সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ
আরিফ মাহমুদ: ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে বিএনপি।
সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ওই তালিকায় স্থান পেয়েছেন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি। তুলির স্বামী ব্যাংকার ইলিয়াস হোসেন। তাদের বাড়ি উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাঁড়কি গ্রামে।
ইলিয়াস হোসেন জানান, তার স্ত্রী সানজিদা ইয়াসমিন তুলি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং এরও আগে সহ.সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিগত আন্দোলন সংগ্রামে তুলি ছিল সক্রিয় ও রাজপথে সম্মুখ যোদ্ধা।
তুলির পিতা আক্তার হোসেন নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও  লালপুর উপজেলা বিএনপির সহ.সভাপতি ছিলেন।
তিনি আরো জানান, তিনি নিজেও পড়াকালীন সময়ে ছাত্রদলের রাজনীতি সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি চন্দনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে পূবালী ব্যাংকের প্রধান শাখায় কর্মরত।
ইলিয়াস হোসেন জানান, তার ছোট ভাই হাবিবুর রহমান  জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সংগঠনিক সম্পাদক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সহ.সভাপতি ও সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
ইলিয়াস হোসেনের পিতা আলী হোসেন ছিলেন দুবাই প্রবাসী। বিএনপি ঘরণার ব্যক্তি হওয়ায় ওয়ান ইলেভেনের সময় ২০০৮ সালে তিনি দুবাই পাড়ি জমান। হাসিনা সরকারের পতনের পর গেলো বছর আগে তিনি দেশে ফেরেন।
সানজিদা ইয়াসমিন তুলিকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

Ads small one

৩৩ বলে তানজিদের ফিফটি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
৩৩ বলে তানজিদের ফিফটি

দ্বিতীয় ওয়ানডের সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১৫ ওভারে ৯৫/২ (তানজিদ ৫৫*, শান্ত ২১*; সাইফ ৮, সৌম্য ৮)

নিউজিল্যান্ড ৪৮.৪ ওভারে ১৯৮/১০ (স্মিথ ১৮*; নিকোলস ১৩, ইয়াং ২, ল্যাথাম ১৪, আব্বাস ১৯, কেলি ৮৩, ক্লার্কসন ৬, ফক্সক্রফট ১৫, টিকনার ১২, লেনক্স ০, রুর্ক ৬)

২১ রানে দুই উইকেট পড়ার পর অনায়াসে খেলছেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৩ বলে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন তানজিদ। তাও আবার সেটা করেছেন ছক্কা মেরে।

তানজিদের আগ্রাসী ব্যাটিং, পঞ্চাশ পার বাংলাদেশের

২১ রানে ২ উইকেট পড়ার পর আগ্রাসী ব্যাটিংয়ে রানের চাকা সচল করেছেন ওপেনার তানজিদ হাসান। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে সপ্তম ওভারেই ২ উইকটে ৫১ রান তুলে ফেলেছে বাংলাদেশ। এই সময় ১৯ বলে ২৫ রান তুলেছেন তানজিদ। সঙ্গী শান্ত অবশ্য সতর্ক থেকে খেলছেন।

সাইফের পর দ্রুত ফিরলেন সৌম্যও

১৯৯ রানের লক্ষ্যে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। ২১ রানের মধ্যে হারিয়েছে দুই উইকেট। প্রথম ওভারেই নাথান স্মিথের শেষ ডেলিভারিতে বোল্ড হন হাত খোলার চেষ্টায় থাকা ওপেনার সাইফ হাসান (৮)। তার পর একইভাবে আগ্রাসী হওয়ার চেষ্টায় ছিলেন সৌম্য সরকারও। কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে ও’রুর্কের বলে আপার কাট করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে আউট হন ৮ রানে।

১৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দারুণ বোলিংয়ে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। সিরিজে ফিরতে বাংলাদেশের সামনে লক্ষ্য এখন ১৯৯ রান।

বল হাতে মূল সর্বনাশটা করেছেন পেসার নাহিদ রানা। ৩২ রানে এক মেডেনে ৫ উইকেট নিয়েছেন তিনি। দুটি ৩২ রানে দুটি নিয়েছেন শরিফুল ইসলাম। তিনিও একটি মেডেন দিয়েছেন। একটি করে নিয়েছেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

রানা তিনবার ওভারের প্রথম বলেই উইকেট তুলে নিউজিল্যান্ডের ইনিংসে প্রভাব ফেলেন। শুরুতে প্রথম পাওয়ারপ্লেতে নেন দুটি উইকেট, এরপর ২৯তম ওভারে আরেকটি। শেষদিকে তৃতীয় পাওয়ারপ্লেতে আরও দুটি উইকেট শিকার করে ইনিংস শেষ করেন।

ফিল্ডিংয়েও দারুণ পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। একাধিক সিঙ্গেল বাঁচানোর পাশাপাশি ডিপে কয়েকটি নিশ্চিত চার ঠেকিয়ে কিউইদের রান আটকেছে তারা। উইকেটকিপার লিটন দাস নেন দুটি চমৎকার ক্যাচ, আর তাওহীদ হৃদয় নেন তিনটি! যার মধ্যে ৪৯তম ওভারে লং-অনে ডাইভ দিয়ে নেওয়া ক্যাচটি ছিল নিউজিল্যান্ডের শেষ উইকেট।

ব্যাট হাতে একার লড়াইটা করেছেন ওপেনার নিক কেলি। ১০২ বলে ৮৩ রান করেছেন তিনি। বাকিরা সেভাবে বাংলাদেশের বোলিংয়ে দাঁড়াতেই পারেনি।

নাহিদের পঞ্চম শিকার লেনক্স

শুরু থেকে নাহিদ রানার পেস বিপদে ফেলেছে কিউইদের। শেষটাতে এসেও তার ব্যতিক্রম হয়নি। ৪৬তম ওভারে তার পঞ্চম শিকার হয়েছেন জেইডেন লেনক্স। নতুন ব্যাটারকে একেবারে বোল্ড করেছেন তিনি। নিউজিল্যান্ড নবম উইকেট হারায় ১৮৩ রানে। ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট পেলেন নাহিদ।

শরিফুলের আঘাতে পড়লো কিউইদের অষ্টম উইকেট

উইকেট পড়তে থাকায় রান বাড়িয়ে নেওয়ার তাড়া দেখা যায় ব্লেয়ার টিকনারের। কিন্তু তাতে সফল হতে পারেননি। ৪৪.৫ ওভারে শরিফুলের বলে মেরে খেলতে গেলে ক্যাচ দিয়ে ফিরেছেন ১২ রানে। তাতে ১৮২ রানে অষ্টম উইকেট পড়েছে সফরকারীদের।

নাহিদ রানার চতুর্থ শিকার ফক্সক্রফট

দিনে টানা তৃতীয়বার প্রথম বলে আঘাত হেনে উইকেট নিলেন নাহিদ রানা। তাতে অবশ্য মোট চতুর্থবার উইকেটের দেখা পেয়েছেন তিনি। শেষ দিকে এসে ৪৩তম ওভারে তার শিকার হয়েছেন ডিন ফক্সক্রফট। পুল করতে গিয়ে ১৫ রানে হৃদয়ের হাতে ধরা পড়েছেন কিউই ব্যাটার। তাতে ১৬৪ রানে সপ্তম উইকেট হারিয়েছে নিউজিল্যান্ডের।

কেলির আউটের পর ক্লার্কসনকে ফেরালেন রিশাদ

সতীর্থরা ব্যর্থ হলেও শুরু থেকে প্রান্ত আগলে নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছিলেন ওপেনার নিক কেলি। ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়েছিলেন। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকেও। ৩৭তম ওভারে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ানো কেলিকে থামিয়েছেন শরিফুল ইসলাম। তাকে হৃদয়ের ক্যাচ বানান তিনি। কেলি আউট হন ৮৩ রানে। তার বিদায়ে ১৪৫ রানে পড়েছে পঞ্চম উইকেট। পাশাপাশি ভেঙেছে ফক্সক্রফটের সঙ্গে কেলির ৩৭ রানের জুটি।

পরের ওভারে নতুন নামা ক্লার্কসন রিশাদের বলে চার মারলেও থিতু হতে পারেননি। রিশাদের ঘূর্ণিতে ৬ রানে থেমেছেন কিউই ব্যাটার। মেহেদী হাসান মিরাজকে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন ৬ রানে। যার ফলে টানা দ্বিতীয় ওভারে আরও একটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

আব্বাসকে ফিরিয়ে জুটি ভাঙলেন রানা

তৃতীয় উইকেট পতনের পর চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। সেখান থেকে দলকে ভালোই সামাল দিচ্ছিলেন নিক কেলি ও মোহাম্মদ আব্বাস। তাদের জুটিতেই স্কোর একশ ছাড়িয়েছে। চতুর্থ উইকেটে ৫৬ রান যোগ করেন তারা। ২৯তম ওভারে আবারও আক্রমণে এসে এই জুটি ভেঙে তৃতীয় উইকেট তুলে নিয়েছেন নাহিদ রানা। তার বাউন্সারে পুল করতে গিয়ে লিটনের গ্লাভসে ক্যাচ দিয়েছেন মোহাম্মদ আব্বাস। ফেরার আগে ৩৪ বলে ১৯ রান করেছেন তিনি।

কেলির ফিফটিতে একশ ছাড়িয়েছে নিউজিল্যান্ড

৫২ রানে তৃতীয় উইকেট পতনের পর জুটি গড়েছেন নিক কেলি ও মোহাম্মদ আব্বাস। পঞ্চাশ ছাড়িয়েছে এই জুটি। যার মূল দায়িত্বটা সামলাচ্ছেন কেলি। ৬৬ বলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। তাদের জুটিতে ভর করে ২৭ ওভারে একশ ছাড়িয়েছে নিউজিল্যান্ড।

ল্যাথামকে ফেরালেন সৌম্য

কিউইদের রানই নিতে দেয়নি বাংলাদেশ। ২৮ রানে দুই উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন ল্যাথাম ও কেলি। ২৪ রান যোগ করেন তারা। ১৮তম ওভারে দলীয় ফিফটির পরই সৌম্য সরকারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক ল্যাথাম (১৪)। ৫২ রানে তৃতীয় উইকেটের পতনে আরও চাপে পড়েছে সফরকারী দল।

টানা দ্বিতীয় ওভারে নাহিদের আঘাত

অষ্টম ওভারের পর দশম ওভারে আবারও আঘাত হেনেছেন নাহিদ রানা। এবারও উইকেট নেন প্রথম বলে। তার গতি আর বাউন্সের কাছে পুরোপুরি পরাস্ত হন নতুন ব্যাটার উইল ইয়াং। বলটা সামলাতে পারেননি। ব্যাটে স্পর্শ করে চলে যায় সৌম্য সরকারের হাতে। ইয়াং বিদায় নেন ২ রানে। নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় উইকেট হারায় ২৮ রানে।

আক্রমণে এসেই নাহিদের উইকেট

টস জিতে ব্যাট করতে নামলেও কিউইদের দুই ওপেনারকে সহজে রান দেননি পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। নিখুঁত লাইন লেংথে বল করে সফরকারী ব্যাটারদের হতাশ করেছেন। তাতে ৭ ওভারে স্কোর ছিল বিনা উইকেটে ২৫। অষ্টম ওভারে প্রথম আক্রমণে এসে ব্রেক থ্রু এনে দেন পেসার নাহিদ রানা। ওপেনার হেনরি নিকোলসকে প্রথম বলেই এলবিডাব্লিউতে ফেরান তিনি। নিকোলস ২৬ বলে সাজঘরে ফিরেছেন ১৩ রানে। নিউজিল্যান্ড প্রথম উইকেট হারায় ২৫ রানে।

আবারও টস হেরেছে বাংলাদেশ, একাদশে সৌম্য

প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের। টস জিতে আবারও ব্যাটিং নিয়েছে নিউজিল্যান্ড। তার মানে এই গরমে আবারও ফিল্ডিং করতে হবে স্বাগতিক বাংলাদেশকে। ম্যাচ যথারীতি শুরু হচ্ছে সকাল ১১টায়। দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

প্রথম ম্যাচ বাংলাদেশ ২৬ রানে হেরেছে। তাই এই সিরিজ বাঁচাতে এই ম্যাচ জিততে মরিয়া স্বাগতিকরা। তার ওপর এই ম্যাচটা আবার লিটন দাসের শততম ওয়ানডে।

প্রথম ওয়ানডেতে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিংটা খুবই বাজে করেছে বাংলাদেশ। ৩৭ রানে হারিয়েছে শেষ ৬ উইকেট। গুটিয়ে যায় ২২১ রানে। এই ম্যাচে ব্যাটিংয়ে ভালো করার বিকল্প নেই।

একাদশে কারা

গত ম্যাচ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন আফিফ হোসেন, তার জায়গায় এসেছেন সৌম্য সরকার। নিউজিল্যান্ড অবশ্য অপরিবর্তিত দল নিয়ে খেলছে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ:
উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইলিয়াম ও’রুর্ক ও জেইডেন লেনক্স।

সাতক্ষীরা বিজিবির অভিযানে ১৫০ বোতল মাদকসহ এক নারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
সাতক্ষীরা বিজিবির অভিযানে ১৫০ বোতল মাদকসহ এক নারী আটক

পত্রদূত রিপোর্ট: সোমবার (২০ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, ভোমরা ও হিজলদী বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ জন আসামীসহ ভারতীয় মদ এবং উইং কোরেক্স সিরাপ, ইমিটেশনের গহনা, পাতার বিড়ি, ব্যাগ, ত্রিুম, শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি আভিযানে কলারোয়া থানার কেরাগাছি ও ভাদিয়ালী হতে ১১ লাখ ৭৩ হাজার টাকর ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী হতে ৫৮ হাজার ৮০০ টাকার ভারতীয় ইমিটেশনের গহনা আটক করে। হিজলদী বিওপির আভিযানে কলারোয়া থানার শিশুতলা হতে ১০ হাজার ৮৪৪ টাকার ভারতীয় পাতার বিড়ি, ব্যাগ ও ক্রিম আটক করে ।

এছাড়াও, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখ ভোমরা বিওপির পৃথক দুইটি আভিযানে সাতক্ষীরা সদর থানার গাজীপাড়া ও বাঁশকল চেকপোস্ট হতে ১ জন আসামীসহ ১ বোতল ভারতীয় মদ এবং ১৪৯ বোতল ভারতীয় উইং কোরেক্স সিরাপ আটক করে। আটককৃত নুরুন্নাহার (৩০) সাতক্ষীরা সদর থানার ভোমরা গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী। তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
আটক পন্যের সর্বমোট মূল্য ১২ লাখ ০৩ হাজার ৭৪৪ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের অভিযোগে বিএনপির অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের অভিযোগে বিএনপির অঙ্গ সংগঠনের সংবাদ সম্মেলন

Oplus_16908288

আশাশুনি ব্যুরো: আশাশুনি সদরে খাল দখলের অপপ্রচারে দলীয় ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে বিএনপি’র অঙ্গ সংগঠন সংবাদ সম্মেলন করেছে।

সোমবার দুপুর ২টায় আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জানান, আশাশুনি সদরের হাড়িয়া নদী জলমহল, সলুয়া নদী জলমহল ও হাঁসখালী খাল ইজারা প্রদান করা হয়।

 

আমাদের জানামতে ১৪৩১ সনের ইজারার বকেয়া ৩৬ হাজার ২৫০ টাকা পরিশোধ না করেও নাটানা মৎস্যজীবি সমবায় সমিতির নামে ১৪৩২, ১৪৩৩, ১৪৩৪ সনের জন্য অবৈধভাবে ও অনিয়মতান্ত্রিক ভাবে ইজারা প্রদান করা হয়। ইজারা গ্রহিতারা সরকারি নিয়ম নীতির তুয়াক্কা না করে ৭০টির মত খন্ডে বিভক্ত করে সাবলীজ দিয়ে নেটপাটা দ্বারা আটকে পয়ঃনিস্কাশনে প্রতিবন্ধকতা ও জলাবদ্ধতা সৃষ্টি করে আসছে। ফলে এলাকার ২/৩ হাজার বিঘা জমি, গ্রামের ঘরবাড়ি ও ফসল জলমগ্ন হয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হুমকীগ্রস্ত করে তুলে।

 

ইজারা বাতিল ও জলাবদ্ধতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে ২ মাস আগে এলাকাবাসী উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন। গত ১৬ এপ্রিল স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ ক্ষিপ্ত হয়ে হাড়িয়া নদী জলমহল, সলুয়া নদী জলমহল ও হাঁসখালী খালের নেট-পাটা কেটে উন্মুক্ত করে এলাকার জলাবদ্ধতা নিরসনে এগিয়ে যায় বলে আমরা জেনেছি। তাদের কাজের সাথে আমাদের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।

 

বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপি থেকে বহিষ্কৃত কতিপয় ব্যক্তি দলের ভাবমূর্তি নষ্ট করতে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা শ্রমিক দল সভাপতি নূরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমানকে জড়িয়ে বিএনপির রাজ পথের নেতৃবৃন্দের বিরুদ্ধে সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে বিভিন্নভাবে অপপ্রচার করে যাচ্ছে।

 

জলাবদ্ধতার শিকার স্থানীয় জনসাধারণের বিপক্ষে অবস্থান নিয়ে তারা যেমন সমাজ বিরোধী কর্মকান্ডে লিপ্ত হয়েছেন, ঠিক তেমনি সরকারী দলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে। আমরা অপপ্রচার রোধে সাংবাদিকদের হস্তক্ষেপ কামনা করছি।

 

এব্যাপারে জেলা ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি। এসময় উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিব, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ও কথা বলেন।