শ্যামনগরে ১২৮ প্রজাতির শাক-পাতা নিয়ে ব্যতিক্রমী মেলা
উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: হারিয়ে যেতে বসা দেশীয় উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ ও অচাষকৃত শাক-পাতার পরিচিতি বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ‘শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা’। মেলায় সাতটি স্টলে ১২৮ প্রজাতির অচাষকৃত শাক ও ঔষধি উদ্ভিদ প্রদর্শন করা হয়।
গত বুধবার সকাল ১০টায় উপজেলার আটুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর তীরবর্তী দক্ষিণ বড়কুপট গ্রামে স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
আটুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, কর্মসূচি কর্মকর্তা বিশ্বজিৎ ম-ল, প্রকল্প কর্মকর্তা আলিমুজ্জামান, সমাজসেবক গৌতম ম-লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মেলায় নবীন-প্রবীণ, কৃষক, জেলে ও যুবকসহ শতাধিক মানুষ অংশ নেন।
মেলায় প্রদর্শিত শাক-পাতার পরিচিতি, পুষ্টিগুণ, ঔষধি ব্যবহার ও পরিবেশগত গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তন, মাটি ও পানির লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, অতিবৃষ্টি ও জলোচ্ছ্বাসের কারণে উপকূলীয় অঞ্চলের অনেক দেশীয় উদ্ভিদ ও অচাষকৃত শাক-পাতা হারিয়ে যাচ্ছে। এতে স্থানীয় খাদ্য ও পুষ্টিনিরাপত্তার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ছে।
মেলায় নারী উন্নয়ন সংগঠনের নেত্রী পারুল রানী বলেন, একসময় বাড়ির আশপাশেই নানা ধরনের দেশীয় শাক পাওয়া যেত। কিন্তু লবণাক্ততা বৃদ্ধির কারণে অনেক উদ্ভিদ এখন আর জন্মায় না। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ধনী দেশগুলোর কাছে উপকূলের মানুষের ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
সভাপতি স্বপন বৈদ্য বলেন, লবণাক্ততার প্রভাবে উপকূলের প্রাণবৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর প্রভাব পড়ছে মানুষের জীবনযাত্রা ও জীবিকায়। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম হারিয়ে যেতে বসা দেশীয় শাক-পাতার পরিচিতি ও গুণাগুণ সম্পর্কে জানতে পারছে।
মেলার স্টলদাতা সুজাতা ম-ল বলেন, লবণাক্ততার কারণে দক্ষিণ বড়কুপট গ্রামে আগের মতো সব ধরনের শাকসবজি ও উদ্ভিদ জন্মায় না। বিভিন্ন এলাকা থেকে এসব শাক-পাতা সংগ্রহ করে মেলায় প্রদর্শন করা হয়েছে। মিঠাপানির পুকুর ও জলাধার সংরক্ষণ করা গেলে এসব উপকারী উদ্ভিদ সংরক্ষণ ও চাষ করা সম্ভব হবে। পাশাপাশি স্থানীয় মানুষের পুষ্টিচাহিদা পূরণেও এগুলো ভূমিকা রাখতে পারে। মেলায় ১২৮ প্রজাতির উদ্ভিদ প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেন অর্চনা রানী। দ্বিতীয় হন অলি রানী এবং তৃতীয় হন মালতি রানী।











