রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগরের গাবুরায় জলবায়ু সহনশীল জীবিকায়নে ছাগল পালন প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
শ্যামনগরের গাবুরায় জলবায়ু সহনশীল জীবিকায়নে ছাগল পালন প্রশিক্ষণ

সংবাদদাতা: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় ছাগল পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড রিনিউর আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশনের ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প’-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে কারিগরি সহযোগিতা দেয় শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।

মঙ্গলবার ও বুধবার (১৭ ও ১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুটি পৃথক ব্যাচে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রথম দিন চাঁদনীমুখা মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে এবং দ্বিতীয় দিন গাবুরা মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে স্থানীয় উপকারভোগীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও মুখ্য প্রশিক্ষক ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সাবিনা ইয়াসমীন।

আয়োজক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন প্রকল্পের মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েন ও রব কুমার দাসসহ প্রকল্পের অন্য সদস্যরা।

প্রশিক্ষণে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ছাগল পালনের বিভিন্ন দিক তুলে ধরেন ডা. সুব্রত কুমার বিশ্বাস। এর মধ্যে ছিল উন্নত জাত নির্বাচন, স্বাস্থ্যসম্মত বাসস্থান তৈরি, মা ছাগল ও বাচ্চার যত্ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, পরজীবী দমন, রোগ প্রতিরোধ এবং সময়মতো টিকা প্রদান।

প্রধান অতিথি বলেন, ছাগল পালন লাভজনক পেশা হলেও এর জন্য প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা। রোগবালাই প্রতিরোধ ও নিয়মিত টিকা নিশ্চিত করতে পারলে খামারিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

আয়োজকরা জানান, উপকূলীয় লবণাক্ত ও দুর্যোগপ্রবণ এলাকায় কৃষিকাজের পাশাপাশি প্রাণিসম্পদ পালন বিকল্প কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে গাবুরার প্রান্তিক পরিবারগুলো অর্থনৈতিকভাবে সক্ষম ও জলবায়ু সহনশীল হয়ে উঠবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Ads small one

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবির। এ উপলক্ষে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. আমির হামজা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন ও মো. বাবুল হোসাইন হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার শ্রেষ্ঠ ওসি, মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই, ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই এবং সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্টকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তালায় মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রতের সমাপনী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
তালায় মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রতের সমাপনী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ব্রিজ মোড়ের মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রত (কার্তিক ব্রত) উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) মন্দির কমিটির সাধারণ সম্পাদক হৃদয় সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের শ্রী অনন্ত প্রভু ও সাতক্ষীরা থেকে আগত শ্রী দ্বিবাকর ভট্টাচার্য।

অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলাম। তিনি ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন এবং সবার আশীর্বাদ কামনা করেন।

এ সময় মন্দিরের ক্যাশিয়ার তুলশি সাধুসহ জগন্নাথ সাধু, বরুণ সাধু, বাপন সাধু, নারায়ণ সাধু, স্বপন সাধু, অরবিন্দ সাধু, কার্তিক সাধু ও অপূর্ব সাধু উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মাসব্যাপী ব্রত উপলক্ষে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মন্দিরে ভাগবত আলোচনা ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সমাপনী দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাগবত আলোচনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় হাজারো ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি ও যন্ত্রাংশ উদ্ধার, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি ও যন্ত্রাংশ উদ্ধার, আটক ১

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দোকান মালিক শেখ মহাসিন কবির (৪০) কে আটক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বাগআঁচড়া বাজারের ফুলতলা পট্টিতে অবস্থিত মেসার্স মহাসিন সাইকেল স্টোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের শেখ মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোকানে চোরাই ব্যাটারি বিক্রির তথ্য পেয়ে এসআই মোস্তাকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ৫৯টি লিথিয়াম ব্যাটারি, ১৭টি সার্কিট বোর্ড, ১৫টি খোলা সার্কিট, স্টিলের শিট দিয়ে তৈরি ১৪টি বক্স এবং চারটি লিথিয়াম ব্যাটারির বক্স উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।

এদিকে, একই দিন কলারোয়ার কিসমত ইলিশপুর গ্রামে আটক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আরও ১৩টি লিথিয়াম ব্যাটারি উদ্ধার করা হয় বলে কলারোয়া থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, উদ্ধার করা মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।