সম্ভাবনার দুয়ার খুললেও অবকাঠামোগত সংকটে ভোমরা স্থলবন্দর
গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ
ভারত-বাংলাদেশ বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। কাস্টমস হাউস প্রতিষ্ঠা ও কাস্টমস কমিশনার পদায়নের ফলে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। নিষিদ্ধ পণ্য ছাড়া অন্যান্য পণ্য আমদানির সুযোগও বেড়েছে। তবে প্রয়োজনীয় অবকাঠামো, আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত জনবলের অভাবে সেই সম্ভাবনার পূর্ণ সুফল পাচ্ছেন না ব্যবসায়ীরা। পণ্যবাহী ট্রাক থেকে পণ্য খালাস করতে কখনো এক থেকে দুই দিন লাগছে। এতে বাড়ছে পরিবহন ব্যয় ও ব্যবসায়ীদের লোকসান।
ব্যবসায়ীদের অভিযোগ, পর্যাপ্ত স্ক্যানার, গুদাম, ওজনযন্ত্র ও আধুনিক ডিজিটাল ব্যবস্থা না থাকায় দ্রুত পণ্য খালাস সম্ভব হচ্ছে না। কোনো কোনো ট্রাক দুই দিন পর্যন্ত বন্দরে আটকে থাকছে। প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা গেলে একই দিনে পণ্য খালাস ও সরবরাহ করা সম্ভব হতো।
এক ব্যবসায়ী বলেন, বন্দরে ট্রাক প্রবেশের পর পণ্য খালাস হতে পরদিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দুই দিনও লাগছে। এতে লোকসান গুনতে গুনতে ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।
ব্যবসায়ী আমির হামজা বলেন, কাস্টমস হাউস প্রতিষ্ঠার ফলে অস্ত্রসহ নিষিদ্ধ পণ্য ছাড়া অন্যান্য পণ্য আমদানির সুযোগ বেড়েছে। কিন্তু প্রয়োজনীয় অবকাঠামো গড়ে না ওঠায় এ সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। সুযোগ-সুবিধা বাড়ানো হলে ভোমরা দিয়ে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
বন্দরের সীমাবদ্ধতার প্রভাব পড়েছে পণ্য ওঠানামার কাজে নিয়োজিত শ্রমিকদের ওপরও। আমদানি কম থাকায় কাজের পরিমাণ ও আয় কমেছে। হ্যান্ডলিং শ্রমিক সমিতির নেতা হযরত আলী বলেন, আগের তুলনায় বন্দরে পণ্যবাহী ট্রাক কম আসছে। ফলে শ্রমিকদের কাজ কমে গেছে। দিনমজুরির ওপর নির্ভরশীল শ্রমিকদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, কাস্টমস হাউস প্রতিষ্ঠা ও কমিশনার পদায়নের ফলে আমদানির সুযোগ বেড়েছে এবং রাজস্ব আদায়ও বাড়ছে। প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা গেলে ভোমরা দেশের অন্যতম শীর্ষ রাজস্ব আদায়কারী স্থলবন্দরে পরিণত হতে পারে।
এদিকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা ও জ্বালানি সংকটের কারণে বন্দরে ট্রাকের সংখ্যা কিছুটা কমেছে বলে জানিয়েছেন ভোমরা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মিনহাজ উদ্দিন। তিনি বলেন, গত বছরের তুলনায় বর্তমানে ট্রাকের সংখ্যা কম থাকলেও বন্দরের সক্ষমতা বাড়াতে উন্নয়ন কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সভাও হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে ট্রাকের সংখ্যা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারত-বাংলাদেশ বাণিজ্যের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে ভোমরা স্থলবন্দরের সম্ভাবনা ব্যাপক। তবে সেই সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত আধুনিক স্ক্যানার ও ওজনযন্ত্র স্থাপন, পর্যাপ্ত গুদাম নির্মাণ, ডিজিটাল সুবিধা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ জরুরি। ব্যবসায়ীদের প্রত্যাশা, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পণ্য খালাসের দীর্ঘসূত্রতা কমবে এবং বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে।
এখন প্রশ্ন, কাস্টমস হাউস প্রতিষ্ঠার সুফল ব্যবসায়ীরা কবে পুরোপুরি পাবেন? কবে পণ্য খালাসের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে? আর কবে প্রয়োজনীয় অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে পূর্ণ সক্ষমতায় পরিচালিত হবে ভোমরা স্থলবন্দর? (লেখকের নিজস্ব মতামত)






