শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে

রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২০ নভেম্বর) ধানমন্ডি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে, একই দিন মামলার তদন্তের স্বার্থে আতাউল হক দোলনকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। পরে রাতেই এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এস এম আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।

গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাতেই উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। নুরুল ইসলাম নাহিদ উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ওই বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

Ads small one

মায়ের প্রেমিকের হাতে তরুণ খুন, চার দিন আটকে রাখা হয় মাকে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
মায়ের প্রেমিকের হাতে তরুণ খুন, চার দিন আটকে রাখা হয় মাকে

বেঙ্গালুরুতে মায়ের প্রেমিকের হাতে ১৮ বছর বয়সী এক তরুণ হাতুড়ি ও ছুরির আঘাতে খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, অভিযুক্ত ওই নারীকে ভাড়া করা অ্যাপার্টমেন্টের একটি ঘরে চার দিন আটকে রাখেন। তাকেও খুনের চেষ্টা করেছেন বলে অভিযোগ।

ঘটনাটি ১৬ নভেম্বর রাতে পদ্মনাভনগরের রাঘবেন্দ্র লেআউটের এসআরআরকে তুলসী অ্যাপার্টমেন্টে ঘটে। বাড়িওয়ালা জানান, ২০২৪ সালের অক্টোবর থেকে সেখানে থাকা ওই দম্পতির ঝগড়া নিয়ে গত ছয় মাসে প্রতিবেশীরা বারবার অভিযোগ করেছেন। ১৬ নভেম্বর রাতেও একই অভিযোগে ফোন পান তিনি। এক ঘণ্টা পর নিরাপত্তারক্ষী জানান, বাড়ি নীরব।

১৯ নভেম্বর সাড়া না পেয়ে বাড়িওয়ালা নারীর এক বন্ধুকে ফোন করেন। দুজন পুলিশের কাছে যান। রাত ১১টায় তালা-মিস্ত্রি ডেকে দরজা ভাঙলে মেঝে ও দেয়ালে রক্তের দাগ দেখা যায়। তালাবদ্ধ ঘর থেকে সীমা দাসের চিৎকার শোনা যায়। উদ্ধারের পর তিনি জানান, তার সঙ্গী সুদীপ তাকে ও ছেলে সোহম দাসকে ছুরি ও হাতুড়ি দিয়ে আক্রমণ করেছেন। বাথরুমে সোহমের লাশ পাওয়া যায়।

সীমার অভিযোগ, ১৬ নভেম্বর রাত ৯টা থেকে ১১টার মধ্যে সুদীপ এই হামলা চালান। বানাশংকরী থানা মামলা নিয়েছে।

সূত্র: এনডিটিভি

অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
অভিনেতা তমাল মাহবুব ডিবি হেফাজতে

অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমা‌নে তা‌কে রাজধানীর মিন্টু‌ রো‌ডের ডি‌বি কার্যাল‌য়ে রাখা হ‌য়ে‌ছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ ন‌ভেম্বর) রাত সাড়ে ১০টার পর রাজধানীর আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক ক‌রে ডি‌বি পু‌লিশ।

ডিএম‌পির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন। ত‌বে কেন তমাল‌কে হেফাজতে নেওয়া হ‌লো, সে বিষয়ে কিছু জানান‌নি তিনি।

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

এ নিয়ে ৬ নভেম্বর থেকে টানা আট দফায় স্বর্ণের দাম কমাল বাজুস। এই সময়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে মোট ২৮ হাজার ৫১৮ টাকা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানানো হয়। সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য সমন্বয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে কয়েক দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে। এর মধ্যে ১৩ নভেম্বর ভরিতে ২ হাজার ১৫৮ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়। সর্বশেষ শুক্রবার কমানো হলো ১০ হাজার ৯৬৪ টাকা।

এর আগে ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ১১ নভেম্বর আরও ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। এ ছাড়া ১২ নভেম্বর কমানো হয় ২ হাজার ২১৬ টাকা।

সব মিলিয়ে আট দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।