সম্পাদকীয়/ প্রসঙ্গ: শহরের জনগুরুত্বপূর্ণ সড়কের এই বেহাল দশা
oplus_0
একটি জেলা শহরের প্রাণকেন্দ্রের সড়ক কতটা জরাজীর্ণ ও কদর্য হতে পারে, তার এক চরম ও দুঃখজনক নজির হয়ে দাঁড়িয়েছে সাতক্ষীরা শহরের তুফান মোড় থেকে পিএন স্কুল মোড় পর্যন্ত সড়কটি। সামান্য বৃষ্টিতেই এই ব্যস্ততম জনপদটি যেভাবে কাদা, পানি আর ছোট-বড় গর্তে একাকার হয়ে ডোবার রূপ নেয়, তা কেবল নাগরিকদের চরম দুর্ভোগেরই বহিঃপ্রকাশ নয়, বরং স্থানীয় পৌর কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও উদাসীনতারও এক স্পষ্ট দলিল।
গত বুধবার সকালের সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতেই সড়কটির যে চিত্র ফুটে উঠেছে, তা এককথায় অবর্ণনীয়। মাত্র ১৫০ থেকে ২০০ মিটারের এই সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই পথ দিয়ে হাজার হাজার মানুষ, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক এবং কর্মজীবীরা যাতায়াত করেন। খানাখন্দে ভরা এই রাস্তায় যানবাহনের চাকা পড়ে নোংরা পানি ছিটকে পথচারীদের পোশাক নষ্ট হওয়া কিংবা রিকশা-ইজিবাইক উল্টে দুর্ঘটনা ঘটা এখন এখানকার নিত্যদিনের স্বাভাবিক চিত্র। বৃষ্টি হলে এই পথ দিয়ে হেঁটে যাওয়ারও কোনো জো থাকে না। শুধু পথচারীই নন, সড়কের দুই ধারের ব্যবসায়ীরাও কাদা আর নোংরা পানির ছিটায় অতিষ্ঠ, যার নেতিবাচক প্রভাব পড়ছে তাঁদের জীবিকায়।
একটি শহরের অন্যতম জনগুরুত্বপূর্ণ সড়কের এই কঙ্কালসার দশা দীর্ঘদিন ধরে কীভাবে অপরিবর্তিত থাকে, সেই প্রশ্ন এড়ানো যাবে না। সড়কটি সংস্কারে দীর্ঘদিন ধরে কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকা অত্যন্ত পরিতাপের বিষয়। নাগরিকেরা নিয়মিত কর পরিশোধ করেও যদি ন্যূনতম যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হন এবং প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হন, তবে সেই ব্যর্থতার দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের ওপরই বর্তায়।
আমরা মনে করি, পৌরবাসীর এই সীমাহীন ভোগান্তি আর দীর্ঘায়িত হতে দেওয়া যায় না। জনস্বার্থ ও নাগরিক নিরাপত্তার কথা বিবেচনা করে অবিলম্বে তুফান মোড়-পিএন স্কুল সড়কটির সংস্কার কাজে হাত দেওয়া জরুরি। জোড়াতালির কোনো সাময়িক মেরামত নয়, বরং স্থায়ী ও টেকসই ড্রেনেজ ব্যবস্থাপনাসহ সড়কটি দ্রুত পুনর্নির্মাণ করা হোকÑএটাই ভুক্তভোগী পৌরবাসীর প্রত্যাশা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই দশা থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন, এটাই আমরা আশা করি।









