সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ইউএনওকে ডি.বি. বালিকা বিদ্যালয়ের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
নতুন ইউএনওকে ডি.বি. বালিকা বিদ্যালয়ের শুভেচ্ছা, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নাজমুল হুসাইন যোগদান করায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি.) মাধ্যমিক বালিকা বিদ্যালয়। তাঁর নেতৃত্বে উপজেলার শিক্ষাব্যবস্থা ও শিক্ষার মান আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম নতুন ইউএনওকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। এ সময় তিনি বলেন, দক্ষ ও দূরদর্শী প্রশাসনিক কর্মকর্তার আগমন উপজেলার জন্য ইতিবাচক। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে নারী শিক্ষার প্রসার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নে তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, তাঁর দায়িত্বকালীন সময়ে সাতক্ষীরা সদরের শিক্ষাঙ্গন আরও সমৃদ্ধ হবে।

জবাবে ইউএনও নাজমুল হুসাইন বলেন, মানসম্মত শিক্ষা ও মেয়েদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অগ্রাধিকার। অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে উপজেলা প্রশাসন শিক্ষকদের পাশে থাকবে।

শুভেচ্ছা বিনিময়কালে শিক্ষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ads small one

খোলপেটুয়া নদীতে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
খোলপেটুয়া নদীতে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় খোলপেটুয়া নদীতে ডুবে সাগর হোসেন (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাপিতখালী এলাকায় নদী থেকে স্থানীয় জেলে ও বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন।

সাগর গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের কবিরুল হাওলাদারের বড় ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে সাগর তিন বন্ধুর সঙ্গে বাড়ির পাশের খোলপেটুয়া নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পানিতে তলিয়ে যায় সে। তার বন্ধুরা চিৎকার করলে স্থানীয় জেলে ও বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে জাল ফেলে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, সাগরের আগে থেকেই খিঁচুনিজনিত শারীরিক সমস্যা ছিল। পানির সংস্পর্শে এলে তার এ সমস্যা দেখা দিত বলে পরিবারের দাবি।

ঘটনার সময় সাগরের বাবা-মা তাদের আরেক অসুস্থ সন্তানকে নিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। এক সন্তানের অসুস্থতার মধ্যে আরেক সন্তানের মৃত্যুতে পরিবারটি শোকাহত হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য মশিউর রহমান ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ খোঁজ নিয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আবহাওয়ার খামখেয়ালিপনা ও সাতক্ষীরার শিশুস্বাস্থ্য

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
আবহাওয়ার খামখেয়ালিপনা ও সাতক্ষীরার শিশুস্বাস্থ্য

আজহারুল ইসলাম সাদী

আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। অথচ জীবনের শুরুতেই হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে অনেক শিশুকে। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে দিনের ভ্যাপসা গরম আর রাতের শীতল বাতাসের আকস্মিক তারতম্য সামাল দিতে পারছে না কোমলমতি শিশুরা। ফলে উপকূলীয় জেলা সাতক্ষীরায় বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর—মাত্র ৪৯ দিনে জেলার তিনটি প্রধান হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৯০টি শিশু। এর বাইরে সাতক্ষীরার বেসরকারি শিশু হাসপাতালের বহির্বিভাগেই চিকিৎসা নিয়েছে ৫ হাজার ৩২০ শিশু। সরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগের হিসাব যুক্ত হলে রোগীর সংখ্যা আরও বাড়বে।

রোগীর এই বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে জেলার চিকিৎসাব্যবস্থা। সবচেয়ে নাজুক পরিস্থিতি সাতক্ষীরা সদর হাসপাতালে। শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা মাত্র ১৫টি, অথচ প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ জন শিশু চিকিৎসা নিচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে পাঁচটি শয্যার বিপরীতে রোগী থাকছে ২০ থেকে ৩০ জন। শয্যা সংকটের কারণে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতকসহ অনেক শিশুকে হাসপাতালের মেঝে ও খোলা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। শীতল বাতাসের মধ্যে এভাবে অসুস্থ শিশুদের চিকিৎসা নেওয়া তাদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে।

একদিকে শয্যা সংকট, অন্যদিকে চিকিৎসক ও নার্সের স্বল্পতা—সব মিলিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও অসহায়ত্ব বাড়ছে। উপকূলীয় অঞ্চল হওয়ায় জলবায়ু পরিবর্তনের প্রভাব সাতক্ষীরায় তুলনামূলক বেশি। লবণাক্ততা, সুপেয় পানির সংকট ও আবহাওয়ার দ্রুত পরিবর্তন জনস্বাস্থ্যের জন্য বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

এই সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়া দরকার। সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে। কোনো শিশুকে যেন খোলা বারান্দায় চিকিৎসা নিতে না হয়, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রাথমিক চিকিৎসাসেবা জোরদার করতে হবে, যাতে সাধারণ জ্বর, সর্দি-কাশি কিংবা ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের জেলা সদরে আসতে না হয়। আবহাওয়া পরিবর্তনের সময়ে শিশুদের উপযুক্ত পোশাক পরানো, বিশুদ্ধ পানি পান করানো এবং ধুলাবালি থেকে দূরে রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন করাও প্রয়োজন।

আজকের শিশুরাই আমাদের ভবিষ্যৎ। অবকাঠামোগত সীমাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে হাসপাতালের বারান্দায় তাদের দুর্ভোগ কোনোভাবেই কাম্য নয়। শিশুদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা কেবল হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব নয়, বরং সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগেরও গুরুত্বপূর্ণ কর্তব্য। সাতক্ষীরার শিশুস্বাস্থ্য সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এটাই জেলার মানুষের প্রত্যাশা।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট।

বিশ্ব সংযুক্ত যমজ দিবস: বিরল জন্মগত অবস্থা, চিকিৎসা ও জীবনসংগ্রাম

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
বিশ্ব সংযুক্ত যমজ দিবস: বিরল জন্মগত অবস্থা, চিকিৎসা ও জীবনসংগ্রাম

সাকিবুর রহমান বাবলা

প্রকৃতির এক বিরল ও জটিল সৃষ্টি সংযুক্ত যমজ। মাতৃগর্ভে ভ্রূণের স্বাভাবিক বিভাজন সম্পূর্ণ না হওয়ায় দুটি শিশু শরীরের কোনো অংশে পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় জন্মগ্রহণ করে। চিকিৎসাবিজ্ঞানে এদের ‘কনজয়েন্ড টুইনস’ বলা হয়। প্রতি ৫০ হাজার থেকে ১ লাখ জীবিত জন্মের মধ্যে আনুমানিক একটি ক্ষেত্রে এ ধরনের যমজের জন্ম হয়। বিরল এই জন্মগত অবস্থা, চিকিৎসা, জীবনযাপন, অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ২৪ নভেম্বর পালিত হয় বিশ্ব সংযুক্ত যমজ দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮/৩১৩ নম্বর প্রস্তাবের মাধ্যমে দিবসটি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।

সংযুক্ত যমজ অভিন্ন যমজের একটি বিশেষ ধরন। সাধারণত একটি নিষিক্ত ডিম্বাণু বিভক্ত হয়ে দুটি ভ্রূণ তৈরি করে। কিন্তু গর্ভধারণের প্রায় ১৩ থেকে ১৫ দিনের মধ্যে বিভাজন সম্পূর্ণ না হলে ভ্রূণ দুটি আংশিকভাবে যুক্ত অবস্থায় বিকশিত হতে পারে। এ অবস্থার সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। মায়ের বয়স, জাতিগত পরিচয়, পূর্ববর্তী সন্তান জন্মদান কিংবা বংশগতির সঙ্গে এর সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। সাধারণত তাদের একটি গর্ভফুল ও অ্যামনিওটিক থলি থাকে এবং তারা একই লিঙ্গের হয়ে জন্মগ্রহণ করে। ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে এ ধরনের জন্মের প্রবণতা বেশি।

শরীরের কোন অংশে যুক্ত রয়েছে, তার ভিত্তিতে সংযুক্ত যমজের বিভিন্ন নামকরণ করা হয়েছে। বুকের অংশে যুক্ত হলে থোরাকোপ্যাগাস, নাভি বা পেটের কাছে যুক্ত হলে ওমফ্যালোপ্যাগাস, মাথার খুলিতে যুক্ত হলে ক্র্যানিওপ্যাগাস, নিতম্বের পেছনে যুক্ত হলে পাইগোপ্যাগাস এবং শ্রোণিচক্রের নিচের অংশে যুক্ত হলে ইশকিওপ্যাগাস বলা হয়। কোনো কোনো ক্ষেত্রে তারা হৃদ্‌যন্ত্র, যকৃৎ, পরিপাকতন্ত্র কিংবা মস্তিষ্কের কিছু অংশও ভাগাভাগি করে। ফলে প্রত্যেক জোড়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার প্রয়োজন ভিন্ন হয়।

সংযুক্ত যমজের জন্মের পেছনে ভ্রূণের অসম্পূর্ণ বিভাজন বা ফিশন তত্ত্ব এবং পৃথক ভ্রূণের কোষ পুনরায় সংযুক্ত হওয়ার ফিউশন তত্ত্বসহ বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। তবে উৎপত্তির সুনির্দিষ্ট প্রক্রিয়া নিয়ে গবেষণা এখনো চলমান। গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড ও এমআরআই পরীক্ষার মাধ্যমে সংযুক্তির ধরন এবং অভ্যন্তরীণ অঙ্গের অবস্থা শনাক্ত করা সম্ভব। জন্মের পর চিকিৎসকদের সমন্বিত মূল্যায়নে অস্ত্রোপচারের সম্ভাবনা নির্ধারণ করা হয়। পৃথকীকরণ সম্ভব কি না, তা নির্ভর করে গুরুত্বপূর্ণ অঙ্গের গঠন ও পারস্পরিক সংযোগের ওপর। অস্ত্রোপচারে রক্তক্ষরণ, সংক্রমণ, রক্তনালির জটিলতা ও হৃদ্‌যন্ত্রের সমস্যার ঝুঁকি থাকায় সিদ্ধান্ত গ্রহণে চিকিৎসাগত সম্ভাবনা, শিশুদের জীবনমান ও নৈতিক বিষয় বিবেচনা করা জরুরি।

ইতিহাসেও সংযুক্ত যমজের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। প্রাচীন এশিয়া, পেরুর মোচে সভ্যতা এবং ৯৪৫ খ্রিষ্টাব্দের বাইজেন্টাইন বিবরণে এর উল্লেখ রয়েছে। চিকিৎসাবিজ্ঞানে ১৬৮৯ সালে সুইজারল্যান্ডের বাসেলে সার্জন জোহানেস ফাতিও নাভির কাছে যুক্ত এলিজাবেথ ও ক্যাথেরিনাকে সফলভাবে পৃথক করেন, যা প্রথম নথিভুক্ত সফল অস্ত্রোপচার হিসেবে পরিচিত। পরে শল্যচিকিৎসা, স্নায়ুবিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে জটিল অস্ত্রোপচারের সুযোগ বাড়ে। আধুনিক চিকিৎসায় ১৯৫৩ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার অকসনার ফাউন্ডেশন হাসপাতালে জন্মের আট দিন পর ক্যারোলিন অ্যান ও ক্যাথেরিন অ্যান মাউটনকে মেরুদণ্ডের নিচের অংশ থেকে সফলভাবে পৃথক করা হয়। পরবর্তী সময়ে দুজনেই সুস্থভাবে বেড়ে ওঠে।

বাংলাদেশের তৃষ্ণা ও কৃষ্ণার ঘটনা সংযুক্ত যমজের চিকিৎসায় আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত। ২০০৬ সালের ডিসেম্বরে জন্ম নেওয়া এই দুই বোনের মাথার খুলি, মস্তিষ্কের কিছু টিস্যু ও রক্তনালি পরস্পরের সঙ্গে যুক্ত ছিল। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ময়রা কেলি তাদের চিকিৎসার দায়িত্ব নিয়ে অস্ট্রেলিয়ায় নিয়ে যান। দীর্ঘ প্রস্তুতি ও একাধিক প্রাথমিক অস্ত্রোপচারের পর ২০০৯ সালের ১৬ নভেম্বর মেলবোর্নের রয়্যাল চিলড্রেনস হাসপাতালে ১৬ সদস্যের চিকিৎসক দল তাদের পৃথক করার জটিল অস্ত্রোপচার শুরু করে। প্রায় ৩০ ঘণ্টার অস্ত্রোপচারের পর ১৭ নভেম্বর তারা পৃথক হয়। চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় দুই বোন পরবর্তী সময়ে সুস্থতার পথে এগিয়ে যায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অ্যাবি ও ব্রিটানি হেনসেল এবং কারমেন ও লুপিটা অ্যান্ড্রেড সংযুক্ত অবস্থায় জীবনযাপনের উল্লেখযোগ্য উদাহরণ। তাদের শারীরিক গঠন ও চিকিৎসাগত পরিস্থিতি বিবেচনায় পৃথকীকরণ করা হয়নি। পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তারা শিক্ষা, কর্মজীবন ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এসব ঘটনা প্রমাণ করে, শরীর সংযুক্ত থাকলেও প্রত্যেকের চিন্তা, অনুভূতি, পছন্দ, ব্যক্তিত্ব ও আত্মপরিচয় স্বতন্ত্র। তাই তাদের প্রতি সহমর্মিতা ও সম্মান দেখানোর পাশাপাশি ব্যক্তিস্বাধীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের অধিকার নিশ্চিত করা জরুরি।

বিশ্ব সংযুক্ত যমজ দিবসের মূল বার্তা শুধু বিরল জন্মগত অবস্থা সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া নয়; বরং জন্ম থেকে জীবনের প্রতিটি পর্যায়ে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষা, মানসিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। এ জন্য মানসম্মত, জনকেন্দ্রিক, টেকসই ও সংকট মোকাবিলায় সক্ষম স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা, সদস্যরাষ্ট্র, চিকিৎসা প্রতিষ্ঠান, গবেষক ও নাগরিক সমাজের মধ্যে সহযোগিতা বাড়ানোও জরুরি। টেকসই উন্নয়ন অভীষ্টের স্বাস্থ্যসম্পর্কিত লক্ষ্য অর্জনে কাউকে পিছিয়ে না রাখার অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে।

সংযুক্ত যমজ কোনো প্রদর্শনীর বিষয় কিংবা মানুষের কৌতূহল মেটানোর উপকরণ নয়; তারাও সমান অধিকার, মর্যাদা ও ভালোবাসা পাওয়ার যোগ্য মানুষ। তাদের নিয়ে উপহাস, বৈষম্য, সামাজিক বিচ্ছিন্নতা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। চিকিৎসার সুযোগ, পরিবারের পাশে থাকা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত করতে পারলেই দিবসটির তাৎপর্য বাস্তবায়িত হবে। বিরল এই শারীরিক অবস্থাকে মানবিক দৃষ্টিভঙ্গি, বিজ্ঞানসম্মত চিকিৎসা ও বৈশ্বিক সংহতির মাধ্যমে মোকাবিলা করাই হোক বিশ্ব সংযুক্ত যমজ দিবসের অঙ্গীকার।