শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পাদকীয়/ অসময়ের বৃষ্টি: পাকা ধানের ক্ষতি ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
সম্পাদকীয়/ অসময়ের বৃষ্টি: পাকা ধানের ক্ষতি ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ

হেমন্তের শেষলগ্নে শীতের আমেজ শুরু হতে না হতেই সাতক্ষীরাজুড়ে নেমে আসা অসময়ের বৃষ্টি জনজীবন ও কৃষিতে এক নতুন দুশ্চিন্তার জন্ম দিয়েছে। বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই টানা ও থেমে থেমে চলা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন প্রান্তিক জনগোষ্ঠী ও কৃষকেরা। শ্রমজীবী মানুষের দৈনন্দিন আয়ের পথ সংকুচিত হওয়ার পাশাপাশি মাঠে থাকা পাকা আমন ধান, কেটে রাখা ফসল এবং সরিষার আবাদ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই।

সাতক্ষীরার অর্থনীতি ও জীবিকা অনেকাংশেই কৃষি ও শ্রমনির্ভর। ফসল কাটার এই ভরা মৌসুমে আকাশের এমন বিরূপ আচরণ কৃষকের সারা বছরের পরিশ্রমকে হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে জেলার বিভিন্ন এলাকায় যেসব পাকা ধান ও সরিষার চারা মাঠে রয়েছে এবং যেটুকু কাটা ধান শুকানোর অপেক্ষায় জমিতে রাখা হয়েছে, দীর্ঘ সময় জলাবদ্ধতা বা অতিরিক্ত আর্দ্রতায় তাতে অঙ্কুর গজানো, পচন কিংবা শিষ থেকে ধান ঝরে পড়ার আশঙ্কা দেখা দেয়। কৃষি কর্মকর্তারা এক দিনের বৃষ্টিতে বড় ক্ষতির আশঙ্কা কম বললেও মাঠপর্যায়ে বাস্তব ক্ষয়ক্ষতির চিত্র দ্রুত নিরূপণ করা জরুরি। একই সঙ্গে যেসব জমিতে পানি জমছে, সেখান থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য কৃষকদের কারিগরি সহায়তা ও পরামর্শ পৌঁছে দেওয়া প্রয়োজন, যাতে সরিষার চারা ও আমন ফসলের সুরক্ষা নিশ্চিত করা যায়।

কৃষকের উদ্বেগের পাশাপাশি শহরের নিচু এলাকা ও কাঁচা রাস্তায় জলাবদ্ধতা, কাদা এবং যানবাহন ও যাতায়াতের বিঘ্ন সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে। বিশেষত দিনমজুর, ভ্যান ও রিকশাচালক, নির্মাণশ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় কমে যাওয়ায় নিম্ন আয়ের পরিবারগুলোর দৈনন্দিন খরচ ও খাবার জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। স্যাঁতসেঁতে আবহাওয়া ও তাপমাত্রার পরিবর্তনে সর্দি-কাশি, ভাইরাল জ্বরসহ মৌসুমি অসুস্থতার ঝুঁকিও বাড়ছে; তাই শিশু, বয়স্ক ও শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা ও প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি রাখা দরকার।

আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তন আমাদের মনে করিয়ে দেয় যে জলবায়ু ও ঋতুচক্রের অস্থিরতা উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের মানুষের জীবন-জীবিকাকে কতটা সংবেদনশীল করে তুলেছে। স্বল্পমেয়াদে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো, দ্রুত ফসল কাটা ও শুকানোর উপায় নিয়ে পরামর্শ দেওয়া এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি। প্রকৃতির এই বৈরী রূপ সামলে দ্রুতই আকাশ পরিষ্কার হোক এবং ফসল ও শ্রমজীবী মানুষের জীবনে স্বস্তি ফিরুক—এটাই প্রত্যাশা।

Ads small one

মায়ের প্রেমিকের হাতে তরুণ খুন, চার দিন আটকে রাখা হয় মাকে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
মায়ের প্রেমিকের হাতে তরুণ খুন, চার দিন আটকে রাখা হয় মাকে

বেঙ্গালুরুতে মায়ের প্রেমিকের হাতে ১৮ বছর বয়সী এক তরুণ হাতুড়ি ও ছুরির আঘাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, অভিযুক্ত ওই নারীকে ভাড়া করা অ্যাপার্টমেন্টের একটি ঘরে চার দিন আটকে রাখেন। তাকেও খুনের চেষ্টা করেছেন বলে অভিযোগ।

ঘটনাটি ১৬ নভেম্বর রাতে পদ্মনাভনগরের রাঘবেন্দ্র লেআউটের এসআরআরকে তুলসী অ্যাপার্টমেন্টে ঘটে। বাড়িওয়ালা জানান, ২০২৪ সালের অক্টোবর থেকে সেখানে থাকা ওই দম্পতির ঝগড়া নিয়ে গত ছয় মাসে প্রতিবেশীরা বারবার অভিযোগ করেছেন। ১৬ নভেম্বর রাতেও একই অভিযোগে ফোন পান তিনি। এক ঘণ্টা পর নিরাপত্তারক্ষী জানান, বাড়ি নীরব।

১৯ নভেম্বর সাড়া না পেয়ে বাড়িওয়ালা নারীর এক বন্ধুকে ফোন করেন। দুজন পুলিশের কাছে যান। রাত ১১টায় তালা-মিস্ত্রি ডেকে দরজা ভাঙলে মেঝে ও দেয়ালে রক্তের দাগ দেখা যায়। তালাবদ্ধ ঘর থেকে সীমা দাসের চিৎকার শোনা যায়। উদ্ধারের পর তিনি জানান, তার সঙ্গী সুদীপ তাকে ও ছেলে সোহম দাসকে ছুরি ও হাতুড়ি দিয়ে আক্রমণ করেছেন। বাথরুমে সোহমের লাশ পাওয়া যায়।

সীমার অভিযোগ, ১৬ নভেম্বর রাত ৯টা থেকে ১১টার মধ্যে সুদীপ এই হামলা চালান। বানাশংকরী থানা মামলা নিয়েছে।

সূত্র: এনডিটিভি

অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমা‌নে তা‌কে রাজধানীর মিন্টু‌ রো‌ডের ডি‌বি কার্যাল‌য়ে রাখা হ‌য়ে‌ছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ ন‌ভেম্বর) রাত সাড়ে ১০টার পর রাজধানীর আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক ক‌রে ডি‌বি পু‌লিশ।

ডিএম‌পির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন। ত‌বে কেন তমাল‌কে হেফাজতে নেওয়া হ‌লো, সে বিষয়ে কিছু জানান‌নি তিনি।

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

এ নিয়ে ৬ নভেম্বর থেকে টানা আট দফায় স্বর্ণের দাম কমাল বাজুস। এই সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে মোট ২৮ হাজার ৫১৮ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানানো হয়। সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য সমন্বয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে কয়েক দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে। এর মধ্যে ১৩ নভেম্বর ভরিতে ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। সর্বশেষ শুক্রবার কমানো হলো ১০ হাজার ৯৬৪ টাকা।

এর আগে ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ১১ নভেম্বর আরও ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। এ ছাড়া ১২ নভেম্বর কমানো হয় ২ হাজার ২১৬ টাকা।

সব মিলিয়ে আট দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।