শ্যামনগরে নাশকতার এজাহারে সাবেক ছাত্রদল নেতা ও সাংবাদিকের নাম
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার অভিযোগে থানায় জমা দেওয়া একটি এজাহারে সাবেক ছাত্রদল নেতা ও সাংবাদিক আব্দুর রহমান বাবুর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ৮৫ জনের নাম উল্লেখ করে দেওয়া ওই এজাহারে তাঁকে ৩৭ নম্বর আসামি করা হয়েছে। তবে এজাহারটি এখনো মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।
আব্দুর রহমান বাবু শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। বর্তমানে তিনি দৈনিক কালবেলার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
বাবু জানান, ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পালন করেন। এরপর রাজনীতিতে সক্রিয় না থেকে সাংবাদিকতায় যুক্ত হন।
এজাহারে নাম অন্তর্ভুক্তির পেছনে ব্যবসায়িক বিরোধকে কারণ হিসেবে উল্লেখ করে বাবু অভিযোগ করেন, তিনি ও শ্যামনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলাম আঙুর কয়েক বছর ধরে বালু ও ঘের ব্যবসার সঙ্গে যুক্ত। এ কারণে বিভিন্ন সময়ে তাঁদের কাছে চাঁদা দাবি করা হয়েছে। এ নিয়ে বিএনপির একটি অংশের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে। সেই বিরোধের জেরেই তাঁকে নাশকতার মামলায় জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে তাঁর দাবি।
শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক মাস্টার আব্দুল ওয়াহিদ বলেন, বাবু তাঁর ছাত্র ছিলেন এবং ছাত্রদলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। বাবু ও আনারুল ইসলাম আঙুর ব্যবসার সঙ্গে যুক্ত থাকায় বিএনপির নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছিল বলে তিনি শুনেছেন। তাতে ব্যর্থ হয়ে বাবুর বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ড করা হয়েছে বলে তাঁর ধারণা। তিনি এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল্লাহ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, কেউ বাদী হয়ে মামলা করলে তা গ্রহণ করা ছাড়া পুলিশের উপায় থাকে না। তবে তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে তাঁর নাম মামলা থেকে বাদ দেওয়া হবে। মামলা না নিলে তাঁর ওপর চাপ আসবে বলেও মন্তব্য করেন তিনি।












