বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে জেলা লিগ্যাল এইড অফিসের বিশেষ সমন্বয় সভা
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বেলা ৩টায় জেলা ও দায়রা জজ এর সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চীফ লিগ্যাল অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. মুস্তাফিজুর রহমান। সভায় বিশেষ আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
সভায় সরকারি বিনা খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রমকে অধিকতর কার্যকর, বিস্তৃত ও জনবান্ধব করার লক্ষ্যে সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষত অধিকারবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণে লিগ্যাল এইড কার্যক্রমে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সহযোগী ভূমিকা বিশেষ দায়িত্ব পালন করে।
বক্তারা বলেন, সংবিধান প্রদত্ত ন্যায়বিচারের অধিকার বাস্তবায়নে জাতীয় লিগ্যাল এইড কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় উদ্যোগ। এ কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে অধিকতর কার্যকরভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
এছাড়া আগামী ২৮ এপ্রিল জাতীয় লিগ্যাল এইড দিবস যথাযোগ্য মর্যাদায় ও সাফল্যের সাথে উদযাপনের লক্ষ্যে সকল অংশীজনের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলার বেসরকারি বিভিন্ন উন্নয়ন সংগঠনের পরিচালক, নির্বাহী পরিচালক ও প্রতিনিধিগণ।
সভাটি সমন্বয় করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সহকারী সিভিল জজ) লিটন দাস, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাড. মো. মিজানুর রহমান পিন্টু, অ্যাড. মো. খায়রুল বদিউজ্জামান, উত্তরণ এর লিগ্যাল অ্যাডভাইজার অ্যাড. মুহাম্মদ মনির উদ্দিন, সুশীলন-এর সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান ও অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা।






