শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
এম এ হালিম, উপকূলীয় অঞ্চল (শ্যামনগর): সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ১০ টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহণ করে। মাঠজুড়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন। তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার সাংবাদিক ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে। বালক ও বালিকা উভয় বিভাগেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।






