মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ: ‘আইনি পন্থায়’ পর্যালোচনার কথা জানালো ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ণ
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ: ‘আইনি পন্থায়’ পর্যালোচনার কথা জানালো ভারত

চব্বিশের গণ-আন্দোলনে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ ‘আইনি ও বিচারিক পন্থায়’ পর্যালোচনা করছে ভারত। শুক্রবার (১৭ এপ্রিল) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার বর্তমানে আইনি বাধ্যবাধকতা এবং আঞ্চলিক কূটনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখার এক জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। মুখপাত্রের এই অবস্থান সেই জটিল পরিস্থিতিরই প্রতিফলন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা ও দিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটা তলানিতে পৌঁছালেও, বর্তমানে নরেন্দ্র মোদি সরকার বাংলাদেশের বর্তমান তারেক রহমানের সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। সম্পর্ক পুনরায় স্বাভাবিক পর্যায়ে ফেরানোর এই চেষ্টার মাঝেই শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি বড় একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি পুনরায় উত্থাপন করেন।

এই অনুরোধের প্রেক্ষিতে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে জয়সওয়াল বলেন, “চলমান বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে (বাংলাদেশের) অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে।” তিনি আরও যোগ করেন, “আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবো এবং সামগ্রিক পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছি।”

Ads small one

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাসে সমন্বয় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাসে সমন্বয় সভা

আশাশুনি প্রতিনিধি: উপকূলীয় জেলা সাতক্ষীরার আশাশুনিতে প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতা, ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সহযোগীদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় আশাশুনি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের আর্থিক সহায়তায় এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) ‘আইসিআরডিসিভি-৩’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।
ইএসডিওর প্রকল্প ব্যবস্থাপক মো. শামসুল হক মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার, কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার বর্মণ, এবং সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনির।
এ ছাড়া সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, বন বিভাগের কর্মকর্তা মো. রিজাউল করিম, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী ও আবু বক্কর সিদ্দিকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সিপিপি দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা, নদীভাঙন ও লবণাক্ততা বৃদ্ধির প্রেক্ষাপটে আগাম সতর্কবার্তা পৌঁছানো এবং টেকসই অভিযোজন কৌশলের ওপর জোর দেন বক্তারা। দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণ ও ঝুঁকি হ্রাসে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

আশাশুনির কাদাকাটিতে এক রাতে ৩ স্থানে চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
আশাশুনির কাদাকাটিতে এক রাতে ৩ স্থানে চুরি

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে একরাতে ৩ স্থানে চুরি সংঘটিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে হলদেপোতা ব্রীজের কাছে এ চুরির ঘটনা ঘটে।
কয়েকটি ইউনিয়ন ও উপজেলার সাথে সংযোগ সৃষ্টিকারী হলদেপোতা ব্রীজের কাছে কাদাকাটি গ্রামের আব্দুল হান্নান গাজীর ছেলে ভোলা ও সাবুদ আলী সরদারের ছেলে আব্দুল আলিমের দোকান এবং আরার গ্রামের মৃত সমজেল সরদারের ছেলে আব্দুল কাদেরের মৎস্য ঘেরের বাসা রয়েছে। সোমবার রাতে ভোলা ও আলিম দোকানে তালা লাগিয়ে প্রতিদিনের ন্যায় বাড়িতে চলে যান। মঙ্গলবার সকালে দোকানে গিয়ে দেখেন ভোলার দোকান ঘরের চালের অ্যাডবেস্টারের টিন ফাঁকা। এবং দোকানে থাকা ৩টি বালতি, মূল্যবান মালপত্র (মূল্য অনুমান ১ লক্ষ টাকা) ও নগদ ২৫০০ টাকা চুরি হয়েছে। পাশে আলিমের স্টল দোকানে তালা ভেঙ্গে পাশের মসজিদের ৮৫০ টাকা ও অনুমান ৫০০০ টাকার মালপত্র চুরি হয়ে গেছে। একই স্থানে আব্দুল কাদের তার মৎস্য ঘেরের বাসায় সোমবার রাতে ক্রয়কৃত ১০হাজার টাকার মাছ রেখে বাড়িতে যান। চোরেরা বাসার দরজা ভেঙ্গে মাছগুলো নিয়ে যায়। এলাকাবাসী মোড়ে অবস্থিত সিসি ক্যামেরা সচল করা ও স্ট্রিট লাইটটি মেরামত করে চালু করার ব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আমাদী ইউনিয়নে মিষ্টি বিতরণ নিয়ে মারামারি, পরে সালিসে সমাধান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
আমাদী ইউনিয়নে মিষ্টি বিতরণ নিয়ে মারামারি, পরে সালিসে সমাধান

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রসমলাই বিতরণকে কেন্দ্র করে হিসাব সহকারী ও গ্রাম পুলিশের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল চারটার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
পরিষদ সূত্র জানায়, বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম পুলিশ প্রসেনজিৎ পরিষদের কর্মচারীদের মধ্যে রসমলাই বিতরণ করছিলেন। এ সময় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর কু-ু ও প্রসেনজিতের মধ্যে সামান্য কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে গ্রাম পুলিশ প্রসেনজিৎ আহত হন।
ঘটনার আকস্মিকতায় পুরো ইউনিয়ন পরিষদ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে উদ্যোগ নেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা। তাঁদের হস্তক্ষেপে পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেওয়া হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।