মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রাজধানীর বায়ুদূষণে পরিবহন খাতের দায় ৫০ শতাংশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ
রাজধানীর বায়ুদূষণে পরিবহন খাতের দায় ৫০ শতাংশ

রাজধানীর বায়ুদূষণের বড় একটি অংশের জন্য দায়ী পরিবহন খাত। এ দূষণ নিয়ন্ত্রণে ফিটনেসবিহীন ও অতিরিক্ত ধোঁয়া নির্গমনকারী যানবাহন চলাচল বন্ধ, মানসম্মত জ্বালানি ও লুব্রিকেন্টের ব্যবহার নিশ্চিত এবং চালকদের পরিবেশবান্ধব গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনরা। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট কমানো এবং পরিবহন খাতে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক আলোচনা সভায় এসব দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান ও স্টামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।

সভাপতির বক্তব্যে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ঢাকার বায়ুদূষণের অন্তত ৫০ শতাংশের জন্য পরিবহন খাত দায়ী। এ দূষণের কারণে ক্যানসার, হৃদরোগসহ নানা ধরনের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। পরিবহন খাতের দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হলে অন্তত ১০ শতাংশ স্বাস্থ্যব্যয় কমানো যেতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আইন অমান্য করাকে এখন কিছু মানুষের কাছে গর্বের বিষয় হিসেবে দেখা হয়। এ মানসিকতার কারণে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতির পরিবর্তনে ক্যাব, বাপাসহ অন্যান্য নাগরিক সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সংশ্লিষ্ট অংশীজনরা যেন নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেন, সে বিষয়ে নাগরিক সংগঠনগুলোকে সোচ্চার হতে হবে।

মূল প্রবন্ধে ঢাকার বায়ুদূষণের ভয়াবহ চিত্র তুলে ধরে অধ্যাপক কামরুজ্জমান বলেন, রাজধানীর আব্দুল্লাহপুর, মিরপুর-১০, গুলিস্তান ও গাবতলীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বায়ুদূষণের মাত্রা অত্যন্ত বেশি। এমনকি ধানমন্ডি, গুলশান ও শাহবাগের মতো এলাকাতেও মাত্রাতিরিক্ত দূষণ হচ্ছে।

গবেষণার তথ্য তুলে ধরে তিনি বলেন, শুধু দিনের বেলাতেই নয়, মাঝরাত ও ভোররাতেও রাজধানীতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। এর অন্যতম কারণ সিটি করপোরেশনের রাস্তা ঝাড়ু দেওয়ার কার্যক্রম, ভবন নির্মাণকাজ এবং ভারী পণ্যবাহী ট্রাকের চলাচল। আব্দুল্লাহপুর থেকে সদরঘাট পর্যন্ত বাসরুটের অধিকাংশ এলাকাই বায়ুদূষণের ঝুঁকিতে রয়েছে। তবে নিকুঞ্জ ও বিমানবন্দর এলাকায় বায়ুর মান তুলনামূলক ভালো।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, পরিবেশদূষণ রোধে ইমারত নির্মাণসংক্রান্ত আইন ও বিধিমালা থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ হচ্ছে না। ফলে নগরবাসী কার্যত একটি গ্যাস চেম্বারের মধ্যে বসবাস করছে। দূষণের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি চিকিৎসাব্যয়ও বাড়ছে।

তিনি অভিযোগ করেন, দূষণ নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রভাবশালী রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিদের একটি অংশ নিজেরাই বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। ফলে প্রভাবশালী সিন্ডিকেটের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে।

সভায় সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিনিধিরা বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত দখল হয়ে যাওয়ায় যানজট বাড়ছে। এতে যানবাহনের জ্বালানি খরচ বৃদ্ধি পাচ্ছে। বারবার ব্রেক করা ও পুনরায় গতি বাড়ানোর কারণে কার্বন নিঃসরণও বাড়ছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত আলোচনা সভা

তাদের মতে, পরিবেশ সুরক্ষায় সড়কে যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি গতির ধারাবাহিকতা বজায় রাখার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অন্যদিকে, গণপরিবহনে পুরোনো ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে না বলে দাবি করেন সড়ক পরিবহন মালিকপক্ষের নেতারা। তাদের মতে, মানহীন জ্বালানি তেল ও ভেজাল মবিলের কারণে যানবাহন থেকে কালো ধোঁয়া নির্গমনের পরিমাণ বাড়ছে। এ সমস্যা সমাধানে জ্বালানি তেল ও লুব্রিকেন্টের মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা। পাশাপাশি গাড়ি আমদানির ক্ষেত্রে মান যাচাই এবং চালকদের জন্য সরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান।

বিআরটিএর পরিচালক রুবাইয়াত-ই-আশিক বলেন, ঢাকার বায়ুদূষণ কমাতে যানবাহনের ফিটনেস ও নির্গমন পরীক্ষা আরও কার্যকর করা প্রয়োজন। মেয়াদোত্তীর্ণ, অনুপযুক্ত ও অতিরিক্ত ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, পরিবহন মালিকদের নিয়মিত যানবাহন রক্ষণাবেক্ষণ এবং চালকদের পরিবেশবান্ধব গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া জরুরি। এ ছাড়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে গণপরিবহন বিশেষজ্ঞ ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সাবেক নির্বাহী পরিচালক ড. এস এম সালাউদ্দীন বলেন, রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে শুধু আইন ও নীতিমালা প্রণয়নই যথেষ্ট নয়। এগুলোর কার্যকর বাস্তবায়ন, নিয়মিত নজরদারি এবং সংশ্লিষ্ট সব পক্ষের জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকার, পরিবহন মালিক-শ্রমিক, চালক, নিয়ন্ত্রক সংস্থা ও নাগরিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও প্রতিদিন যানবাহনের ফিটনেস পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষায় ফিটনেসবিহীন অন্তত ১৫ থেকে ২০টি গাড়ি প্রতিদিন ডাম্পিং করা হচ্ছে। পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও পরিবেশ সুরক্ষায় বিআরটিএর কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

Ads small one

বসুন্ধরা মার্কেটের মালিকদের ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের স্থিতাবস্থা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
বসুন্ধরা মার্কেটের মালিকদের ক্ষতিপূরণ প্রদানে হাইকোর্টের স্থিতাবস্থা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মার্কেটের মালিকদের নামে জমি অধিগ্রহণ ও অবকাঠামোর ক্ষতিপূরণের অর্থ প্রদানের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সোমবার (৯ নভেম্বর ২০২৬) রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দীন মাহমুদের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ৬ সেপ্টেম্বর ২০২৬ সকালে দক্ষিণ পলাশপোল নিউ মার্কেট মোড় এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ আলিফ হোসেনের পক্ষে আইনজীবী মোঃ ইয়ারুল ইসলাম রিট পিটিশনটি দাখিল করেন। পিটিশন নম্বর ১২৭৭৮/২০২৬।

নথি সূত্রে জানা গেছে, ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ (জেড-৭৬০২) মহাসড়ক এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী (জেড-৭৬১৭) মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ৯৪ নম্বর পলাশপোল মৌজার বিআরএস ৫৯২৬, ৫৯০৫, ৫১৩৪, ৫০১৩, ৪৫৮৭, ২৬১৬, ১৫৩৭ ও ১৩৫২ নম্বর খতিয়ানের ১৭০২৮ নম্বর দাগের মোট ০.৩৭৫০ একর জমির মধ্যে সম্মুখ অংশের ০.০৯১০ একর থেকে ০.০৫৯০ একর জমি অধিগ্রহণ করা হয়। এ জন্য এলএ কেস নম্বর ০৬/২০২৪-২৫।

অধিগ্রহণ করা ০.০৫৯০ একর জমির ক্ষতিপূরণ বাবদ ১ কোটি ২৪ লাখ ৬৬৬ টাকা এবং অবকাঠামোর ক্ষতিপূরণ বাবদ ১২ কোটি ২৩ লাখ ৮১ হাজার ৯০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রিটকারীর আইনজীবী মোঃ ইয়ারুল ইসলাম জানান, অধিগ্রহণ করা জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ থাকায় হুকুমদখল আইন অনুযায়ী সালিশকারক নিয়োগের জন্য রিটকারী আলিফ হোসেন সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। হাইকোর্ট ওই আবেদন নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অধিগ্রহণ করা সম্পত্তির ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর না করার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

সাতক্ষীরায় ৫৮জনকে নতুন আইন কর্মকর্তা নিয়োগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ৫৮জনকে নতুন আইন কর্মকর্তা নিয়োগ

জিপি অসীম, পিপি সাত্তার, বিশেষ পিপি ভুট্টো, আকবর ও আশরাফ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার বিভিন্ন আদালতে সরকারি আইনজীবী পদে ব্যাপক রদবদল করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে পূর্বে নিয়োগপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগ বাতিল করে নতুন করে সরকারি কৌঁসুলি (জিপি), পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত ও সহকারী সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়েছে।

১০ নভেম্বর ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ অধীনস্থ আদালতগুলোতে আগে নিয়োগপ্রাপ্ত সরকারি আইনজীবীদের নিয়োগ বাতিল করে তাঁদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এবং লিগ্যাল রিমেমব্রান্সার্স ম্যানুয়াল, ১৯৬০-এর বিধান অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগে জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হয়েছেন অসীম কুমার মণ্ডল এবং দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন শেখ আব্দুস সাত্তার। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে কামরুজ্জামান (ভুট্টো) ও অতিরিক্ত পিপি শাহানা ইমরোজ। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে আকবার আলী ও অতিরিক্ত পিপি ফেরদৌসী আরা।

মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে শেখ আলমগীর আশরাফ নিয়োগ পেয়েছেন।

এ ছাড়া ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনালে অতিরিক্ত সরকারি কৌশলী হিসেবে হাসনাত মুনির, জেলা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী হিসেবে শামীমা পারভীন (মিঠু) ও জি. এম. ফিরোজ আহমেদ।

দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন তোজাম্মেল হোসেন তোজাম, গোলাম গণি (দুদু), মোস্তফা জামান, মো. সাইফুল আলম (সরদার সাইফ), এ. বি. এম. ইমরান (শাওন), মো. আলতাফ হোসেন, শেখ আবু সাইদ রাজা, মিজানুর রহমান বাপ্পী, মো. জালাল উদ্দীন (২), মো. আব্দুল জলিল (৩), মো. মহিতুল ইসলাম, মো. নুরুল ইসলাম, আশাফ উদদৌলা (সুমন), রবিউল ইসলাম, সৈয়দ রেজোয়ান আলী, আসাদুর রহমান বাবু, এস. এম. সালাউদ্দীন, মো. শাহিনুজ্জামান (শাহীন), শেখ ই. জে. এস. হাসীব, এ. বি. এম. আনিসুজ্জামান (আনিস), এ. বি. এম. সেলিম ও আরিফুর রহমান আলো।

সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আব্দুল মালেক, মেহেদী হাসান, শেখ আলাউদ্দীন, মো. এবাদুল হক ও অগ্রদূত দেবনাথ।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম, তারিক ইকবাল অপু, উম্মে হাবিবা রূপা, ফাতিমা ফারজানা ফেরদৌসী, শফিকুল ইসলাম (৩), শেখ জাহিদুর রহমান, মো. আবুল হাসান, আলহাজ এস. এম. ইব্রাহিম, শেখ আমিনুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম খোকন, মো. খোরশেদ আলম ডালিম, মো. আজাদ আলী, জাকারিয়া আহমদ, মো. সোহরাব হুসাইন, মো. জিয়াউর রহমান, শেখ আব্দুস সাত্তার (২), এস. এম. আজিজুল হক, মো. আব্দুস সালাম, মো. আকরাম আলী, শেখ মাহমুদুল হাসান জিকো ও মো. নজরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজসহ সংশ্লিষ্ট দপ্তরে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
নাশকতাকারীদের ধরতে কঠোর নির্দেশনা আইজিপির

দেশে চলমান নাশকতাকারীদের গ্রেফতারে কঠোর নির্দেশনা দিয়েছেন আইজিপি আলী হোসেন ফকির। তবে অপরাধী ধরার নামে কোনো নিরীহ মানুষকে হয়রানি বা শুধু সন্দেহের ভিত্তিতে আটক না করারও নির্দেশ দেন তিনি।

গত তিন দিনের নাশকতার প্রেক্ষাপটে মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দফতরের মর্নিং মিটিংয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন আইজিপি। বৈঠকে সদর দফতরের অতিরিক্ত আইজিপিরা উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও মহানগর পুলিশ কমিশনাররা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সভায় সড়কে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের গাড়িতে হামলাসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন তিনি।

পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রের তথ্য অনুযায়ী, গত তিন দিনে দেশের ১১ জেলায় অন্তত ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। একই সময়ে ঢাকা ও দেশের ছয় জেলায় ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীর ফার্মগেট, পল্লবী ও সদরঘাট এলাকায় বাস ও মিনিট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। চট্টগ্রাম নগরীতেও একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। সোমবার দুপুর থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন স্থানে বিস্ফোরণের সময় এবং চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মুখপাত্র উপকমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে তাদের অধিকাংশই ওই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত অথবা অর্থের বিনিময়ে নাশকতার কাজে যুক্ত হয়েছেন বলে পুলিশের ধারণা।

পুলিশ সদর দফতরের দুজন কর্মকর্তা ও একটি মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেছে আমার দেশ। তারা জানান, আইজিপি নাশকতার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতারে গুরুত্ব দিয়েছেন। শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে আটক করা যাবে না। নির্দিষ্ট তথ্য, অপরাধে সম্পৃক্ততা ও তদন্তের ভিত্তিতে গ্রেফতার নিশ্চিত করতে বলেছেন তিনি। নিরীহ মানুষ যেন কোনোভাবেই পুলিশের অভিযানের শিকার না হন, সে বিষয়েও বিশেষ সতর্কতা দিয়েছেন।

একই সঙ্গে নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও মাঠপর্যায়ে হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন আইজিপি। পুলিশ কর্মকর্তারা বলছেন, নাশকতার ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ ও প্রতিরোধের ওপর জোর দেওয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে নজরদারি বাড়ানো হচ্ছে।