তাপস বৈশ্য বললেন, অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!
তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাবেক অধিনায়কদের সম্মান জানাতে ক্যাপ্টেন্স কার্ড চালু করেছে। এর আওতায় সাবেক অধিনায়করা নানান সুবিধা পাবেন। খেলা দেখা থেকে শুরু করে স্বাস্থ্য সেবাসহ আরও কিছু।
তবে শুধু অধিনায়কদের এমন সুবিধা দেওয়ায় সমালোচনা করেছেন জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।
লিখেছেন, এই যুগের বৈষম্য! আগে থেকেই খেলা দেখতে অধিনায়কদের জন্য এসি বক্স আর অন্য জাতীয় দলের সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি! আর এখন তো কার্ড! একদিন ভিডিও করে সবাইকে বলবো, এই যুগেও কেমন বৈষম্য হয়! অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা! অধিনায়ক হলেই তুমি চৌধুরী আর অন্য সতীর্থরা? খেলে তো সবাই মিলে ১১ বা ১৪ জন। খেলা ছেড়ে দেওয়ার পর সবাই জাতীয় খেলোয়ার!
এরপর স্পিনার রফিকের উদাহরণ টেনে তাপস বলেছেন, রফিক ভাইয়ের মতো জনপ্রিয় খেলোয়াড় কয়জন অধিনায়ক আছেন…। রফিক ভাই বসবেন সাধারণ গ্যালারিতে আর আনখোরা অধিনায়ক এসি বক্সে…।
তিনি বলেন, কারও যদি আত্মসম্মান থাকে, তাহলে এই বৈষম্যের প্রতিবাদ করবে……। যারা কার্ড পেয়েছে, তারা করবে না, কারণ তারা এখন বাংলা সিনেমার চৌধুরী হয়েছে……। অধিনায়কদের হেলথ ইনসুরেন্স দরকার আর অন্য সতীর্থদের! এই বৈষম্যের কারণে আমি আমার নিজেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হিসেবে পরিচয় দিতেই লজ্জা বোধ করছি……। এই যুগে এটা চরম বৈষম্য…। আমি চাই, আর যেন কখনোই কোনও সাবেক খেলোয়াড় বোর্ড সভাপতি না হয়… সব দেখা হয়ে গেছে…।









