সাতক্ষীরায় ইয়ুথ গার্লস গ্রুপের দ্বি-মাসিক সভা
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির অঙ্গীকারের মধ্য দিয়ে সাতক্ষীরায় ‘স্বদেশ ইয়ুথ গার্লস গ্রুপ’-এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেলে সাতক্ষীরা শহরের ‘স্বদেশ’ সংস্থার প্রধান কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
গ্রুপের সদস্য সালমা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ গুরুত্ব পায় এলাকায় ঘটে যাওয়া নারী ও শিশু নির্যাতনের সাম্প্রতিক ঘটনাবলি। এসব প্রতিরোধে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা তৈরিতে ইয়ুথ গার্লস গ্রুপের সদস্যরা সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’ সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় ‘আইন ও সালিশ কেন্দ্র (আসক)’-এর মাধ্যমে নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) প্রোগ্রামের অধীনে ‘এনগেজ নাউ’ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের ধারাবাহিকতায় আজকের এই সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম, প্যারালিগ্যাল মো. শরিফুল ইসলাম ও হিসাবরক্ষক তাপস বিশ্বাসসহ গ্রুপের ১৮ জন সদস্য। প্রেসবিজ্ঞপ্তি










