শেখ হাসিনার দেশে ফেরা রুখতে শ্যামনগরে কঠোর অবস্থানের ঘোষণা মনিরুজ্জামানের
এসএম বিপ্লব হোসেন: সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান বলেছেন, শ্যামনগরে রাজনৈতিক প্রতিপক্ষের কোনো ধরনের আধিপত্য বা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। সুন্দরবন থেকে বাঘ লোকালয়ে আসতে পারলেও শেখ হাসিনা বা তাঁর সহযোগীদের দেশে ফিরে আসা এবং শ্যামনগরে প্রবেশের বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথা জানান।
রোববার (২৯ নভেম্বর) শ্যামনগর উপজেলা বিএনপির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ড. মনিরুজ্জামান বলেন, শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা-কর্মীরা নির্যাতন, হয়রানি ও মামলার শিকার হয়েছেন। চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করার অভিযোগও করেন তিনি। তাঁর দাবি, ওই সময়ে সারা দেশে অসংখ্য মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হয়েছে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের শেষ পর্যায়ে শেখ হাসিনার পতনের আগে কয়েক দিনে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। নিহতদের পরিবারের স্বজনদের কষ্ট এখনো কাটেনি। শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির নেতা-কর্মীরা গত নয় মাস ধরে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে চলছেন দাবি করে ড. মনিরুজ্জামান বলেন, শ্যামনগরে বিরোধী মতের নেতা-কর্মীদের বিরুদ্ধে আগের মতো জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবেশী দেশ ভারতের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, একটি দেশ শেখ হাসিনাকে সামনে রেখে বাংলাদেশকে আবারও নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তবে বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে এবং দেশ আর কোনো বিদেশি আধিপত্য মেনে নেবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির। উপজেলা বিএনপির সদস্যসচিব আশেক ইলাহী মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, মাসুদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক জি এম সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদুল ইসলাম আমজাদ।
এ ছাড়া বক্তব্য দেন ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক জি এম লিয়াকত আলী, কৈখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মল্লিক, গাজী শাহ আলম, আজিজুল হক, শহীদুজ্জামান শহীদ, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, কামরুজ্জামান, আজিজুর, আনোয়ার, মন্টু, দুলু, আঙ্গুর ও সিদ্দিকসহ স্থানীয় বিএনপির নেতারা।












