রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের

পাবনার বেড়া মডেল থানায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হামলা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। রবিবার (২৯ নভেম্বর) ভোর চারটার দিকে থানার পাশের বেড়া পৌরসভার শম্ভুপুর মহল্লা থেকে অর্ধশতাধিক ব্যক্তি এ হামলা চালান বলে জানিয়েছে পুলিশ।

হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ১২টি কাঁদানে গ্যাসের শেল ও ১২৩টি রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পাশাপাশি পাবনা-ঢাকা মহাসড়কে চলাচলকারী আলহামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়েছে।

থানায় হামলার খবর ছড়িয়ে পড়ার পর বেড়া পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

বেড়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে পুলিশ জানতে পেরেছে। হামলার পর স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকেও ফেসবুকে এ বিষয়ে পোস্ট দেওয়া হয়েছে। আগে থেকেই এ ধরনের হামলার আশঙ্কায় পুলিশ সতর্ক অবস্থানে ছিল। হামলার আভাস পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ায় অল্প সময়ের মধ্যে হামলাকারীদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়েছে।

পুলিশ জানায়, হামলার কয়েক ঘণ্টা আগে শনিবার রাত ১০টার দিকে শম্ভুপুর মহল্লার একদল নারী থানার ফটকে গিয়ে বিক্ষোভ করেন। ১৯ নভেম্বর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেফতার পাঁচ আসামির মুক্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর ভোর চারটার দিকে শম্ভুপুর এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে থানায় হামলা চালান। তারা থানার দিকে ইটপাটকেল ও ফালা-বল্লম নিক্ষেপ করেন। পাশাপাশি কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে হামলা চলে। এ সময় পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আলহামরা পরিবহনের একটি বাসে ভাঙচুর চালানো হয়।

আলহামরা পরিবহনের অন্যতম মালিক মোমিতুল চৌধুরী বলেন, হামলায় তাদের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের জন্য বাসটি ইতিমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে।

ওসি গোলাম মোস্তফা বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি এবং কাউকে গ্রেফতার করা যায়নি।

উল্লেখ্য, বেড়া পৌর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে গত ১৯ থেকে ২১ নভেম্বর টানা তিন দিন সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।

১৯ নভেম্বর সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বেড়া মডেল থানার সামনে অবস্থান করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি থানার বন্ধ ফটকে আঘাত করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ওই দিন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এরপর ২০ ও ২১ নভেম্বর পৌরসভার পায়না, বৃশালিখা, সওদাগরপাড়া ও হাতিগাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ২১ নভেম্বর দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসব ঘটনায় দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ছাড়া কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর বেড়া মডেল থানার তৎকালীন ওসি নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়।

Ads small one

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, আসাবুর বাহিনীর প্রধান আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, আসাবুর বাহিনীর প্রধান আটক

জিম্মি জেলে উদ্ধার, দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ জব্দ

পত্রদূত ডেস্ক: সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মুক্তিপণের দাবিতে জিম্মি করে রাখা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। অভিযানে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। একই দিনে সন্দেহজনক একটি নৌকা থেকে ডাকাতদের রসদও জব্দ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের দস্যুতা দমনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ নভেম্বর শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সদস্যরা। এ সময় একটি কাঠের নৌকাসহ জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সুন্দরবনের গভীরে পালিয়ে যায়।

পরে ২৯ নভেম্বর মধ্যরাতে খুলনার দাকোপ থানার মল্লিকবাড়ি এলাকা থেকে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, ২০২৪ সালের ১২ নভেম্বরও আসাবুর সানাকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সুন্দরবনে দস্যুতায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

আটক আসাবুর সানা দাকোপ থানার বাসিন্দা। তাঁকে, জব্দ করা নৌকা এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, সরকারের নির্দেশনা, জনসাধারণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ১৪ ইউনিয়ন আমীরের শপথ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ১৪ ইউনিয়ন আমীরের শপথ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত ১৪টি ইউনিয়ন আমীরের শপথ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) কাজী শামসুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবায়দুল্লাহ।

অনুষ্ঠানে উপজেলা আমীর মাওলানা মোশাররফ হোসেন নবনির্বাচিত ১৪ ইউনিয়ন আমীরের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান। একই অনুষ্ঠানে উপজেলা নায়েবে আমীর হিসেবে মাষ্টার হাবিবুর রহমান ও মো. শহীদ হাসানও শপথ নেন।

নবনির্বাচিত ইউনিয়ন আমীররা হলেন— বাঁশদহায় মাওলানা নাজমুল হুদা, কুশখালীতে মাওলানা গোলাম রসুল, বৈকারীতে জালাল উদ্দীন, ঘোনায় মাওলানা আব্দুল ওয়াদুদ, শিবপুরে মাওলানা মনিরুজ্জামান, ভোমরায় আনোয়ার কবীর, আলীপুরে মাওলানা মাহমুদুন্নবী, ধুলিহরে মাওলানা আব্দুস সালাম, ব্রহ্মরাজপুরে মাওলানা জাকির হুসাইন, আগরদাঁড়ীতে মাওলানা মিজানুর রহমান, ঝাউডাঙ্গায় প্রভাষক ইকবাল হোসেন, বল্লীতে মিজানুর রহমান, লাবসায় হাফেজ আমিরুল ইসলাম এবং ফিংড়ীতে শাহিনুজ্জামান।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর রুকন সদস্যদের গোপন ভোটে তাঁরা নির্বাচিত হন। অনুষ্ঠানে উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন, অধ্যাপক সহিদুর রহমান, মাওলানা আব্দুস সবুর, মাওলানা আনিছুর রহমানসহ উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

কলারোয়ায় সাংবাদিক আসাদের মায়ের মৃত্যু, প্রেসক্লাবের শোক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
কলারোয়ায় সাংবাদিক আসাদের মায়ের মৃত্যু, প্রেসক্লাবের শোক

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবের সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল ‘সমতট’-এর সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান আসাদের মা আনোয়ারা খাতুন (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কলারোয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম তুলসীডাঙ্গা গ্রামের নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, চার মেয়ে, জামাতাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার এশার নামাজের পর তাঁর জানাজা শেষে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের কর্মকর্তারা ও সদস্যরা। এক শোকবার্তায় তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক প্রকাশকারীরা হলেন কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, রাশেদুল হাসান কামরুল, সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, প্রভাষক আরিফ মাহমুদ, আতাউর রহমান, সাইফুল্লাহ আজাদ, কাজী সিরাজ, প্রভাষক সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, সুজাউল হক সুজা, মিকাঈল হোসেন, অহিদুজ্জামান খোকা, দেলোয়ার হোসেন ও যুগের বার্তার সাংবাদিক শেখ জিয়াসহ অনেকে।