সম্পাদকীয়/প্রসঙ্গ: অব্যবহৃত ল্যাব, বিপন্ন চিংড়িশিল্প
সাতক্ষীরার এল্লারচরে চিংড়ি চাষ প্রদর্শনী খামারে প্রায় আট কোটি টাকা ব্যয়ে নির্মিত রেণু পরীক্ষা ও পিসিআর ল্যাবরেটরি দুটি স্থাপনের দুই বছর পেরিয়ে গেলেও এখনো তালাবদ্ধ পড়ে থাকা অত্যন্ত হতাশাজনক ও উদ্বেগজনক। যে উদ্দেশ্যে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় করে আধুনিক এই দুটি পরীক্ষাগার গড়ে তোলা হয়েছিল, জনবল সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে তা আজ ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। এর সরাসরি নেতিবাচক প্রভাব পড়ছে জেলার চিংড়ি চাষি ও পুরো চিংড়িশিল্পের ওপর।
সাতক্ষীরায় প্রায় ৫৫ হাজার ঘেরে প্রতি মৌসুমে ৩০০ কোটির বেশি বাগদা চিংড়ির রেণু ছাড়া হয়। কিন্তু রেণু ঘেরে ছাড়ার আগে সেগুলো ভাইরাস বা রোগজীবাণুমুক্ত কি না, তা যাচাই করার কোনো কার্যকর ব্যবস্থা চাষিদের হাতের নাগালে নেই। ফলে বাধ্য হয়েই অজানা মানের পোনা কিনে ঘেরে ছাড়তে হচ্ছে তাঁদের। এর পরিণতিতে চিংড়ির মড়ক দেখা দিচ্ছে, বাড়ছে উৎপাদন ব্যয় এবং লোকসানের বোঝা। অনেক চাষি পুঁজি হারিয়ে ঋণের জালে জড়াচ্ছেন, আবার কেউ কেউ ঐতিহ্যবাহী চিংড়ি চাষ ছেড়ে বিকল্প চাষে ঝুঁকছেন। এটি কেবল একটি জেলার অর্থনৈতিক ক্ষতি নয়, বরং দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাতের জন্যও অশনিসংকেত।
আরও দুশ্চিন্তার বিষয় হলো, ল্যাব দুটির জন্য কেনা আধুনিক যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণ দীর্ঘদিন ধরে প্যাকেটবন্দি অবস্থায় অব্যবহৃত পড়ে আছে। সময়মতো এগুলো সচল ও রক্ষণাবেক্ষণ করা না হলে মূল্যবান এসব সরঞ্জামের কার্যকারিতা নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। তখন জনবল নিয়োগ হলেও কাক্সিক্ষত সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়াবেÑযা হবে আরেক দফা সরকারি অর্থের অপচয়।
জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, ল্যাব টেকনিশিয়ান, মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট, কম্পিউটার অপারেটর ও পিয়নসহ প্রয়োজনীয় পদগুলোতে জনবল না থাকায় ল্যাব দুটি চালু করা যাচ্ছে না এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, অবকাঠামো ও যন্ত্রপাতি কেনার আগেই জনবল কাঠামো বা পদায়নের বিষয়টি কেন চূড়ান্ত করা হলো না? প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এ ধরনের সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রতা আমাদের প্রশাসনিক দুর্বলতাকেই সামনে আনে।
চিংড়িশিল্পকে টিকিয়ে রাখতে এবং চাষিদের আস্থা ফেরাতে রোগমুক্ত ও মানসম্মত রেণু নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তাই আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুত প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ ও পদায়ন করতে হবে। একই সঙ্গে প্যাকেটবন্দি যন্ত্রপাতি ও রাসায়নিক উপকরণের বর্তমান অবস্থা যাচাই করে জরুরি ভিত্তিতে ল্যাব দুটি চালুর উদ্যোগ নিতে হবে। আট কোটি টাকার বিনিয়োগ যেন ধুলোয় না মিশে এবং ৩০০ কোটি রেণু যেন ঝুঁকির মুখে না পড়েÑসংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটাই এখন সবচেয়ে বড় প্রত্যাশা।









