এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম।

ঘটনার পরেই সতর্ক হয়েছে মুম্বাই পুলিশ। সংশ্লিষ্ট এলাকাগুলিতে শুরু হয়েছে তল্লাশি। খবর, বোম নিষ্ক্রিয়কারী দল এবং নিরাপত্তাকর্মীরা ইমেলে উল্লেখ করা জায়গাগুলিতে তল্লাশি চালান। যদিও এখনও পর্যন্ত কোথাও সন্দেহজনক কোনও বস্তু বা বিস্ফোরক মেলেনি। কে বা কারা এই হুমকি পাঠিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। হুমকির সত্যতা যাচাই করতেও তদন্ত শুরু হয়েছে।

গত ২৩ অক্টোবরও একই ধরনের একটি হুমকি ইমেলে অমিতাভের জুহুর বাড়ির নাম উল্লেখ করা হয়েছিল। এর পাশাপাশি দিলজীত দোসাঞ্ঝের মুম্বইয়ের অনুষ্ঠানেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল।

বিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্যবিশ্বসুন্দরীদের সঙ্গে মাহি, জেনে নিন তার ৫ অজানা তথ্য
ওই বার্তায় ৩১ অক্টোবর একটি স্কুলে গ্রেনেড হামলার কথা বলা হয়েছিল। পাশাপাশি দাবি করা হয়েছিল, ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি ‘জলসা’তেও হামলা হতে পারে।

সেই ইমেলে খলিস্তানের প্রসঙ্গও ছিল। আরও দাবি করা হয়েছিল, আগামী ২৭ নভেম্বর মহালক্ষ্মী রেসকোর্স এলাকায় গায়ক দিলজীত দোসাঞ্ঝের অনুষ্ঠানের সময়ও হামলা হতে পারে। ওই হুমকির পরেই অমিতাভের বাড়ির নিরাপত্তা বৃদ্ধি করা হয়।

স্ত্রীর ভয়ে শাহরুখ বাড়িতে কী করেন, জানালেন নিজেই

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
স্ত্রীর ভয়ে শাহরুখ বাড়িতে কী করেন, জানালেন নিজেই

বলিউড অভিনেতা শাহরুখ খান সদ্য দুবাইয়ের মেরিটাইম সিটিতে নিজের নামে তৈরি বিলাসবহুল আবাসন ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই দায়ুব’ উদ্বোধন করেছেন । সেই অনুষ্ঠানেই খোশ-আড্ডার মেজাজে ধরা দিলেন তিনি। সেখানেই জানা গেল, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও বাড়িতে পরাধীন তিনি।

প্রকাশ্যেই স্ত্রী গৌরী খানের ‘রাজত্বে’র কথা তুলে ধরলেন বলিউড মেগাস্টার। একবাক্যে স্বীকার করে নিলেন যে, স্ত্রী গৌরীর কড়া শাসনের জেরে বাড়িতে তার কোনও কথা, সিদ্ধান্তই খাটে না।

মঞ্চে কথোপকথনের সময় সঞ্চালক করণ জোহর শাহরুখ খানকে জিজ্ঞেস করেন, ‘এমন কোনও কাজ রয়েছে, যেটা তোমার নিজের বাড়িতেই করার অনুমতি নেই?’ বন্ধুর এমন ‘গুগুলি’তে বিন্দুমাত্র না দেরি করে কোনওরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বাদশা বলেন, ‘নিজের বাড়িতে আমার কোনও কিছুই করার অনুমতি নেই! এমনকী আরিয়ান, সুহানারাও কোনও কর্তৃত্ব ফলাতে পারে না।’

শাহরুখ জানান, ‘আমাদের বাড়িতে গৌরীর নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা কিছুই বলতে পারি না। ওয়াইফাই নিয়ে অভিযোগ করা তো দূর অস্ত, এমনকী বিছানায় বসে খাওয়ারও অনুমতি নেই আমাদের। বাড়ির রং, পেইন্টিং, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা লাইটিং— কোনও কিছু নিয়েই আমরা কোনও মন্তব্য করতে পারি না। আমরা শুধু চুপচাপ বসে বাড়িটা উপভোগ করি আর বলি- ‘কী দারুণ একটা বাড়ি বানিয়েছ, গৌরী!’

শাহরুখ আরও বলেন, ‘এখন সমস্যা হল, এখানে পেন্টহাউসে এলেও হয়তো আমাকে ওই একই কথা বলতে হবে— ‘কী দারুণ একটা পেন্টহাউস বানিয়েছ, গৌরী!’ আসলে বাড়ির বাইরে আমরা একদম স্বাধীন। আরিয়ান, সুহানা আর আমি দারুণ মজা করি। কিন্তু বাড়িতে ঢুকলেই আমাদের আর কিছু করার উপায় থাকে না।’

কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে ডুবিয়ে দেওয়া হলো এক সময়ের দ্রুততম জাহাজ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ
কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে ডুবিয়ে দেওয়া হলো এক সময়ের দ্রুততম জাহাজ

বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর (আর্টিফিশিয়াল রিফ) তৈরির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয়েছে একসময়ের দ্রুততম যাত্রীবাহী জাহাজ এসএস ইউনাইটেড স্টেটস। বুধবার ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলারের এক প্রকল্পের অংশ হিসেবে মেক্সিকো উপসাগরের তলদেশে জাহাজটির এই শেষ যাত্রা সম্পন্ন হয়।

প্রায় ১ হাজার ফুট (৩০২ মিটার) দীর্ঘ এই সমুদ্রগামী জাহাজটি বিখ্যাত টাইটানিক-এর চেয়েও বড় ছিল। ১৯৫২ সালে যাত্রা শুরুর সময় এটি ঘণ্টায় প্রায় ৪১ মাইল (৬৬ কিলোমিটার) গতি তুলে ব্রিটেনের আরএমএস কুইন মেরি’র রেকর্ড ভেঙেছিল। পঞ্চাশের দশকে নির্মিত বিলাসবহুল এই জাহাজে হলিউড তারকা গ্রেস কেলি ও এলিজাবেথ টেলর থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, ডোয়াইট আইজেনহাওয়ার, জন এফ কেনেডি, বিল ক্লিনটন এবং ব্রিটেনের সাবেক রাজা অষ্টম এডওয়ার্ডও ভ্রমণ করেছেন। বাণিজ্যিক বিমান চলাচলের প্রসারের ফলে ১৯৬৯ সালে জাহাজটি অবসরে যায় এবং দীর্ঘদিন ফিলাডেলফিয়ায় অলস পড়ে ছিল।

ফ্লোরিডার ওকালুসা কাউন্টির উদ্যোগে জাহাজটিকে সামুদ্রিক জীববৈচিত্র্যের আবাসস্থল ও স্কুবা ডাইভারদের আকর্ষণীয় কেন্দ্রে পরিণত করার এই পরিকল্পনা নেওয়া হয়। জাহাজটি ডোবানোর আগে পরিবেশগত ঝুঁকি এড়াতে এর ভেতর থেকে জ্বালানি, তেল, তার, কাঁচসহ সব ক্ষতিকর উপাদান এবং ৬৫ ফুট দীর্ঘ চিমনি সরিয়ে নেওয়া হয়, যা একটি জাদুঘরে সংরক্ষিত হবে।

পরিবেশ ও বিস্ফোরক আইনের কারণে কোনও বিস্ফোরক ব্যবহার না করে জাহাজের কাঠামোয় বড় ছিদ্র করে ধীরে ধীরে পানি ঢোকানো হয়। স্থানীয় সময় দুপুর ১টায় প্রক্রিয়াটি শুরু হলেও বিশাল আকৃতির কারণে এটি ডুবতে প্রত্যাশার চেয়ে বেশি সময় নেয়। ওকালুসা কাউন্টির মুখপাত্র নিক টমেসেক জানান, জাহাজটির বিশাল আকারের কারণে প্রক্রিয়াটি ধীরগতির ছিল। অবশেষে রাত ৯টার দিকে জাহাজটি একদিকে হেলে পড়ে এবং সম্পূর্ণভাবে সাগরের তলদেশে তলিয়ে যায়।

আয়োজকদের আশা, সমুদ্রের তলদেশে জাহাজটির ডেক ও করিডোরগুলো শিগগিরই মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণীর এক বিশাল আবাসস্থলে পরিণত হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে