শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

শ্যামনগরে নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
শ্যামনগরে নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী। তিনি বক্তব্যে শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা গ্রহণ করে সরকারি পর্যায়ে ১ম শ্রেণির কর্মকর্তা পদে চাকরিসহ সমাজ ও দেশ উন্নয়নে ভূমিকা রাখার আহব্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক নূর মোহাম্মদ, শিক্ষক আবু সায়াদ,বিদায়ী ছাত্রী ফারাবি, বিদায়ী ছাত্রী রাজ্ঞী মন্ডল প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি কেক কাটেন।

Ads small one

দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার।

সভায় বক্তব্য দেন দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, বীর মুক্তিযোদ্ধা তৌফিক এলাহী ও সাবুর আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর কে বাপ্পা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ, জুলাই যোদ্ধা মুজাহিদ বিন ফিরোজ ও আবিদ হাসান তানভীরসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।

আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। তাঁরা স্বাধীন, সার্বভৌম ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জলবায়ু ন্যায়বিচারের দাবি তুলে ধরতে কপ-৩১ সম্মেলনে অংশ নিচ্ছে লিডার্স

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
জলবায়ু ন্যায়বিচারের দাবি তুলে ধরতে কপ-৩১ সম্মেলনে অংশ নিচ্ছে লিডার্স

এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত সংকট, স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা এবং জলবায়ু ন্যায়বিচারের দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)।

আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য এ সম্মেলনে লিডার্সের তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে। প্রতিনিধিদলে রয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, পরিচালক (কর্মসূচি) এ বি এম জাকারিয়া এবং প্রকল্প কর্মকর্তা ইভানা আফরিন। সম্মেলনে তাঁরা বিভিন্ন আন্তর্জাতিক আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, অভিযোজন কৌশল, স্থানীয় নেতৃত্বে জলবায়ু কার্যক্রম, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার এবং টেকসই কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তরে লিডার্সের অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই এ অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য।

সম্মেলনের মূল প্রাঙ্গণে ৯ থেকে ১৪ নভেম্বর প্রদর্শনী বুথ নম্বর ২০-এ লিডার্সের বিভিন্ন কার্যক্রম, উদ্ভাবনী উদ্যোগ, স্থানীয় পর্যায়ের অভিযোজন মডেল ও অর্জিত অভিজ্ঞতা তুলে ধরা হবে। এর মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক, নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।

সম্মেলনে লিডার্সের অন্যতম গুরুত্বপূর্ণ অংশগ্রহণ হচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) আনুষ্ঠানিক পার্শ্ব-আয়োজনে।

আগামী ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত জেরজেভান পার্শ্ব-আয়োজন কক্ষ ৩-এ ‘কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তর’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা সিজিআইএআর, সলিডারিডাড ও লিডার্স যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে। এতে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল আলোচক হিসেবে অংশ নেবেন।

আলোচনায় জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে কৃষি ও খাদ্যব্যবস্থার রূপান্তর, টেকসই কৃষি, স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন এবং সবার জন্য খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এ ছাড়া ১৯ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ প্যাভিলিয়নে ‘স্থানীয় নেতৃত্বে অভিযোজন কার্যক্রম: জনগোষ্ঠীর অগ্রাধিকারের সঙ্গে নীতি ও অর্থায়নের সংযোগ’ শীর্ষক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। লিডার্স, ন্যাকম, আইসিআইএমওডি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করছে। এতে স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা ও অভিজ্ঞতার সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক নীতি, পরিকল্পনা এবং জলবায়ু অর্থায়নের কার্যকর সংযোগ প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে।

সম্মেলন চলাকালে লিডার্সের প্রতিনিধিদল বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবে। এসব বৈঠকে জলবায়ু অভিযোজন, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা, জীববৈচিত্র্য সংরক্ষণ, ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, সমুদ্র ও উপকূলীয় পরিবেশে কার্বন সংরক্ষণ, টেকসই জীবিকা এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ ও ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, লিডার্স দীর্ঘদিন ধরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ পানির ব্যবস্থা, টেকসই জীবিকা, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। পানি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্থাটি ২০২৩ সালে মর্যাদাপূর্ণ জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার অর্জন করে।

এ বিষয়ে লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করেন উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। অথচ জলবায়ু নীতি ও অর্থায়ন বিষয়ে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের অভিজ্ঞতা ও অগ্রাধিকার সবসময় যথাযথ গুরুত্ব পায় না। আমরা কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা, স্থানীয় পর্যায়ের অভিযোজন উদ্যোগ এবং জলবায়ু ন্যায়বিচারের দাবি তুলে ধরতে চাই। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করতে চাই।’

লিডার্সের প্রত্যাশা, কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও দাবি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বাস্তবায়িত অভিযোজন উদ্যোগগুলোকে বৈশ্বিক সহযোগিতা ও জলবায়ু অর্থায়নের সঙ্গে যুক্ত করার নতুন সম্ভাবনা তৈরি হবে।

লবণাক্ততার সঙ্গে লড়াই: সাতক্ষীরার নারীদের হাতে বদলাচ্ছে উপকূলের কৃষি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
লবণাক্ততার সঙ্গে লড়াই: সাতক্ষীরার নারীদের হাতে বদলাচ্ছে উপকূলের কৃষি

তারিক ইসলাম

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সাতক্ষীরার উপকূলীয় জীবনযাত্রা দিন দিন আরও চ্যালেঞ্জিং হয়ে উঠছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের পাশাপাশি মাটির অতিরিক্ত লবণাক্ততা এ অঞ্চলের প্রচলিত কৃষিকে একসময় প্রায় অনিশ্চিত করে তুলেছিল। বছরের পর বছর লোনাপানির প্রভাবে উর্বর জমিগুলো হারিয়েছে উৎপাদনক্ষমতা। তবে জীবিকার তাগিদ এবং প্রকৃতির প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার অদম্য প্রচেষ্টা অনেক পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের অগ্রভাগে রয়েছেন সাতক্ষীরার উপকূলীয় এলাকার প্রান্তিক নারীরা।

একসময় উপকূলীয় এলাকার বসতভিটার চারপাশে লবণাক্ততার কারণে চারাগাছ বাঁচিয়ে রাখাই ছিল কঠিন। শাকসবজি তো দূরের কথা, লোনাপানির প্রভাবে অনেক গাছপালাও টিকতে পারত না। তবে সময়ের সঙ্গে সেই চিত্র বদলাতে শুরু করেছে। কৃষি বিভাগ ও স্থানীয় উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সহযোগিতাকে কাজে লাগিয়ে নারীরা এখন বাড়ির আঙিনায় বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন।

এই পরিবর্তনের পেছনে রয়েছে জলবায়ুসহিষ্ণু কৃষিপদ্ধতির প্রয়োগ। বৃষ্টির পানি সংরক্ষণ, উঁচু বেড তৈরি করে চাষাবাদ, মাচা পদ্ধতি ও মালচিং প্রযুক্তির ব্যবহার লবণাক্ততার প্রভাব মোকাবিলায় সহায়ক হচ্ছে। এসব পদ্ধতি কাজে লাগিয়ে উৎপাদিত হচ্ছে বেগুন, ঢ্যাঁড়স, লাউ, মিষ্টিকুমড়াসহ বিভিন্ন ধরনের পুষ্টিকর সবজি।

এই উদ্যোগের সামাজিক ও অর্থনৈতিক প্রভাবও গুরুত্বপূর্ণ। যে নারীরা একসময় পরিবারের খাদ্যনিরাপত্তা নিয়ে অনিশ্চয়তায় ভুগতেন, তাঁদের অনেকেই এখন বসতভিটার সামান্য জায়গায় সবজি উৎপাদন করে পরিবারের চাহিদা মেটাচ্ছেন। কোনো কোনো পরিবার উদ্বৃত্ত সবজি স্থানীয় বাজারে বিক্রি করে বাড়তি আয়ও করছে। এতে একদিকে পরিবারের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে, অন্যদিকে নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরি হচ্ছে। তাঁদের এই উদ্যোগ প্রমাণ করছে, সঠিক জ্ঞান, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পেলে প্রতিকূল পরিবেশেও কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করা সম্ভব।

সাতক্ষীরার উপকূলীয় নারীদের এই উদ্যোগ শুধু ব্যক্তিগত বা পারিবারিক স্বাবলম্বিতার উদাহরণ নয়; এটি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার (অভিযোজন) একটি কার্যকর দৃষ্টান্ত। উপকূলীয় কৃষিকে টেকসই করতে হলে তাঁদের এ উদ্যোগের পরিধি আরও বাড়াতে হবে। এ জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সহজ শর্তে ঋণ, মানসম্মত কৃষি উপকরণ, বীজ, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা এবং হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ বাড়ানো প্রয়োজন। পাশাপাশি উৎপাদিত সবজি বাজারজাতকরণেও সহযোগিতা নিশ্চিত করতে হবে।

প্রকৃতির বৈরিতা ও লবণাক্ত মাটির সঙ্গে লড়াই করে সাতক্ষীরার নারীরা যে সবুজ সম্ভাবনার সূচনা করেছেন, তা উপকূলীয় কৃষির জন্য আশাব্যঞ্জক। যথাযথ নীতিগত সহায়তা, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে তাঁদের এই উদ্যোগ উপকূলীয় অর্থনীতি, পারিবারিক পুষ্টি ও খাদ্যনিরাপত্তায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লেখক: তারিক ইসলাম, সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। পত্রদূত অনলাইন এবং পত্রদূত- এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)