লেবাননে উত্তেজনা বাড়তেই বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি
লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে জোরদার হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের ছয় সপ্তাহের বেশি সময় পরও ইসরায়েল দক্ষিণ লেবাননে আরও গভীরে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত বৃদ্ধির আশঙ্কায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সোমবারের লেনদেনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৮৯ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৩৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৩ দশমিক ২৮ ডলারে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল-লেবানন সংঘাত তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
বাজারে আরও উদ্বেগ বাড়িয়েছে হরমুজ প্রণালিকে ঘিরে পরিস্থিতি। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে যায়। ইরান সেখানে নতুন করে মাইন পেতে থাকতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই জলপথ দ্রুত স্বাভাবিক হবে কিনা, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, যুদ্ধবিরতি বা কোনো সমঝোতা হলেও তাৎক্ষণিকভাবে বাজারে বিপুল পরিমাণ তেল সরবরাহ বাড়বে না। ফলে সরবরাহ-সংকটের আশঙ্কা থেকেই যাচ্ছে।
অন্যদিকে সপ্তাহান্তে প্রকাশিত চীনের অর্থনৈতিক তথ্য প্রত্যাশার চেয়ে দুর্বল ছিল। দেশটির কারখানা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে, যা বৈশ্বিক জ্বালানি চাহিদা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে আপাতত সরবরাহ-সংক্রান্ত ঝুঁকিই বাজারকে বেশি প্রভাবিত করছে।
সূত্র: রয়টার্স









