জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা, সাতক্ষীরায় শহীদুল ইসলাম
পত্রদূত ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনের জন্য ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে। এতে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক শহীদুল ইসলাম।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নির্বাচিত আমিরদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের রুকনদের (সদস্য) গোপন ব্যালটে প্রত্যক্ষ ভোটে এসব আমির নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী ২০২৭-২০২৮ সাংগঠনিক সেশনে নিজ নিজ জেলা ও মহানগর শাখার দায়িত্ব পালন করবেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, খুলনা বিভাগের ১০টি সাংগঠনিক জেলার মধ্যে সাতক্ষীরায় অধ্যাপক শহীদুল ইসলাম, খুলনায় অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বাগেরহাটে মাওলানা রেজাউল করিম, যশোরে অধ্যাপক মো. গোলাম রসুল, ঝিনাইদহে মাওলানা আবদুল আউয়াল, মাগুরায় অধ্যাপক সাঈদ আহমদ, নড়াইলে অ্যাডভোকেট মো. আতাউর রহমান বাচ্চু, কুষ্টিয়ায় অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন, চুয়াডাঙ্গায় অ্যাডভোকেট মো. রুহুল আমিন এবং মেহেরপুরে মাওলানা মো. তাজউদ্দীন খান আমির নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ঢাকা মহানগরী উত্তরে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে নূরুল ইসলাম বুলবুলসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগর শাখায় নতুন আমির নির্বাচিত হয়েছেন।






