মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

সম্পাদকীয়/উপকূলের কান্না ও পাউবো’র ‘জোড়াতালি’র অবসান হোক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
সম্পাদকীয়/উপকূলের কান্না ও পাউবো’র ‘জোড়াতালি’র অবসান হোক

বর্ষা মৌসুমের আগমন মানেই সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর ও আশাশুনি উপজেলার মানুষের বুকে কাঁপন ধরা। বছরের পর বছর ধরে জরাজীর্ণ বেড়িবাঁধ, নদীভাঙন আর জলোচ্ছ্বাসের আশঙ্কা এ অঞ্চলের মানুষের ললাটলিখন হয়ে দাঁড়িয়েছে। ২১জুন দৈনিক পত্রদূতে প্রকাশিত সংবাদে জানা গেছে, শ্যামনগর ও আশাশুনির অন্তত ৪০টি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে বা ফাটল ধরে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এর মধ্যে আশাশুনির তেঁতুলিয়া সেতুর পাড়, কুড়িকাউনিয়া, হরিষখালী, কাকবাসিয়া কিংবা শ্যামনগরের পদ্মপুকুর, গাবুরা ও বুড়িগোয়ালিনীর মতো বিস্তীর্ণ এলাকার মানুষ এখন লোনা পানিতে প্লাবিত হওয়ার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভাঙন যখন মানুষের দোরগোড়ায় এসে ঠেকেছে, তখন পাউবো’র ধীরগতির ও আংশিক সংস্কারকাজ উপকূলবাসীকে কোনোভাবেই আশ্বস্ত করতে পারছে না।

বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য এই নদীই যেন দুঃখ হয়ে দাঁড়িয়েছে। কপোতাক্ষ, মরিচ্চাপসহ বিভিন্ন নদ-নদীর ভাঙনে বছরের পর বছর ধরে ভিটেমাটি হারাচ্ছেন হাজারো মানুষ। আশাশুনির কুড়িকাহুনিয়া গ্রামের শফিকুল ইসলামের মতো অনেকেই একবার বসতভিটে হারিয়ে যেখানে আশ্রয় নিয়েছেন, ভাঙতে ভাঙতে নদী এখন সেখানেও হানা দিয়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে, দুটি বিভাগের আওতায় প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধের ৪০টি স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অথচ এর মধ্যে মাত্র ১০ কিলোমিটারের মতো জায়গায় সংস্কারকাজ চলছে এবং বাকি অংশের জন্য এখনো বরাদ্দের অপেক্ষা করা হচ্ছে। বর্ষার পূর্ণ মৌসুম শুরু হওয়ার পর এই বরাদ্দ আর সংস্কারের লাল ফিতার দৌরাত্ম্য কতটুকু কাজে আসবে, তা সহজেই অনুমেয়।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, স্থানীয় বাসিন্দাদের অভিযোগÑপাউবো প্রতিবছর যে সংস্কারকাজ করে, তা অধিকাংশ সময়ই ‘দায়সারা’ ও ‘জোড়াতালি’র শামিল। ফলে বর্ষা বা সামান্য জলোচ্ছ্বাস এলেই সেই বাঁধ খড়কুটোর মতো ভেসে যায়। পরিবেশবিদ ও স্থানীয় সচেতন মহলের দাবি, প্রতিবছর যেনতেনভাবে কোটি কোটি টাকা ব্যয় করে বাঁধ মেরামতের নামে সরকারি অর্থের অপচয় না করে, একবারে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক। আধুনিক প্রকৌশল বিদ্যা ব্যবহার করে ব্লক বা শক্তিশালী সিসি জিওব্যাগ দিয়ে যদি স্থায়ী বাঁধ দেওয়া না হয়, তবে এই ক্ষণস্থায়ী জোড়াতালি কোনো দীর্ঘমেয়াদি সুফল আনবে না।
জলবায়ু পরিবর্তনের এই ক্রান্তিকালে উপকূলের মানুষকে এভাবে প্রতিমুহূর্তে মৃত্যুর ঝুঁকিতে রাখা অমানবিক। আমরা মনে করি, সরকারের নীতি নির্ধারকদের অবিলম্বে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের এই বেড়িবাঁধ সংকটকে ‘জাতীয় দুর্যোগ’ হিসেবে বিবেচনা করা উচিত। আমলাতান্ত্রিক জটিলতা ও বরাদ্দের অজুহাত সরিয়ে রেখে জরুরি ভিত্তিতে এই ৪০টি পয়েন্টসহ সমগ্র উপকূলের ২০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে শতভাগ সক্ষমতা নিয়োগ করতে হবে। একই সঙ্গে পাউবো’র কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। উপকূলের মানুষ কেবল একটু নিরাপদে ঘুমানোর অধিকার চায়; সেই ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে আর কতকাল সময় লাগবে, এটাই এখন বড় প্রশ্ন।

Ads small one

খুলনায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
খুলনায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

খুলনায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান আজ (মঙ্গলবার) দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ৭৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

বিভাগীয় কমিশনার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের পাশে আছেন এবং সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। তারই নিদের্শনায় দুর্যোগে আক্রান্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা যেন সরকারি সহায়তা পায় এবং তাদের পাশে থাকতে বিভাগীয় প্রশাসনকে নিদের্শনা প্রদান করেছেন। তিনি বলেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করেছে। এবং দ্রুত জলাবদ্ধতা নিরসণে কাজ করে যাচ্ছে সরকার।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিানে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল করিম সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। দিঘলিয়া উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

পরে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের বেলেঘাট পশ্চিমপাড়ায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তথ্যবিবরণী

দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবর পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলছে, প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহের পর সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (২১ জুলাই) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নজর রাখছে।

তিনি জানান, বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, বিষয়টি নিয়ে আরও খোঁজখবর ও প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন, সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
তালা বাজার বণিক সমিতির সংবাদ সম্মেলন, সন্ত্রাসী হামলা ও হত্যার হুমকির অভিযোগ

তালা প্রতিনিধি: তালা বাজারকে অশান্ত করার ষড়যন্ত্র, সাধারণ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা এবং কথিত আন্ডারগ্রাউন্ড মাফিয়া চক্রের তৎপরতার অভিযোগ তুলে তালা বাজার বণিক সমিতির উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তালা ডাকবাংলো হলরুমে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে তালা বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মামুন লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২০ জুন শাহাপুর গ্রামের বাসিন্দা মো. সাগর তার সিডিআই মোটরসাইকেলটি মেরামতের জন্য মেলা বাজার পাম্পসংলগ্ন ফাহিমের গ্যারেজে জমা দেন। দীর্ঘ সময় বিভিন্ন যন্ত্রাংশ আনার আশ্বাস দেওয়ার পর ফাহিম দাবি করেন, মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। পরে অনুসন্ধানে জানা যায়, ফাহিম নিজেই মোটরসাইকেলটি চুরি করে ভাঙারি ব্যবসায়ী আব্দুল মাজেদের কাছে কেজি দরে বিক্রি করেছেন বলে অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে বণিক সমিতি একাধিকবার সালিশের উদ্যোগ নিলেও ফাহিম উপস্থিত হননি বলে দাবি করা হয়।

তিনি আরও জানান, গত ১৯ জুলাই বণিক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন এবং কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন ফাহিমের গ্যারেজে গিয়ে অভিযোগকারী সাগরের উপস্থিতিতে তার বক্তব্য গ্রহণ করেন। এ সময় ফাহিমের বাবা, খলিলনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুল জলিল উপস্থিত থেকে বিষয়টির সিদ্ধান্ত বণিক সমিতির ওপর ছেড়ে দেন বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

অভিযোগ করা হয়, একপর্যায়ে সভাপতি ও কার্যনির্বাহী সদস্য সাময়িকভাবে ঘটনাস্থল থেকে সরে গেলে কয়েকজন বহিরাগত যুবক সেখানে প্রবেশ করে। তাদের মধ্যে একজন অস্ত্র প্রদর্শন করে নিজেকে “খুলনার গ্রেনেড বাবু” পরিচয় দিয়ে কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুনকে হত্যার হুমকি দেয়। এ সময় ফাহিম একটি ভারী সাইলেন্সার রেঞ্চ দিয়ে আঘাত করতে গেলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা মামুন হাওলাদার নামে একজন আহত হন।

এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে অন্য মোটরসাইকেলে করে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা গুলি করে হত্যার হুমকিও দেয় বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, পুলিশি তদন্ত ও স্থানীয় জনতার সহায়তায় ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনায় ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তদন্তে “গ্রেনেড বাবু” পরিচয়দানকারী ব্যক্তি খুলনা অঞ্চলের কথিত মাফিয়া “গ্রেনেড বাবু”র সহযোগী “কালা তুহিন” বলে জানতে পেরেছেন বলে দাবি করেন বক্তারা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪০টিরও বেশি মামলা রয়েছে এবং তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলেও অভিযোগ করা হয়। এছাড়া, তিনি জামিনে মুক্ত হয়ে খলিলনগর ইউনিয়নের সদস্য আব্দুল জলিলের আশ্রয়ে থেকে মাদক ও চোরাচালান কার্যক্রম পরিচালনা করছিলেন বলেও অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে বণিক সমিতির পক্ষ থেকে প্রশাসনের কাছে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো: ফাহিমকে রিমান্ডে নিয়ে ঘটনার মূল রহস্য উদঘাটন, ইউপি সদস্য আব্দুল জলিলকে অবিলম্বে গ্রেপ্তার এবং কালা তুহিন ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার করে তালা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

বণিক সমিতির নেতারা অভিযোগ করেন, সম্প্রতি তালা বাজার ও আশপাশের এলাকায় বাইরের বিভিন্ন সন্ত্রাসী চক্রের সদস্যরা অবস্থান নিয়ে নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। এসব কর্মকান্ড রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তালা বাজার বণিক সমিতির সভাপতি এস এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক স, ম ইয়াছিন উল্লাহ,বণিক সমিতির নেতা ফারুক হোসেন, মেহেদী হাসান, আলমগীর হোসেন, হারুনসহ সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।