শ্যামনগরে নারী উদ্যোক্তাদের ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, পণ্যের বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধ ও বৃহস্পতিবার (১৮ ও ১৯ নভেম্বর) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। একশনএইড বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় বাস্তবায়িত প্রগতি প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণে রমজাননগর ইউনিয়নের সোনাখালী নারী বান্ধব বাজারের ২৫ জন নারী উদ্যোক্তা অংশ নেন। তাঁদের মধ্যে পাঁচজন বিশেষ চাহিদাসম্পন্ন নারী ছিলেন।
প্রশিক্ষণে পণ্যের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, গুণগত মান উন্নয়ন, বাজারজাতকরণ, বাজার সংযোগ স্থাপন ও ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং আয় বৃদ্ধির কৌশল নিয়েও আলোচনা করা হয়।
প্রথম দিনের প্রশিক্ষক ছিলেন সিনিয়র এগ্রিকালচার, মার্কেট সিস্টেমস অ্যান্ড ভ্যালু চেইন কনসালট্যান্ট মামুনুল ইসলাম ও একশনএইড বাংলাদেশের এলআরপি কো-অর্ডিনেটর আব্দুল কাইয়ুম। দ্বিতীয় দিনে প্রশিক্ষণ দেন উন্নয়ন প্রচেষ্টা সাতক্ষীরার ম্যানেজার মো. খায়রুজ্জামান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিমান বিহারী মন্ডল।
প্রশিক্ষকেরা বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নারী উদ্যোক্তারা নিজেদের ব্যবসায়িক ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্বাধীন উদ্যোগের বিকাশে ভূমিকা রাখতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রগতি প্রকল্পের হাব কো-অর্ডিনেটর আছের আলী, অফিসার-এগ্রিকালচার নাজমুস সাকিব, সিএসজিআরসি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর শেখ মিজানুর রহমান এবং ফিল্ড ফ্যাসিলিটেটর আদনান জেব ও খাদিজা পারভীন।
ছবির ক্যাপশন: শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে নারী উদ্যোক্তাদের ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ।









