বেতনা নদীর ভাঙনে ঝুঁকিতে আখড়াখোলা বাজার জামে মসজিদ
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ‘আখড়াখোলা বাজার জামে মসজিদ’টি বেতনা নদীর তীব্র ভাঙনের মুখে পড়েছে। নদীর পাড় ক্রমাগত ভেঙে মসজিদের কাছাকাছি চলে আসায় যেকোনো মুহূর্তে এই ধর্মীয় উপাসনালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা।
সরেজমিনে দেখা গেছে, খরস্রোতা বেতনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করায় মসজিদের অস্তিত্ব সংকটে পড়েছে। দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে আসন্ন বর্ষা বা বড় জোয়ারের ধাক্কায় স্থাপনাটি চিরতরে হারিয়ে যেতে পারে। ভাঙন আতঙ্কের মধ্যেই প্রতিদিন মুসল্লিরা এখানে নামাজ আদায় করছেন।
বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মহিতুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, অনেক অর্থ ও শ্রমে নির্মিত এই সুন্দর স্থাপনাটি রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও বিভাগীয় প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। দ্রুতই ভাঙনকবলিত স্থানটি পরিদর্শন করে মসজিদটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পাউবোর শুধু মৌখিক আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। অনতিবিলম্বে সেখানে জিও ব্যাগ ডাম্পিং এবং পরবর্তীতে স্থায়ী প্রতিরক্ষামূলক টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা।






