সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মিউজে স্পেসেস সুবিধা, নিজের পছন্দমতো সাজানো যাবে এআই অভিজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
মিউজে স্পেসেস সুবিধা, নিজের পছন্দমতো সাজানো যাবে এআই অভিজ্ঞতা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারীকে দিয়ে একাধিক কাজ করানোর সময় প্রতিটি বিষয়ের তথ্য ও কথোপকথন আলাদাভাবে সংরক্ষণের সুযোগ দিতে ‘স্পেসেস’নামের নতুন সুবিধা চালু করেছে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা মিউজ এআই সহকারীর সঙ্গে নির্দিষ্ট কোনও কাজ বা প্রজেক্ট নিয়ে আলাদা ওয়ার্কস্পেস তৈরি করতে পারবেন। এর মাধ্যমে ভ্রমণসূচি তৈরি, অনুষ্ঠান ব্যবস্থাপনা কিংবা ব্যক্তিগত ও পেশাগত প্রজেক্টের বিভিন্ন তথ্য এক জায়গায় সংরক্ষণ ও পরিচালনা করা যাবে।

নতুন সুবিধাটি মূলত মিউজের সঙ্গে বিষয়ভিত্তিক আলাদা কথোপকথনের সুযোগ তৈরি করবে। মিউজের সঙ্গে চ্যাট করার ইন্টারফেসের সাইডবারে প্রতিটি স্পেস দেখা যাবে। ব্যবহারকারী কোনও নির্দিষ্ট কাজের জন্য স্পেস তৈরি করলে সেটি নিয়ে মিউজের সঙ্গে পরবর্তী সব আলোচনা ওই জায়গাতেই চালিয়ে যেতে পারবেন। এতে আগের কথোপকথনের তথ্য ধরে কাজ এগিয়ে নেওয়া সহজ হবে। একই সঙ্গে একাধিক প্রজেক্টের তথ্য এক চ্যাটে মিশে যাওয়ার আশঙ্কাও কমবে।

স্পেস তৈরি করতে ব্যবহারকারীকে শুধু চ্যাটে নিজের পরিকল্পনা বা প্রয়োজনের কথা জানাতে হবে। মেটার ভাষ্য, ব্যবহারকারীর বর্ণনা অনুযায়ী মিউজ নিজেই সংশ্লিষ্ট স্পেস তৈরি করে দিতে পারবে। স্পেসগুলো শুধু কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এগুলোকে ট্র্যাকার, প্ল্যানার কিংবা প্রকল্প ব্যবস্থাপনার টুল হিসেবেও সাজানো যাবে। যেমন, কোনও অনুষ্ঠানের আয়োজনের জন্য তৈরি স্পেসে প্রস্তুতির বিভিন্ন ধাপ, প্রয়োজনীয় সামগ্রী ও খরচের হিসাব রাখা যাবে। একইভাবে কেনাকাটার জন্য আলাদা স্পেস তৈরি করে পণ্যের তালিকা ও কেনাকাটার অগ্রগতি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

নতুন সুবিধায় তৃতীয় পক্ষের অ্যাপ ও তথ্য যুক্ত করার সুযোগও থাকছে। এর ফলে সংশ্লিষ্ট সেবাগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে স্পেস হালনাগাদ রাখা যাবে। উদাহরণ হিসেবে, কোনও কনসার্টের তারিখ পরিবর্তন, পণ্যের দাম কমা কিংবা সঞ্চয়ের অগ্রগতির মতো তথ্য ব্যবহারকারীকে বারবার মিউজকে জিজ্ঞাসা করতে হবে না। সংযুক্ত অ্যাপ থেকে নতুন তথ্য পাওয়া গেলে তা স্বয়ংক্রিয়ভাবেই সংশ্লিষ্ট স্পেসে যুক্ত হবে বলে জানিয়েছে মেটা।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, তিনি মিউজের স্পেসেস ব্যবহার করে বারবিকিউ আয়োজনের গেম, ইভেন্ট ট্র্যাকার এবং বাড়ির বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণের ড্যাশবোর্ড তৈরি করেছেন।

মিউজ এআই সহকারী চালুর দুই মাসের কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় এর ব্যবহারকারী ১ কোটি ছাড়িয়েছে বলে অক্টোবরে জানিয়েছিলেন জাকারবার্গ। স্পেসেস ছাড়াও গত সপ্তাহে ‘মিউজ ভয়েস’নামে আরেকটি সুবিধা ঘোষণা করেছে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও কথোপকথন ও মুখে নির্দেশনা দেওয়ার সুযোগ পাবেন।

Ads small one

শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
শোবিজ ছেড়ে নিউইয়র্কে, কী করছেন সেই মোনালিসা

একসময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসা। ফেয়ার অ্যান্ড লাভলীর বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। তবে লিলির কয়েকটি বিজ্ঞাপন দিয়ে ভীষণ জনপ্রিয়তা পান এ গ্ল্যামারকন্যা।

বর্তমানে নাটক-বিজ্ঞাপনে কোথাও নেই তিনি। অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মোনালিসা।

প্রায় ১০ বছর ধরে নিউইয়র্কে বসবাস করছেন বলে জানান তিনি। কী করছেন সেখানে জানতে চাইলে মোনালিসা বলেন, ‘বর্তমানে যুক্তরাষ্ট্রে টম ফোর্ড বিউটির ম্যানেজার হিসেবে কাজ করছি। এছাড়া এখানকার একটি ব্যাংকের কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্বে আছি।’

বিজ্ঞাপনে জনপ্রিয়তা পাওয়ার মোনালিসা প্রথম অভিনয় করেন ‘কাগজের ফুল’ নাটকে। নাটকটি পরিচালনা করেন অরুণ চৌধুরী। এতে নায়ক ছিলেন মাহফুজ আহমেদ।

 

সেই সময়ের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে মোনালিসা বলেন, ‘প্রচণ্ড জনপ্রিয়তা পাওয়ার পর বাসার ঠিকানায় শত শত চিঠি আসতো। চিঠি আমার তেমন একটা পড়া হতো না। বেশিরভাগ চিঠিতে প্রেম-ভালোবাসার কথা লেখা থাকতো। ভক্তরা বাসার ঠিকানায় শাড়ি উপহার পাঠাতেন। ফুলও পাঠাতেন। কখনো জন্মদিনে, আবার কখনো এমনিতেই এসব উপহার পাঠাতেন।’

তিনি আরও বলেন, ‘রাস্তায় বের হলেই অনেকেই বলতেন, ‘ওই যে মোনালিসা যাচ্ছে।’’

চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
চিকিৎসকের পরামর্শে আর যে চরিত্রে অভিনয় করছেন না নীলাঞ্জনা নীলা

সিনেমার বাইরে টিভি নাটকেও অভিনয় করছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। বর্তমানে নাটকেই বেশি ব্যস্ত তিনি। সাম্প্রতিক কয়েকটি নাটকে ঝগড়াটে চরিত্রে দেখা গেছে তাকে। দর্শকের কাছ থেকে এ নাটকগুলোর জন্য বেশ প্রশংসা পেয়েছেন নায়িকা।

তবে এবার তিনি জানালেন, চিকিৎসকের পরামর্শে ঝগড়াটে চরিত্র আর করছেন না। কেন এমন সিদ্ধান্ত সেটিও স্পষ্ট করলেন অভিনেত্রী।

নীলাঞ্জনা নীলা বলেন, আমার অনেক রকম সমস্যা হচ্ছে। গলায় সমস্যা, অনেক দিন ধরে ঠিকমতো কথা বলতে পারছিলাম না। বেশির ভাগ সময় অসুস্থ থাকছি। কারণ, ঝগড়ার অভিনয় করতে গেলে অনেক শক্তি প্রয়োজন হয়। মানসিকভাবেও অনেক চাপ যায়। এসব কারণে চিকিৎসক আমাকে একটু মানা করেছেন।

তিনি আরও বলেন, এখন আমি পরিচালকদের একটু বলে দিচ্ছি যে এই ঝগড়াটে নাটকটা আমি এখন কম করতে চাই। তবে সব একেবারে বাদ দিচ্ছি না। যেসব চরিত্র আমার খুব ভালো লাগছে, সেগুলো ঠিকই করছি। একটু বেছে বেছে কাজ করছি এবং পরিচিত ছক থেকে বের হওয়ার চেষ্টা করছি।

দুই ইনিংসেই ৫০০ ছাড়ানো প্রথম দল জিম্বাবুয়ে!

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
দুই ইনিংসেই ৫০০ ছাড়ানো প্রথম দল জিম্বাবুয়ে!

ড্র হয়েছে ম্যাচ, কিন্তু ব্যাট হাতে ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে। টেস্ট ক্রিকেটে প্রথম দল হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই ৫০০ বা তার বেশি রান করার কীর্তি গড়েছে তারা। সোমবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এই রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে।

প্রথম ইনিংসে ৫০৪ রান করে জিম্বাবুয়ে। জবাবে আফগানিস্তান তোলে ৫১৪ রান। এরপর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করে জিম্বাবুয়ে। ৫ উইকেটে ৫২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। তাতেই টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ে দলটি।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের হয়ে ব্রেন্ডন টেলর করেন ১৩১ রান। অধিনায়ক ব্রায়ান বেনেটের ব্যাট থেকে আসে ১২৮ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে আলো ছড়ান ক্রেইগ আরভিন। অপরাজিত ২০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাতে টেস্টে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় বয়োজ্যেষ্ঠ ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েছেন আরভিন। ওয়েসলি মাধেভেরে করেন ১০০ রান।

শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হলেও জিম্বাবুয়ের ব্যাটিং নৈপুণ্য স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ইতিহাসে। দুই ইনিংসেই ৫০০ রান পেরিয়ে নতুন রেকর্ড গড়ার ম্যাচে অসাধারণ অবদানের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্রেন্ডন টেলর।