যশোরে সাংবাদিককে ৬ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ
যশোর প্রতিনিধি: যশোরে কোনো মামলা বা লিখিত অভিযোগ ছাড়াই গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ওবায়দুল ইসলাম অভিকে প্রায় ছয় ঘণ্টা পুলিশ হেফাজতে রেখে হয়রানির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় আটকে রাখা হয়। পরে স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতি ও প্রতিবাদের মুখে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।
ভুক্তভোগী সাংবাদিক ওবায়দুল ইসলাম অভি জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সালাউদ্দিন চা পানের কথা বলে তাকে ডিবি কার্যালয়ে ডাকেন। সেখানে যাওয়ার পর কৌশলে তাকে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে তাকে ভিকটিম সেলে প্রায় ছয় ঘণ্টা বসিয়ে রাখা হয়। এ সময় তার বিরুদ্ধে কোনো অভিযোগের কথা জানানো হয়নি।
ওবায়দুল ইসলামের ধারণা, সম্প্রতি তার করা কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ না করার জন্য স্থানীয় প্রেসক্লাবের কিছু নেতার পক্ষ থেকে চাপ ছিল। সেই চাপ উপেক্ষা করে প্রতিবেদনগুলো প্রকাশ করায় এই ঘটনা ঘটে থাকতে পারে।
কোতোয়ালি মডেল থানা-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রেসক্লাবের কয়েকজন নেতার অনুরোধে ওই সাংবাদিককে থানায় আনা হয়েছিল। তবে কী অভিযোগে বা কোন আইনি ভিত্তিতে তাকে আটকে রাখা হয়েছিল, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এই ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।









