সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠাল পুলিশ
সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিক বিলাল হোসেনের বাবা আক্তার মল্লিক (৬৬)কে ছয় বছর আগের একটি ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। ২০২০ সালের ঘটনার প্রায় ছয় বছর পর, চলতি বছরের ১৯ মার্চ দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে শ্যামনগর থানা পুলিশ তাঁকে আদালতে পাঠায়।
এর আগে চাঁদাবাজি, দখলবাজি ও নদী থেকে অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে সাংবাদিক বিলাল হোসেনকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। দৈনিক আমাদের সময়-এর শ্যামনগর প্রতিনিধি, দ্য এডিটরস-এর উপকূলীয় প্রতিনিধি ও সাতক্ষীরার সকাল-এর শ্যামনগর ব্যুরো প্রধান বিলাল হোসেনের বাড়িতে গিয়ে রাজনৈতিক পরিচয়ের অভিযোগ তুলে তাঁকে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করেন উপজেলা যুবদল ও বিএনপির কয়েকজন নেতাকর্মী। স্থানীয়দের বাধার মুখে তাঁরা ব্যর্থ হন। এ সময় বিলাল পাশের একটি মাছের ঘেরে আশ্রয় নিয়ে রক্ষা পান। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাঁর বাবাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার পর আক্তার মল্লিককে থানায় নেওয়ার বিষয়ে পুলিশের বক্তব্য নিয়েও প্রশ্ন দেখা দেয়। বৃহস্পতিবার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল ইসলাম পাটোয়ারী সাংবাদিকদের জানিয়েছিলেন, তাঁকে গ্রেপ্তার বা আটক করা হয়নি। উত্তপ্ত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে স্থানীয় লোকজন তাঁকে পুলিশের হাতে তুলে দেন এবং পুলিশ তাঁকে নিরাপত্তা দিতে থানায় নিয়ে যায়।
অন্যদিকে, মামলার তদন্ত কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সুদেব পাল আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, ১৯ নভেম্বর রাত ২টা ৩৫ মিনিটে শ্যামনগরের মুন্সিগঞ্জের কুলতলী এলাকা থেকে স্থানীয় জনতা আক্তার মল্লিককে আটক করে। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার অনুযায়ী, ২০২০ সালের ২১ জুন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে জেলা বিএনপির নেতারা এবং শ্যামনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাশিমাড়ীর দিকে যাচ্ছিলেন। সকাল ১০টা ১৫ মিনিটে কাশিমাড়ী ইউনিয়নের কাতখালী সেতুর ওপর তাঁদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। হামলাকারীরা লাঠি, লোহার রড, রামদা, হকিস্টিক ও ককটেল নিয়ে গাড়িবহরের পথরোধ করেন। এ সময় গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর, নেতাকর্মীদের মারধর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। গাড়িবহরে থাকা প্রায় পাঁচ লাখ টাকার ত্রাণসামগ্রী লুট এবং যানবাহন ভাঙচুর করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সুদেব পাল বলেন, সাংবাদিক বিলাল হোসেনের বাবাকে স্থানীয় রাজনৈতিক নেতারা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছিলেন।
পুরোনো মামলায় আক্তার মল্লিককে গ্রেপ্তার দেখানোর বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, “মামলাটি এখনো তদন্তাধীন। তিনি নিরপরাধ হলে মামলা থেকে অব্যাহতি পাবেন।”









