বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শার্শায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ, নির্মিত হয়েছে দোকানঘর ও বসতবাড়ি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
শার্শায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ, নির্মিত হয়েছে দোকানঘর ও বসতবাড়ি

মো. সোহাগ হোসেন, বাগআঁচড়া (শার্শা): যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৩৪ নম্বর রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিকানাধীন ১১ বিঘা জমির বড় একটি অংশ বেদখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের স্বজনপ্রীতির কারণে বিদ্যালয়ের জমিতে দোকানঘর, বসতবাড়ি, ঈদগাহ ও রাস্তা নির্মাণ করা হয়েছে।

বিদ্যালয়ের জমি ব্যবহার করা হলেও এ থেকে প্রতিষ্ঠানকে কোনো অর্থ দেওয়া হতো না বলে দাবি করেছেন বর্তমান পরিচালনা কমিটির সদস্যরা। সরকারি তদন্তের মাধ্যমে জমির প্রকৃত অবস্থা ও অতীতের অনিয়ম বেরিয়ে আসবে বলে আশা করছেন বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মহিউদ্দিন আলমগীর।

এদিকে বিদ্যালয়ের মালিকানাধীন জমির ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বর্তমান পরিচালনা কমিটি। এর অংশ হিসেবে গত রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে নতুন কমিটির সদস্যদের উপস্থিতিতে কিছু জমি লিজ দেওয়া হয়েছে। এর আগে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে গ্রামজুড়ে মাইকিং করে বিষয়টি জানানো হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নাসির উদ্দীন মিন্টুকে অল্প কিছু জমি লিজ দেওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন আলমগীর বলেন, বিদ্যালয়ের মালিকানাধীন ১১ বিঘা জমি থাকলেও এর সম্পূর্ণ অংশ এখন বিদ্যালয়ের নিয়ন্ত্রণে নেই। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বজনপ্রীতির কারণে বিদ্যালয়ের জমিতে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। কোথাও দোকানঘর, কোথাও ঈদগাহ, আবার কোথাও রাস্তা ও বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। এসব জমি ব্যবহার করা হলেও বিদ্যালয়কে কোনো অর্থ দেওয়া হতো না। ফলে প্রতিষ্ঠানটি তার ন্যায্য আয় থেকে বঞ্চিত হয়েছে।

তিনি আরও বলেন, সে সময় জমির সঠিক পরিমাপ করা এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে সম্ভব ছিল না। তাঁদের মধ্যে ভয়ভীতি কাজ করত। ফলে বিদ্যালয়ের ১১ বিঘা জমির প্রায় সবটুকুই বর্তমানে বেদখলে রয়েছে। আমরা চাই, সরকারি উদ্যোগে নিরপেক্ষ তদন্ত হোক। তদন্ত হলে জমির প্রকৃত পরিমাণ, কোথায় কীভাবে দখল বা স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং অতীতে সরকারি জমি থেকে কোনো আয় হয়েছে কি না, তা বেরিয়ে আসবে। বর্তমান কমিটির সদস্যরা স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে বিদ্যালয় ও এর সম্পত্তি পরিচালনা করতে চান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও ইউনিয়ন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক আব্দুর রশিদ বলেন, বর্তমান কমিটি বিদ্যালয়ের সম্পত্তি সঠিকভাবে পরিচালনা করতে এবং আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর। জমি থেকে প্রাপ্ত অর্থের যথাযথ হিসাব রাখা হবে এবং বিদ্যালয়ের স্বার্থে তা ব্যবহার করা হবে।

স্থানীয় বিএনপি নেতা ও সাবেক সেনাসদস্য আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের মালিকানাধীন জমির সঠিক হিসাব নির্ধারণ, বেদখলের পরিস্থিতি যাচাই এবং নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হলে সরকারি সম্পত্তি সুরক্ষার পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

এ বিষয়ে শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা বানু জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের বিষয়টি তাঁর জানা নেই। সংবাদকর্মীদের মাধ্যমে তিনি প্রথম বিষয়টি জেনেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Ads small one

জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা, সাতক্ষীরায় শহীদুল ইসলাম

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা, সাতক্ষীরায় শহীদুল ইসলাম

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। এতে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক শহীদুল ইসলাম।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটে প্রত্যক্ষ ভোটে এসব আমির নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনে নিজ নিজ জেলা ও মহানগর শাখার দায়িত্ব পালন করবেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, খুলনা বিভাগের ১০টি সাংগঠনিক জেলার মধ্যে সাতক্ষীরায় অধ্যাপক শহীদুল ইসলাম, খুলনায় অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বাগেরহাটে মাওলানা রেজাউল করিম, যশোরে অধ্যাপক মো. গোলাম রসুল, ঝিনাইদহে মাওলানা আবদুল আউয়াল, মাগুরায় অধ্যাপক সাঈদ আহমদ, নড়াইলে অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু, কুষ্টিয়ায় অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট মো. রুহুল আমিন এবং মেহেরপুরে মাওলানা মো. তাজউদ্দীন খান আমির নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ঢাকা মহানগরী উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে নূরুল ইসলাম বুলবুলসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নহিমন বিবি (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নহিমন বিবি সদর উপজেলার বাঁশঘাটা গ্রামের ইনছান আলীর স্ত্রী। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় সাতক্ষীরা থেকে যশোরগামী দ্রুতগতির একটি পরিবহন তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘাতক বাসটি শনাক্তে পুলিশ কাজ করছে।

সাতক্ষীরায় ফেন্সিডিলসহ নারী আটক, পালিয়েছে আরেকজন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় ফেন্সিডিলসহ নারী আটক, পালিয়েছে আরেকজন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩০ বোতল ফেন্সিডিলসহ হালিমা (৪৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও এক ব্যক্তি পালিয়ে যান।

বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শ্রীরামপুর পশ্চিমপাড়ার রবিউল গাজীর বাড়ির উঠানে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে হালিমাকে আটক করা সম্ভব হয়। এ সময় অপর ব্যক্তি পালিয়ে যান। পরে হালিমার কাছ থেকে ৩০ বোতল ফেয়ারহাইল কফ লিনকটাস (ফেন্সিডিল) জব্দ করা হয়।

আটক হালিমা একই এলাকার রবিউল গাজীর স্ত্রী। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় এজাহার দাখিল করা হয়েছে।